ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ


কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক চারা বিতরণ ও রোপণ

পিরোজপুরের কাউখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সরকারের প্রধানমন্ত্রী নির্দেশিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের ফাঁকা জায়গায় নারিকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং ব্যাংকের সার্বিক আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু কাওছার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার রায়, উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা ও সৈয়দ ফাহিম। এছাড়া পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার অফিসার সাদ্দাম হোসেন ও সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় নারিকেল, আম, জাম, কাঁঠাল, আমলকী ও হরিতকিসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার সংবাদমাধ্যমকে বলেন,
আজকের এই উদ্যোগটি সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হলে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে পূবালী ব্যাংকের এই অংশগ্রহণ আমাদের কাউখালী উপজেলাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সবসময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।
কর্মসূচির সার্বিক বিষয়ে পূবালী ব্যাংক পিএলসি কাউখালী উপশাখার সিনিয়র অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন,
পূবালী ব্যাংক সবসময়ই দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয় থেকেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি ইউনিয়নে আমাদের এই কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই বৃক্ষরোপণ অভিযান সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থিসিসে ৪.০০ সিজিপিএ অর্জন, গবেষণায় সাফল্যের পথে চবির শাকিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


থিসিসে ৪.০০ সিজিপিএ অর্জন, গবেষণায় সাফল্যের পথে চবির শাকিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমদ শাকিল থিসিসভিত্তিক মাস্টার্স পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করে ডিস্টিংশন লাভ করেছেন। স্নাতক (সম্মান) পরীক্ষায় তিনি ৪.০০-এর মধ্যে ৩.৯০ সিজিপিএ নিয়ে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন। শাকিল সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও নতুন কার্যকরী পদার্থ নিয়ে গবেষণায়ও অবদান রাখছেন। ইতোমধ্যে তাঁর তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে স্নাতক পর্যায়ের প্রথম ও তৃতীয় বর্ষে রসায়ন বিভাগের অধ্যাপক ড. নাজিম উদ্দিন বৃত্তি লাভ করেন শাকিল। উভয় বর্ষেই প্রথম স্থান অর্জন করেন তিনি। অনার্সে ভালো ফলাফলের জন্য ২০২৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) থেকে মেধাবৃত্তি পান।

শাকিলের গবেষণার আগ্রহ তৈরি হয় স্নাতক দ্বিতীয় বর্ষে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যানোটেকনোলজি বিষয়ে পড়াশোনার সময়। সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তরের প্রযুক্তি এবং আরও সাশ্রয়ী ও কার্যকর সৌরকোষ তৈরির সম্ভাবনা তাঁকে আকৃষ্ট করে। বিশেষ করে, পেরোভস্কাইটভিত্তিক সৌরকোষের বিকল্প উপাদান নিয়ে কাজ করার আগ্রহ থেকে তিনি হ্যালাইড ডাবল পেরোভস্কাইট নিয়ে গবেষণা শুরু করেন।

এ গবেষণায় তিনি কম্পিউটেশনাল কেমিস্ট্রির সাহায্যে বিভিন্ন পদার্থের রাসায়নিক গঠন, ইলেকট্রনিক বৈশিষ্ট্য ও সৌরকোষে ব্যবহারের সম্ভাবনা বিশ্লেষণ করেন। প্রথম-নীতিভিত্তিক গণনা ও সৌরকোষের ডিভাইস সিমুলেশন ব্যবহার করে পরিচালিত এ গবেষণায় K₂LiGaBr₆ নামের একটি পদার্থের ব্যান্ড গ্যাপ ১.১৯ ইলেকট্রনভোল্ট পাওয়া যায়। পাশাপাশি, নির্দিষ্ট সৌরকোষ কাঠামোর সিমুলেশনে প্রায় ২৭ শতাংশ দক্ষতার সম্ভাবনা দেখা যায়। গবেষণাটি ২০২৬ সালে আন্তর্জাতিক Q1-শ্রেণিভুক্ত সাময়িকী Materials Advances-এ প্রকাশিত হয়।

এর আগে স্নাতক পর্যায়ে সৌরকোষে ব্যবহারের সম্ভাবনাময় জৈব রঞ্জক পদার্থ নিয়ে গবেষণা করেন শাকিল। ডেনসিটি ফাংশনাল থিওরি (DFT) ও টাইম-ডিপেন্ডেন্ট ডেনসিটি ফাংশনাল থিওরি (TD-DFT) ব্যবহার করে বিভিন্ন রঞ্জকের আলো শোষণ ও অপটিক্যাল বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন তিনি। এ গবেষণার ফলাফল ২০২৪ সালে Chemical Physics Impact সাময়িকীতে প্রকাশিত হয়।

কম্পিউটেশনাল গবেষণার পাশাপাশি পরীক্ষাগারভিত্তিক গবেষণাতেও কাজ করেছেন শাকিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ল্যাবরেটরি অব অ্যাডভান্সড রিসার্চ ইন কেমিক্যাল সায়েন্সেসে (LARCS) তাঁর মাস্টার্সের থিসিস গবেষণা সম্পন্ন করেন। পিপেরোনাল ও বেনজোহাইড্রাজাইড থেকে তৈরি শিফ বেস লিগ্যান্ডের সঙ্গে টাইটানিয়াম ও ভ্যানাডিয়ামের কমপ্লেক্স সংশ্লেষণ এবং সেগুলোর রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ছিল তাঁর গবেষণার মূল বিষয়। এ কাজে যৌগ সংশ্লেষণ, বিভিন্ন স্পেকট্রোস্কোপিক পরীক্ষা, কম্পিউটেশনাল বিশ্লেষণ ও মলিকিউলার ডকিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করেন তিনি। তাঁর থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন রসায়ন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।

শাকিলের গবেষণার পরিধি শুধু সৌরকোষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ২০২৫ সালে ChemistrySelect সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় আইবুপ্রোফেনের বিভিন্ন ডেরিভেটিভের সম্ভাব্য ওষুধ হিসেবে কার্যকারিতা কম্পিউটেশনাল পদ্ধতিতে মূল্যায়ন করেন তিনি। প্রাকৃতিক অ্যালকালয়েডভিত্তিক সম্ভাব্য KRAS G12D ইনহিবিটর নিয়ে তাঁর আরেকটি গবেষণাপত্র পর্যালোচনাধীন রয়েছে।

গবেষণার অভিজ্ঞতা থেকে শাকিল মনে করেন, কম্পিউটার সিমুলেশনে কোনো পদার্থের আশাব্যঞ্জক বৈশিষ্ট্য পাওয়া গেলেই তা বাস্তবে তৈরি করা সম্ভব হবে, এমন নিশ্চয়তা নেই। তাই তাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি পরীক্ষাগারে গবেষণার ফলাফল যাচাই করাকেও গুরুত্ব দিতে চান তিনি। ভবিষ্যতে এ দুই পদ্ধতির সমন্বয়ে নতুন কার্যকরী পদার্থ উদ্ভাবন এবং টেকসই জ্বালানি প্রযুক্তির উন্নয়নে অবদান রাখার লক্ষ্য তাঁর।

পড়াশোনা ও গবেষণার পাশাপাশি ২০২১ সাল থেকে টিউশনি করে নিজের ব্যয় নির্বাহ করছেন শাকিল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত পড়ান তিনি। একই সঙ্গে গবেষণাগারে চারজন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীকে যৌগ সংশ্লেষণ, বিশুদ্ধকরণ, রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহার ও বিভিন্ন পরীক্ষাপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে সহায়তা দিয়েছেন।

সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন শাকিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কেমিক্যাল সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করেন তিনি। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রাখেন। ২০২৪ সালে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সিম্পোজিয়াম অন ম্যাটেরিয়ালস, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টের প্রচার কার্যক্রমেও যুক্ত ছিলেন তিনি। ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভবিষ্যতে উচ্চতর গবেষণার মাধ্যমে সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর, পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও ক্যাটালাইসিসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহারের উপযোগী পদার্থ নিয়ে কাজ করতে চান শাকিল। বিশেষ করে কম্পিউটেশনাল বিশ্লেষণে পাওয়া পূর্বাভাস পরীক্ষাগারে যাচাই করে আরও দক্ষ ও কার্যকর পদার্থ উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রযুক্তির বিকাশে অবদান রাখাই তাঁর লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


চীনে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের বৈঠক শুরু

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : সোমবার বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং দেশটির শীর্ষ নেতারা। এই বৈঠকটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্বের পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রায় ৩০০ সদস্য পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন বা ‘পঞ্চম প্লেনামে’ অংশগ্রহণ করছেন।

বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে দুর্নীতি হ্রাস এবং দলীয় কর্মকর্তাদের আরও দক্ষ ও অনুগত করে তোলার পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের বিস্তারিত বৃহস্পতিবার শেষ হওয়ার আগে প্রকাশ করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

তবে বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালকে নির্দেশ করছে। আগামী বছর কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই কংগ্রেসে ৭৩ বছর বয়সী সি চিন পিং চতুর্থ মেয়াদে নেতৃত্ব পাওয়ার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বে রদবদল তদারক করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে অনুষ্ঠিত বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশন সি চিনপিংয়ের ক্ষমতা আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনের এই নেতা গত ১৪ বছর ধরে দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আসছেন। এ অভিযানে কেন্দ্রীয় কমিটির কয়েক ডজন সদস্যসহ হাজার হাজার কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছে।

তবে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করছেন না— এমন কর্মকর্তাদের নিয়ে সি এখনও অসন্তুষ্ট। পূর্ণাঙ্গ অধিবেশনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে গত জানুয়ারিতে দেওয়া শি জিনপিংয়ের একটি বক্তব্য তুলে ধরা হয়।

সেখানে তিনি এমন কর্মকর্তাদের সমালোচনা করেন, যারা প্রকাশ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে চলার ভান করেন, কিন্তু ভেতরে ভেতরে তা প্রতিরোধ করেন। তিনি তাদের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া ও রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করার অভিযোগও তোলেন।

এএফপিকে বিশ্লেষকেরা জানিয়েছেন, সি চিন পিং আরও কঠোর তদারকি ও নিয়মকানুন আরোপের মাধ্যমে দলীয় কর্মকর্তাদের দক্ষতা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বাড়াতে চাইছেন। তবে ব্যাপক শুদ্ধি অভিযানের কারণে এবারের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থিতির হার ১৯৭৬ সালে চীনের সাবেক নেতা মাও সেতুংয়ের মৃত্যুর পর সর্বনিম্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় কমিটির আটটি পদ বর্তমানে শূন্য রয়েছে। আরও ১৫ জন সদস্য তদন্তের আওতায় রয়েছেন এবং তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।

সি চিন পিংয়ের দুর্নীতিবিরোধী অভিযান সামরিক বাহিনীতেও বিস্তৃত হয়েছে। এর ফলে চীনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃত্বদানকারী দলীয় সংস্থা কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সাত সদস্যের মধ্যে পাঁচজনই ক্ষমতাচ্যুত হয়েছেন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২২ সালে কেন্দ্রীয় কমিটিতে নিয়োগ পাওয়া ৪৪ জন সামরিক সদস্যের মধ্যে মাত্র দুজনকে এখনও অপসারণ করা হয়নি বা তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

এবারের পূর্ণাঙ্গ অধিবেশনে কেন্দ্রীয় সামরিক কমিশনে নতুন সদস্য নিয়োগ দেওয়া হতে পারে। তবে দলটি আগামী বছরের কংগ্রেস পর্যন্ত অপেক্ষা করে শূন্য পদ পূরণ করতে পারে। এমনকি বিশাল সামরিক বাহিনীর ওপর দলের নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগও নিতে পারেন সি চিনপিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিমু হত্যা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


শিমু হত্যা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত। এই তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন।

আজ সোমবার সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এ তারিখ নির্ধারণ করেন। আইনজীবী সুমন জানান, আজ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি গ্রহণের পর আসামিরা আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য প্রদানের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিপক্ষের সাফাই সাক্ষ্যের জন্য উক্ত তারিখ নির্ধারণ করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য ইতোমধ্যে গ্রহণ করেছেন আদালত। মামলার বিবরণী অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে কলাতিয়া ফাঁড়ির পুলিশ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এবং কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজের ৩০০ গজ উত্তরে পাকা রাস্তাসংলগ্ন ঝোপের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (বয়স আনুমানিক ৩২ বছর) এক নারীর মরদেহ উদ্ধার করেন। মরদেহের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

তদন্তে জানা যায়, মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের কারণে ওই বছরের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো সময় শিমুকে হত্যা করা হয়। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুসিচের পশ্চিমা ষড়যন্ত্রের অভিযোগ, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ভুসিচের পশ্চিমা ষড়যন্ত্রের অভিযোগ, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার শঙ্কা

সার্বিয়ার আগাম সংসদ নির্বাচনে বিজয়ী স্টুডেন্ট লিস্টের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ। তাঁর মতে, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলগ্রেডে সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির সদর দপ্তরে ভুসিচ এসব মন্তব্য করেন। রুশ সংবাদ সংস্থা তাসের রিপোর্ট অনুযায়ী, তিনি নির্বাচনের ফলাফলকে ‘বিপ্লব’ হিসেবে উল্লেখ করেছেন। ভুসিচ দাবি করেছেন, এই পরিবর্তনের পেছনে ইউরোপের কিছু দেশের এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের সমর্থন ছিল।

ভুসিচ আরো বলেন, রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে তিনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আগামী বছরের মার্চ বা এপ্রিলের মধ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তবে সাবেক প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তের তথ্য দেননি।

অন্যদিকে, স্টুডেন্ট লিস্ট পূর্বে জানিয়েছে যে, তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে। ফলে ভুসিচের উদ্বেগ এবং দলটির প্রকাশিত অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%