ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজনৈতিক সদিচ্ছা থাকলে হাসিনাকে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে ভারত: শামা ওবায়েদ


রাজনৈতিক সদিচ্ছা থাকলে হাসিনাকে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে ভারত: শামা ওবায়েদ

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ক্ষমতাচ্যুত ও দণ্ডিত, এবং অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়া ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকলে দ্রুততর করা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক অভিপ্রায় থাকলে এ প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে।’

প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, প্রত্যর্পণ একটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া, যা দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি এবং নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়।

আরও পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় ৩ কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক

তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও আইনি বাধ্যবাধকতা জড়িত থাকায় সাধারণত কিছুটা সময় লাগে।

শামা ওবায়েদ বলেন, ‘দুই দেশের মধ্যে প্রত্যর্পণ একটি প্রত্যর্পণ চুক্তির আওতায় পরিচালিত হয়। এতে আমলাতান্ত্রিক ও আইনি প্রক্রিয়া রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে, তা আমরা স্বীকার করি।’

তবে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ভারত সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুততর করতে পারে বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ।

আরও পড়ুন: গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার

বাংলাদেশের অনিষ্পন্ন প্রত্যর্পণ অনুরোধগুলো এগিয়ে নিতে নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

আরেকটি প্রত্যর্পণ-সংশ্লিষ্ট মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘হাদি হত্যার জন্য দায়ীদের বাংলাদেশের মাটিতে বিচারের মুখোমুখি করতে চাই আমরা।’

ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে- এমন দণ্ডিত পলাতকদেরও ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ঢাকায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন এবং বর্তমানে ভারতে পলাতক রয়েছেন, তাদেরও বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।’

দ্বিপক্ষীয় প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় জবাবদিহি নিশ্চিত করতে ভারত সহযোগিতা করবে বলে বাংলাদেশ সরকার প্রত্যাশা করে—এ কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা আশা করি, ভারত এ প্রক্রিয়া এগিয়ে নেবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করবে।’

আরও পড়ুন: রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, হতাহতের খবর নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের রাতে খোলা আকাশের নিচে সন্তান প্রসব, বাবার পরিচয় অজানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


শীতের রাতে খোলা আকাশের নিচে সন্তান প্রসব, বাবার পরিচয় অজানা

জন্মের পর থেকেই ঠিকানা ছিল খোলা আকাশের নিচে; নিরাপদ আশ্রয় বা চিকিৎসার নিশ্চয়তা ছিল না। প্রায় এক সপ্তাহ আগে শীতের রাতে মানসিক ভারসাম্যহীন পারভীন বেগম (২৪) একটি ছেলে সন্তানের জন্ম দেন অস্থায়ী আশ্রয়ে। সন্তানের বাবার পরিচয় অজানা। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মা ও নবজাতককে ইছামতি সরকারি আশ্রয় প্রকল্পের ১৮ নম্বর কক্ষে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি সিলেটের ওসমানীনগর উপজেলার। প্রায় এক সপ্তাহ আগে দয়ামীর-দেওয়ানবাজার সড়কের প্রবেশমুখে আতাউল্লাহ চাইল্ড হোম কিন্ডারগার্টেন স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত বালুর মাঠে সিমেন্টের বস্তা দিয়ে চারপাশ আড়াল করে পারভীন সন্তান প্রসব করেন। তবে জন্মের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মা ও নবজাতকের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে কেউ অবহিত করেননি।

সরেজমিনে দেখা যায়, শীতের সন্ধ্যায় লাল কম্বলে মোড়ানো নবজাতককে বুকে জড়িয়ে রাতের খাবার রান্না করছেন পারভীন। সন্তানের বাবার পরিচয় জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে মুচকি হাসেন এবং কখনো শিশুটিকে আড়াল করার চেষ্টা করেন। পাশে বসে থাকা নানি আফিয়া বেগমের পরনে শীতের ছেঁড়া কাপড় দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারভীন ও তার মা আফিয়া বেগম দীর্ঘ দুই যুগ ধরে দয়ামীর, চকবাজার ও কুরুয়াসহ বিভিন্ন বাজারে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। দিনের বেলা তারা পরিত্যক্ত বালুর মাঠে থাকলেও রাতে দয়ামীর বাজারের বিভিন্ন মার্কেটের সামনে কাটতেন। প্রায় পাঁচ থেকে সাত মাস আগে দয়ামীর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে দিনের বেলা অস্থায়ী আশ্রয়ে এবং রাতে চকবাজারের বিভিন্ন দোকানের সামনে কাটছে মা-মেয়ে ও নবজাতকের অনিশ্চিত জীবন।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার নির্দেশনায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় মা ও নবজাতককে ইছামতি সরকারি আশ্রয় প্রকল্পে আশ্রয় দেওয়া হয়। সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে নবজাতকের জন্য নতুন জামা ও গরম কাপড় দেওয়া হয়েছে।

আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের সময় উপজেলা ইউনিয়ন সমাজকর্মী এস এম মশিউর রহমান মুছা, তাজপুর ইউনিয়নের সহকারী তহসিলদার মো. খলিলুর রহমান, ইউপি সদস্য এম রুম্মান আহমদ ও সেলিনা বেগম, হাবিবুর রহমান, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, সাংবাদিক নুরুল ইসলাম রেফুল এবং ব্যবসায়ী বুশায়ের আহমদ, মনসুর ও সাকির আদনান উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার বলেন, ‘বাবার পরিচয় অজানা হতে পারে, কিন্তু শিশুটির বেঁচে থাকার অধিকার রয়েছে। মা ও নিষ্পাপ শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত বলেন, ‘বিষয়টি আমাকে কেউ আগে জানাননি। জানার পরপরই ঘটনাস্থলে লোক পাঠিয়ে নবজাতকের জন্য গরম কাপড়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, এর আগে গত ১২ এপ্রিল বিশ্বনাথে রাস্তার পাশ থেকে মা-বাবার পরিচয়হীন এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধারের পর তৎকালীন ইউএনওর উদ্যোগে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। ওসমানীনগরেও প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


ঢাকায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানী থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তার আটক হওয়ার ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি মশিউর রহমান গ্রেফতার

মো. মশিউর রহমান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কখনো ডিবি পুলিশ, আবার কখনো থানা-পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে টাকা আদায় করার চেষ্টা করেছেন। গোদাগাড়ী থানা-পুলিশ তাঁকে আটক করেছে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার সাতটি মামলা রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মশিউর রহমান শহিদুল্লাহর বাড়িতে গিয়ে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে খুঁজতে থাকেন। শহিদুল্লাহ হাটপাড়া এলাকার একজন মুদিদোকানি। ওই ব্যক্তির আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পুলিশ পরে গোদাগাড়ী থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে এবং গোদাগাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে মশিউর রহমানকে আটক করে। আটক হওয়া মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া গ্রামের মৃত খায়রুল বাশারের ছেলে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, মশিউর রহমান বিভিন্ন এলাকায় ডিবি ও থানা-পুলিশের পরিচয় ব্যবহার করে লোকজনকে জিম্মি করে অর্থ আদায় করতেন। তাঁর বিরুদ্ধে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সাতটি মামলা রয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও

ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতারক চক্রের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে কোনোভাবেই টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

এ কার্যক্রমের অগ্রগতি দেখতে রবিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও তথ্য সংগ্রহকারীদের কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র যাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি কোনো ধরনের প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এবং প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%