বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৯ এম
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে এক ইসরাইলি নাগরিকের ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আলেক্সান্ডার গ্রানোভস্কি নামে ওই ব্যক্তির বয়স ৩০-এর কোঠায়। ২০২৪ সালে তাকে গ্রেফতার করা হয়।
পরে আদালতে প্রমাণিত হয়, তিনি একজন ইরানি এজেন্টের হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কাজ করতেন এবং এর বিনিময়ে ডিজিটাল মাধ্যমে হাজার হাজার ডলার নিতেন।
ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গ্রানোভস্কি টেলিগ্রামের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি ইসরাইলের সাবেক জেনারেল ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্টজের বাসার আশপাশের এলাকার ছবি পাঠিয়েছিলেন।
অভিযোগপত্র অনুযায়ী, গ্রানোভস্কি নয়টি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন স্থানে দেয়ালে গ্রাফিতি আঁকেন। পাশাপাশি, সহিংস কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদেরও নিয়োগের চেষ্টা করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আদালতের রায়ে এসব কর্মকাণ্ডের জন্য তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তীব্র গরমে শরীর ও মন অতিষ্ট হওয়ার পাশাপাশি যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয়, তা হলো পেটের গোলমাল। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে। ফলে গ্যাস, অম্বল বা ডায়রিয়ার মতো সমস্যা ঘরে ঘরে দেখা যায়। এই সময়ে সুস্থ থাকতে এবং শরীরকে ভেতর থেকে শীতল রাখতে সঠিক খাদ্যভ্যাস বেছে নেওয়ার কোনো বিকল্প নেই। কিছু সহজলভ্য ও প্রাকৃতিক খাবার নিয়মিত খেলে পেটের অতিরিক্ত তাপ কমে এবং হজমশক্তি ঠিক থাকে। চলুন জেনে নিই গরমে পেট ঠান্ডা রাখতে কী কী খাবেন —
১. গরমে সবচেয়ে কার্যকর পানীয় হল ডাবের পানি। এতে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট সমৃদ্ধ তরল; যা আমাদের শরীরে ডিহাইড্রেশন প্রতিরোধ করে। তাই অতিরিক্ত গরমে পেট খারাপ হলে চেষ্টা করবেন ডাবের পানি পান করার জন্য।
২. টক দই খাওয়া যেতে পারে। কারণ, টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক নামের উপকারী ব্যাকটেরিয়া। এটি অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। প্রতিদিন ১-২ কাপ চিনি ছাড়া টক দই খান।
৩. এই সময়ে খাদ্যতালিকায় তরমুজ, শসা, বেল এবং বাঙির মতো ফল বেশি রাখা জরুরি। এগুলোতে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার থাকে; যা কোষ্ঠকাঠিন্য দূর করে। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য ও পেটের ভেতরের জ্বালাপোড়া কমাতে যুগান্তকারী ভূমিকা রাখে।
৪. গরমে অতিরিক্ত তেল-মসলাযুক্ত ও গুরুপাক খাবার এড়িয়ে চলা উচিত। এর বদলে লাউ, ঝিঙে বা পটলের মতো হালকা সবজির ঝোল এবং নরম ভাত খাওয়া ভালো। এছাড়া গ্রামীণ ঐতিহ্যবাহী পান্তা ভাত শরীর ও পেট ঠান্ডা রাখতে ভীষণ উপকারী।
৫. জিরায় প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা পেট খারাপ ভালো করতে সাহায্য করতে পারে। এজন্য শুকনো একটি প্যানে এক চা চামচ জিরা ভাজুন এবং গুঁড়ো করে নিন। এক কাপ পানিতে ওই পাউডার মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার পান করুন।
৬. আদার প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে; যা পরিপাকতন্ত্রকে প্রশমিত করতে এবং পেট খারাপ কমাতে সাহায্য করতে পারে। আদা চা তৈরি কীভাবে করবেন-
এক কাপ গরম পানিতে কয়েক টুকরো তাজা আদা দিয়ে দিন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন। তারপর স্বাদমতো মধু যোগ করুন এবং প্রতিদিন ২-৩ কাপ পান করুন।
বিশেষজ্ঞদের মতে, গরমের সময় ক্যাফেইনযুক্ত এবং অ্যালকোহলযুক্ত পানীয় এড়ানো উচিত। কারণ, এগুলো ডিহাইড্রেশন বাড়ায়। পাশাপাশি একটি সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে ভুলবেন না। এর পাশাপাশি খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সঠিক স্বাস্থ্যবিধি অনুসরণ করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৬১টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপরাধ বিরোধী নিয়মিত এই অভিযানে পুলিশের বিভিন্ন বিভাগ যৌথভাবে অংশ নেয়; যার মধ্যে মিরপুর বিভাগ সর্বাধিক ১৫২ জন এবং ওয়ারী বিভাগ ৮৬ জনকে গ্রেফতার করে। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, গুলশান বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা। উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ফেনসিডিল।
এ ছাড়া অপরাধীদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ম্যাগাজিনসহ একটি খেলনা পিস্তল, ১৪টি মোবাইল ফোন, একটি ফয়েল পেপার ও নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে অপহৃত বা আটকে রাখা তিন জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি তার বাবার মৃত্যুর সংবাদটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানান।
সামাজিক মাধ্যমে মৌসুমী আক্তার সালমা লিখেছেন— ‘আমার আব্বা আর নেই।’
ফজলুল হকের আকস্মিক মৃত্যুর ফলে তার পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে, তার মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
বর্তমানে এই সংগীতশিল্পী নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। রোহান রাজের বহুল আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া এ গানটির শুটিং সম্পন্ন হয়েছে এবং আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে গায়িকা সালমার। এ গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। এর পাশাপাশি, সংগীতাঙ্গনের দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের নিকটবর্তী একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা ৭৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনও ৮ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলু কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিজিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, এমভি জুন অ্যাস্টার নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম ছিল, তবে পরে যাচাই করে দেখা যায় যে, চারজন যাত্রী জাহাজে উঠেননি।
পিজিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের সংখ্যা ৪৩ জন।
পিজিজি আরও জানায়, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
এমভি জুন অ্যাস্টার গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ