০৯:১১ পি.এম
সিরাজগঞ্জ সদরে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ শাহাদত হোসেন (৩৮) নামের ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে। রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শাহাদত হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের শাহজাহান আলীর পুত্র। তিনি খোকশাবাড়ি গ্রামের শ্বশুরবাড়িতে পরিবারসহ বসবাস করতেন।
স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং মুঠোফোনও বন্ধ ছিল। শনিবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। রবিবার বিকেলে বলিদহ এলাকার একটি ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন, পরে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফেনীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ ৪ জন গ্রেপ্তার
সদর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহাদতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রেক্ষিতে স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম শুরু করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন