বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
১২:৫৩ পি.এম
মেগাস্টার চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘কাকা’তে যোগদান করেছেন বলিউডের পরিচালক ও অভিনেতা অনুরাগ কশ্যপ। বর্তমানে ভারতের হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছে। অনুরাগ অন্যান্য অভিনয়শিল্পীদের সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন।
সোমবার সিনেমাটির নির্মাতারা জানালেন যে, অনুরাগ কশ্যপ শুটিংয়ে যোগ দিয়েছেন। এ সময় প্রকাশিত একটি ছবিতে পরিচালক ববি কোল্লিকে অনুরাগকে একটি দৃশ্য বুঝিয়ে দিতে দেখা যায়। তিনি মনোযোগ দিয়ে পরিচালকের কথা শুনছিলেন।
‘কাকা’ সিনেমাটি অ্যাকশননির্ভর হলেও এতে আবেগ ও পারিবারিক গল্পও অন্তর্ভুক্ত থাকবে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রের গল্প ও পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জীবী জানিয়েছেন, সিনেমায় তার চরিত্রের নাম কাদিরি কালিদাস। এর আগে গত ৭ সেপ্টেম্বর সিনেমাটির নতুন শিডিউলের শুটিং শুরু হয়।
কয়েক দিন আগে সিনেমাটির নাম ঘোষণা করে টাইটেল টিজার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস। টিজারে চিরঞ্জীবীকে ‘আম্মাজি অ্যাকোয়া ইন্ডাস্ট্রিজ’ নামের একটি চিংড়ি খামারে কাজ করতে দেখা যায়। সেখানে তার চরিত্রের নাম সত্যম এবং তিনি সুপারভাইজার হিসেবে কাজ করেন।
টিজারের একটি দৃশ্যে দেখা যায়, এক কর্মী চিরঞ্জীবীর চরিত্রের কাছে একটি চাবি ফেরত দিতে গিয়ে সেটি চিংড়ির পানির পুকুরে ফেলে দেন। পরে একটি বড় ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে চাবিটি তুলে আনেন সত্যম। তবে চাবির সঙ্গে উঠে আসে বেশ কিছু অস্ত্রও। চাবিটির কী-চেইনে লেখা ছিল ‘আই লাভ ড্যাড’।
নির্মাতাদের সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রথমার্ধের শেষ দিকে একটি বড় অ্যাকশন দৃশ্য রয়েছে। সম্প্রতি সেই দৃশ্যের শুটিং শেষ হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দ্বিতীয়ার্ধে যাওয়ার আগে এই অ্যাকশন দৃশ্যটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
সিনেমাটিতে অনাস্বরা রাজন ও নিভেথা পেথুরাজও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আগামী বছরের ১৩ জানুয়ারি সংক্রান্তি উপলক্ষে ‘কাকা’ মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
চিরঞ্জীবী ও পরিচালক ববি কোল্লির এটি দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন হলিউডের তারকা বেন অ্যাফ্লেক। তবে এবার তিনি সংবাদ শিরোনামে এসেছেন তার দুই প্রাক্তন স্ত্রী—জেনিফার গার্নার এবং জেনিফার লোপেজের প্রশংসা করে। ৫৪ বছর বয়সী এই অভিনেতা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানান, অতীত যাই হোক, দুই প্রাক্তনের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।
‘ভ্যারাইটি’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রযোজনা সংস্থা ‘আর্টিস্টস ইকুইটি’ নিয়ে আলোচনা করছিলেন বেন অ্যাফ্লেক। আলোচনার এক পর্যায়ে উঠে আসে তারকাদের নিজস্ব ‘ব্র্যান্ড’ গড়ে তোলার বিষয়টি।
অ্যাফ্লেক বলেন, “আজকাল শিল্পীদের শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকলেই চলে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব ব্র্যান্ড ও পরিচয় গড়ে তুলতে হয়। আমি জেনিফার লোপেজ ও জেনিফার গার্নার—দুজনকেই এই জায়গায় অসাধারণ কাজ করতে দেখেছি। তারা যেভাবে নিজেদের মূল্য ও অবস্থান তৈরি করেছে, তা সত্যি প্রশংসনীয়। আমি নিজে এটি কখনোই পারতাম না।”
সাক্ষাৎকারে নিজের নতুন থ্রিলার ছবি ‘অ্যানিম্যালস’ এবং সম্পর্কের সমীকরণ নিয়ে খোলামেলা আলোচনা করেন অ্যাফ্লেক। তিনি জানান, যৌথ জীবন ও অংশীদারি এত সহজ নয়। অনেক সময় মানুষ সম্পর্কের মধ্যে থেকেও একে অপরের কাছে কিংবা নিজের কাছে পুরোপুরি সত্যি বলতে পারে না।
দুই প্রাক্তনের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটলেও, বর্তমানে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেছেন এই হলিউড অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সানা, ৮ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। বৃহস্পতিবার তারা এই দাবি জানায়।
এটি সৌদি আরবে চলতি সপ্তাহে ইরান-সমর্থিত গোষ্ঠীটির পক্ষ থেকে আরেকটি হামলার দাবি।
একদিন আগে হুতিরা জানায় যে, তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালিয়েছে।
এই হামলায় তিনজন নিহত হয়।
একই সময়ে, রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান শুরুর ঘোষণা দেয়।
এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিরা, দেশটির গৃহযুদ্ধ জুলাই মাসে পুনরায় তীব্র হওয়ার পর থেকে ইয়েমেন সরকারের বিরুদ্ধে ভূখণ্ড দখলের লড়াই চালিয়ে যাচ্ছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সফলভাবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।’
সারি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সব এয়ারলাইনকে সৌদি আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার বিরুদ্ধে শেষবারের মতো আহ্বান ও সতর্কবার্তা জানাচ্ছি।
চলতি সপ্তাহে এটি হুতিদের বিমানবন্দরটিতে হামলার তৃতীয় দফা দায় স্বীকার।
জাতিসংঘ বুধবার জানিয়েছে, চলমান লড়াইয়ের কারণে ইয়েমেনের অভ্যন্তরে ২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের উদ্দেশ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাগণ।
বৈঠকে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন, অপ্রাপ্তবয়স্ক ও সনদহীন চালকদের দৌরাত্ম্য বন্ধ করা, সড়ক নিরাপত্তা সুসংহতকরণ এবং যাত্রী ভোগান্তি হ্রাসের বিভিন্ন কার্যকরী দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বব্যাংক ডেভিড ভায়ান্টকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পদে নিয়োগ দিয়েছে। ৮ অক্টোবর, বৃহস্পতিবার, বিশ্বব্যাংক এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ভায়ান্টের আর্থিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা ব্যবহার করতে চায় বিশ্বব্যাংক। বিশেষ করে, টেকসই অর্থায়ন এবং সম্পদ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে, ভায়ান্ট বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান বিএনপি পারিবাস অ্যাসেট ম্যানেজমেন্টে ফিন্যান্স, স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টিসিপেশন বিভাগের গ্লোবাল হেড (বৈশ্বিক প্রধান) এবং ফ্রান্সের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি পূর্বে অ্যাকুইস ইউরোপ, আইডব্লিউসি এবং গ্যাম্বিট-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়নের বিভিন্ন উদ্যোগেও তিনি নেতৃত্ব দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ