০৮:৫৯ পি.এম
ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় মো. হাসান মজুমদার (৪৬) নামে একজন গ্রাহকের একাউন্ট থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এ ঘটনার জেরে গ্রাহক নিজেই বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক মোমিনুল হকের আদালতে এসে তিনি মামলাটি দায়ের করেন। এরপর বিচারক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানাকে সরাসরি এফআইআরের জন্য নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় প্রবাসীর জমিতে ঘর নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, স্ত্রীকে কুপিয়ে জখম
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তদের মধ্যে আছেন, রাজধানীর মিরপুর-১ এর ১৮৪ আহমেদ নগর, পাইকপাড়ার শাহ ট্রেডার্সের স্বত্তাধিকারী এবং বরিশাল ধামুড়া বাজার এলাকার মো. সোহেল সহ মোট ৬ জন।
আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে একটি চক্র মো. হাসান মজুমদারের একাউন্ট থেকে মোট ১৮ লাখ ৯০ হাজার টাকা ট্রান্সফার করে অন্য ব্যাংকের একাউন্টে নিয়ে যান। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহককে ফোনকল কিংবা মেসেজের মাধ্যমে কোন প্রকার জানানো হয়নি। গত ৭ জুন দুপুরে হাসান ইসলামী ব্যাংক কুমিল্লা শাখায় টাকা উত্তোলনের জন্য গিয়ে জানেন তার একাউন্ট নম্বর থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে।
পরে তদন্ত করে দেখা যায়, এনআরবিসি ব্যাংকের গ্রাহক রাজধানীর মিরপুর-১ এর শাহ ট্রেডার্সের স্বত্তাধিকারীর একাউন্ট, পুবালী ব্যাংকের বরিশাল ধামুড়া বাজার উপশাখার গ্রাহক মো. সোহেলের একাউন্ট এবং একাধিক বিকাশ ও নগদ নাম্বারে টাকাগুলো ট্রান্সফার করা হয়।
আরও পড়ুন: মধ্যনগরে সারের ডিলারদের বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ, ১,৪০০ টাকা মূল্য নিয়ে মেমো দিচ্ছেন ১,০৫০ টাকার!
এ ঘটনার পর হাসান মজুমদার বাদি হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে হাজির হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী হাসান মজুমদার টাকা উদ্ধারের জন্য ইসলামী ব্যাংক ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোহাম্মদ হোসাইন আখতার বলেন, গ্রাহকের একাউন্ট থেকে টাকা তোলার সময় অবশ্যই ফোন মেসেজ বা নোটিফিকেশন যাবে। আমার শাখায় এ ধরণের কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এতে কোর্টে মামলা হয়েছে কিনা সেই তথ্যও আমাদের কাছে নেই।
তবে আদালত আমাদের সহযোগিতা চাইলেই আমরা তা দেব।
আরও পড়ুন: দিনাজপুরে শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেপ্তার
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারী বলেন, হাসান মজুমদারের একাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় আমরা কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলা দায়ের করেছি। বিচারক মোমিনুল হক মামলাটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশকে মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেছেন, আদালতের নির্দেশনার কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। নথি পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন