০৯:২৮ পি.এম
পাবনার কৃষি সমৃদ্ধ অঞ্চলে নকল দুধের উৎপাদন এবং চায়না দুয়ারী জালের ব্যবহার রোধ করা যাচ্ছে না। জেলার নদী, খাল ও বিলগুলোতে চায়না জালের ব্যাপক ব্যবহার দেশীয় মাছের বিলুপ্তির আশঙ্কা তৈরি করেছে, পাশাপাশি দুধে রাসায়নিক মেশানোর ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাবনা সদরসহ সকল উপজেলায় এই দুই ভয়াবহ কার্যকলাপের বিস্তার ঘটেছে। উৎকৃষ্ট দুধের রাজধানী হিসেবে পরিচিত চলনবিল অঞ্চলের ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর ও বেড়া সাঁথিয়াতে রাসায়নিক মিশ্রিত নকল দুধ উৎপাদিত হচ্ছে। এই তিন উপজেলায় প্রতিদিন প্রায় সাড়ে ৪ লাখ লিটার দুধ উৎপাদিত হয়। হাজারো খামারি দিন-রাত পরিশ্রম করে এই দুধ উৎপাদন করলেও নকল দুধের কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভোক্তাদের স্বাস্থ্যকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে।
পাবনার ভাঙ্গুড়ায় গত ৩০ অক্টোবর বিষাক্ত কেমিক্যাল, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরির দায়ে একটি কারখানার মালিক ও কর্মচারীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে, ১০ অক্টোবর ফরিদপুর উপজেলায় দুধে হাইড্রোজেন পার-অক্সাইড এবং জেলি ও ভোজ্যতেল ব্যবহার করে নকল দুধ তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, চলতি বছর নকল দুধ ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে তিন উপজেলায় মোট ৫৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পাবনার চলনবিল এলাকার স্থানীয় দুগ্ধ উৎপাদনকারী খামারি আয়নুল হক ইনকিলাবকে জানান, "অবৈধভাবে টাকা উপার্জনের লোভে মানুষ নকল দুধ তৈরির মত ভয়ংকর অপরাধ করছে। কঠোর শাস্তির পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ তৈরি করতে হবে।"
আরও পড়ুন: টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, ৩ জন আটক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি জানান, নকল দুধ উৎপাদনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি, মানুষের বিবেক জাগ্রত করতে উৎকৃষ্ট দুধের রাজধানী খ্যাত চলনবিল অঞ্চলের মসজিদগুলোতে জুমার নামাযে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। তিনি ইনকিলাবকে বলেন, "নকল দুধ তৈরির কারখানায় নিয়মিত অভিযান চালাচ্ছি। জেল জরিমানা সহ আইনানুগ ও সামাজিক সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে, আমাদের লোকবল সংকট রয়েছে।"
নকল দুধের মতো জেলার খাল-বিল, নদী ও জলাশয়ে চায়না দুয়ারী জালের ব্যবহারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই জালের সূক্ষ্ম সুতা জলাশয় থেকে ছোট মাছ, ডিম, রেণু পোনা নির্বিচারে তুলে নিচ্ছে সুবিধাবাদীরা। শামুক, ঝিনুক, কাঁকড়া, কাছিম, সাপ, ব্যাঙসহ জলজ প্রাণী ও কীটপতঙ্গও এই জালের ফাঁদে পড়ে যাচ্ছে। পাবনার পদ্মা, যমুনা, বড়াল, চলনবিল, গাজনার বিল, ডিকশির বিল, হাদল বিল, খাল, পুকুর, মুক্ত জলাশয়, পানিতে ডোবা খোলা জায়গা সর্বত্র এই জালের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই জালের কারণে মাছে ভাতে বাঙালির পাত থেকে দেশীয় মাছ চিরতরে হারিয়ে যেতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, পাবনা সদর ও বিভিন্ন উপজেলায় ঘরে ঘরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল তৈরি হচ্ছে।
পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ইনকিলাবকে জানান, "পাবনার খাল-বিল জলাশয়ে চায়না দুয়ারী জালের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খাল-বিলে দেশীয় মাছের জন্য এটি হুমকির কারণ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে লোকবল সংকটের কথা জানান তিনি।"
নকল দুধ উৎপাদন ও চায়না দুয়ারী জালের ব্যবহার রোধে প্রচলিত আইনে শাস্তির বিধান বাড়ানো এবং সামাজিক সচেতনতার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। তিনি জানান, "নকল দুধ উৎপাদন ও চায়না দুয়ারী জালের বিস্তার রোধে আরো কঠোর শাস্তির ব্যাপারে ভাবা হচ্ছে। পাশাপাশি সামাজিকভাবে জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে।"
আরও পড়ুন: জ্বালানি খাতে সব ধরনের উদ্যোগের কথা বললেন মন্ত্রী ইকবাল মাহমুদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন