০৩:০৭ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এটি হচ্ছে এ দেশের সাধারণ মানুষের রক্ত ও আত্মত্যাগের ফলস্বরূপ। আমরা জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং এর প্রতিটি দফা আমাদের অঙ্গীকার অনুযায়ী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য সদা প্রস্তুত রয়েছি।’
বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমিতে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আমাদের মধ্যে সর্বোচ্চ অঙ্গীকার বিদ্যমান রয়েছে। এই আন্দোলনে আমাদের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার হয়েছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ শেষ মুহূর্তে এসে আন্দোলনটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত এবং রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘স্বাধীনতা ও চেতনার ব্যবসা করে যে স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়েছে, তা সকলের জানা। তারা কেবল ক্ষমতাচ্যুতই হননি; বরং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’
আন্দোলনে নেতৃত্বদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আন্দোলনে মূল ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাদের সংগে আমাদের কোনো বিরোধ বা বিভেদ নেই। আমরা তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।’
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. বুলবুল কবীর, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নরসিংদীর শহীদ বেদীতে জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন