বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:০৬ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি ২৪ বছরেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে রয়েছেন, স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করেছেন। যদিও ব্যক্তিগত কারণে এই আবেদন করা হয়েছে, তবে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি শিক্ষকতার পেশা ত্যাগ করছেন।
চাকরি ছাড়ার আবেদনকারী মো. সিরাজ উদ্দিন মাসুম, বর্তমানে দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন 'রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের' প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি গত ১০ নভেম্বর ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ‘স্বেচ্ছায় অবসর (পি.আর.এল গমন ব্যতীত) গ্রহণের অনুমতির আবেদন’পত্র পাঠিয়েছেন।
আবেদনে মো. সিরাজ উদ্দিন মাসুম উল্লেখ করেছেন যে, পারিবারিক এবং ব্যক্তিগত কারণে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে চান। ১৯৭৩ সালের ১৫ জুন জন্মগ্রহণকারী এই শিক্ষক ১৯৯৯ সালের ২০ জুন চাকরিতে যোগদান করেন। চাকরির মেয়াদ ২৪ বছর ৭ মাসেরও বেশি হওয়ায় তিনি সরকারি বিধি অনুযায়ী অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ না করেই স্বেচ্ছায় অবসরের অনুমতি চেয়েছেন। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে এটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ শিক্ষকতার পেশা ছেড়ে রাজনীতিতে আসাকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ শিক্ষক পেশার মর্যাদা নিয়ে সমালোচনা করেছেন।
আসন্ন নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন সম্পর্কে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুমের সাথে কথা হলে তিনি জানান, পারিবারিক কারণ, ব্যবসা-বাণিজ্য এবং এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি উল্লেখ করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জন্য আইনগত কোনো বাধা নেই।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আমরা প্রধান শিক্ষকের স্বেচ্ছায় অবসরের আবেদনটি পেয়েছি। নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।” জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তর থেকে অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন।
উল্লেখ্য, তিনি পূর্বে তার স্কুল বেসরকারি থাকাকালীন ওই এলাকা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তার চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। তার এলাকার ফেসবুক ব্যবহারকারীরা, তার ছবি পোস্ট করে নেতিবাচক মন্তব্য করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আশাশুনি উপজেলায় চাষীরা রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষকরা সরিষা চাষ করে তাদের সাংসারিক প্রয়োজন মিটিয়ে বিক্রয়ের মাধ্যমে লাভবান হচ্ছে, ফলে দিন দিন সরিষা চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
উপজেলায় বর্তমানে আমন মৌসুম শেষ পর্যায়ে রয়েছে, এবং কৃষকরা ধান কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এবছর ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে, এবং ফসল উৎপাদনও সন্তোষজনক হয়েছে। ধান কাটা শুরু হওয়ায় ইতিমধ্যে ২৩% ধান কর্তন সম্পন্ন হয়েছে। ফসল কাটার পূর্বেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আমন আবাদকৃত জমিতে রিলে ক্রপ হিসেবে আমন কর্তনের ৭ থেকে ১০ দিনের মধ্যে ক্ষেতে সরিষা বীজ বপনের জন্য চাষিদের পরামর্শ দিচ্ছেন। এছাড়া, প্রত্যেক ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তি সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সঠিক সহযোগিতায় কৃষকরা চাষ ও রিলে ক্রপ সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। গত বছর ৫১০ হেক্টর জমিতে চাষ ও রিলে ক্রপ সরিষা চাষ করা হয়েছিল, এবছর ১০০ হেক্টর বৃদ্ধি পেয়ে ৬১০ হেক্টর জমিতে চাষ ও রিলে ক্রপ সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগ্রহী কিছু চাষীদের চাষ সহায়তা প্রদান করা হয়েছে। আগ্রহী চাষীদের তালিকা চলমান রয়েছে, এবং সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে তারা সচেষ্ট রয়েছে। চাষাবাদ ফলপ্রসু হলে এবছর প্রতি হেক্টরে ২.২০ মে.টন করে সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা জানিয়েছেন, সরকার বিভিন্ন প্রকল্প এবং প্রণোদনার মাধ্যমে তেল জাতীয় ফসলের উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বীজ এবং সারের সহায়তা প্রদান করছে। সঠিক কৃষক নির্বাচনের মাধ্যমে রিলে ফসল এবং যেখানে চাষের মাধ্যমে সরিষা উৎপাদন সম্ভব, সেখানে সরিষা উৎপাদনের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও জানান, গত বছরের তুলনায় আশাশুনিতে এবছর ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ বৃদ্ধি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, চিলমারী নদীবন্দরের আধুনিকায়ন এবং ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, এ বিষয়ে বক্তারা মন্তব্য করেছেন। তাঁরা উল্লেখ করেছেন, বাজেটে জেলার জন্য বরাদ্দ ও ব্যয়ের স্বচ্ছ হিসাব জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার(১২নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের দাশেরহাটে ইএসডিও'র সভাকক্ষে প্রথম আলোর আয়োজনে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা: কুড়িগ্রাম প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বৈঠকে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কারণে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনুরূপভাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে কাজে লাগিয়ে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ অন্যান্য খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
চিলমারী নদীবন্দরের আধুনিকায়নের কাজ চলমান রয়েছে উল্লেখ করে অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, এই বন্দরকে কেন্দ্র করেও কর্মসংস্থানের নতুন ক্ষেত্ৰ তৈরি হবে। পাশাপাশি ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালু হলে জেলার অর্থনীতিতে গতি আসবে। এ ছাড়া চিলমারীতে একটি মহিষ প্রজনন কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
গোলটেবিল বৈঠকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রাম এর সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আদলে একটি পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান। তিনি বলেন, চরের মানুষ জাতীয় বাজেটের সঙ্গে পরিচিত নন। জেলাভিত্তিক কী পরিমাণ বাজেট আসে এবং তা কোন কোন খাতে ব্যয় হয়, তার স্পষ্ট হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তুলে ধরতে হবে। গত অর্থবছরে জেলার জন্য মোট কত টাকা বরাদ্দ ছিল এবং কত টাকা ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ বিবরণ জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি। প্রয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে আরেকটি সংলাপ আয়োজনের মাধ্যমে জেলাবাসীকে এসব তথ্য জানানোর আহ্বান জানান বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ফিরোজ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নারী নেত্রী রওশন আরা বেগম, প্রতিমা চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক খায়রুল আনম, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুই কূটনীতিকের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আলোচনা করা বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বাংলানিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুন মাসে ঢাকায় আসেন।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই কূটনীতিকের এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত এবং সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাগরদাঁড়ি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের দোকানের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহরাব হোসেন, জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত এবং সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর অপসনের দাবি জানান। এ সময় দোকানের মালিকগণ ও এলাকার শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালীন ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, ইনস্টিটিউশনের ৭৪ টি ঘরের মধ্যে ১৮ টি দোকান তালাবদ্ধ করে রাখা হয়েছে। বর্তমান সভাপতির স্বামী প্রত্যেক দোকানদার থেকে ১ লাখ টাকা দাবি করছেন, যার মধ্যে ৫ টি দোকান তার কথায় মেনে নেয়ায় খুলে দেওয়া হয়েছে। বাকিরা মাসের টাকা পরিশোধ করলেও স্বেচ্ছাচারী মনোভাবের কারণে ব্যবসায়ীরা পথে পথে ঘুরছেন।
ছবি-ইমেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ