প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার চরফ্যাশন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যিনি ২৪ বছরেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে রয়েছেন, স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করেছেন। যদিও ব্যক্তিগত কারণে এই আবেদন করা হয়েছে, তবে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি শিক্ষকতার পেশা ত্যাগ করছেন।
চাকরি ছাড়ার আবেদনকারী মো. সিরাজ উদ্দিন মাসুম, বর্তমানে দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন 'রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের' প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি গত ১০ নভেম্বর ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ‘স্বেচ্ছায় অবসর (পি.আর.এল গমন ব্যতীত) গ্রহণের অনুমতির আবেদন’পত্র পাঠিয়েছেন।
আবেদনে মো. সিরাজ উদ্দিন মাসুম উল্লেখ করেছেন যে, পারিবারিক এবং ব্যক্তিগত কারণে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে চান। ১৯৭৩ সালের ১৫ জুন জন্মগ্রহণকারী এই শিক্ষক ১৯৯৯ সালের ২০ জুন চাকরিতে যোগদান করেন। চাকরির মেয়াদ ২৪ বছর ৭ মাসেরও বেশি হওয়ায় তিনি সরকারি বিধি অনুযায়ী অবসরোত্তর ছুটি (পি.আর.এল) ভোগ না করেই স্বেচ্ছায় অবসরের অনুমতি চেয়েছেন। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে এটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রধান শিক্ষকের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ শিক্ষকতার পেশা ছেড়ে রাজনীতিতে আসাকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ শিক্ষক পেশার মর্যাদা নিয়ে সমালোচনা করেছেন।
আসন্ন নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন সম্পর্কে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুমের সাথে কথা হলে তিনি জানান, পারিবারিক কারণ, ব্যবসা-বাণিজ্য এবং এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি উল্লেখ করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের জন্য আইনগত কোনো বাধা নেই।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আমরা প্রধান শিক্ষকের স্বেচ্ছায় অবসরের আবেদনটি পেয়েছি। নিয়ম অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।” জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তর থেকে অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন।
উল্লেখ্য, তিনি পূর্বে তার স্কুল বেসরকারি থাকাকালীন ওই এলাকা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তার চেয়ারম্যান থাকার সময় বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। তার এলাকার ফেসবুক ব্যবহারকারীরা, তার ছবি পোস্ট করে নেতিবাচক মন্তব্য করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন