ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে বিএনপির নাম ব্যবহার করে বসতবাড়ি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ


নোয়াখালীতে বিএনপির নাম ব্যবহার করে বসতবাড়ি দখল ও অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্যকিয়া গ্রামের বিএনপির নাম ভাঙিয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা শহর মাইজদীর একটি দৈনিক পত্রিকার জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বিচার দাবি করেন সদর উপজেলার পূর্ব শুল্যকিয়া গ্রামের আবদুল হালিমের ছেলে ভুক্তভোগী মো. সুমন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. সুমনের স্ত্রী জান্নাতুল মাওয়া, বাবা আবদুল হালিম, ভাই মো. ছানা উল্লাহসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

মো. সুমন অভিযোগ করেন, গত ৬-৭ বছর ধরে তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমি এবং বসতবাড়ি দখলের চেষ্টা করে আসছে স্থানীয় আবদুল বারেকের ছেলে মো. কামাল, মো. জামাল, মো. বাকের, সাবিছ উদ্দিন, মো. বোরহান ও আলাউদ্দিনসহ তাদের সহযোগীরা। গত ৫ আগস্টের পর থেকে তারা বিএনপির নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা-জমি জোরপূর্বক দখল করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল রাতে স্থানীয় উত্তর ওয়াপদা বাজারে তাকে বাড়ির জমির দখল ছেড়ে দিতে প্রথমে গালিগালাজ এবং একপর্যায়ে মারধর করে আহত করেন উল্লেখিত ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করেন। ঘটনার পর সুধারাম থানায় লিখিত অভিযোগ করলে গত ১৮ মে উল্লেখিত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সুমন বলেন, পরদিন অর্থাৎ ১৯ মে তিনি তার জমিতে মাটি কাটার কাজ করতে গেলে জামাল ও সাজিব সংঘবদ্ধ লোকজন নিয়ে তাকে মাটি কাটতে বাধা দেন এবং হামলার চেষ্টা করেন। ওই সময় হামলায় ব্যর্থ হয়ে ২২ মে ভোর রাতে তারা বাড়ির একটি বসতঘর ও একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে থানা থেকে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ৬ জুলাই সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পরিবারের সদস্যদের বসতঘরের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন এবং জোরপূর্বক ঘর দখল করে নেন। এ সময় তারা রান্নাঘর ও বাথরুম ভেঙে ফেলেন এবং ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে অভিযুক্তরা তার খামারে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের গরু, মুরগি ও মাছ লুটের চেষ্টাও করছে। তাকে এবং তার আত্মীয়স্বজনকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িছাড়া করেছে সন্ত্রাসীরা।

ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় থানায় অভিযোগ করা হলেও তিনি কোনো আইনগত সহযোগিতা পাননি। তাই পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, দখলকৃত সম্পত্তি উদ্ধার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগকারী ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়-স্বজন। থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে বসতঘর দখলের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা সমঝোতা চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্মেলনে ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়ে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া বক্তব্য এসময় প্রদান করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ইরানের সঙ্গে আমেরিকার চলমান সমঝোতা বা চুক্তি পুরোপুরি শেষ হয়ে গেছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে সমঝোতা স্মারক (এমওইউ) ছিল, তার দিন শেষ। তিনি মন্তব্য করেন, ‘আমার মনে হয় এটা শেষ। গত রাতে আমরা ওদের ওপর অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।’

ট্রাম্প বলেন, ইরানকে পরমাণুমুক্ত করার তার লক্ষ্য এবং তিনি ইরানকে পছন্দ করেন না। তিনি বলেন, ওরা খুব নোংরা খেলোয়াড় এবং দুষ্টু লোক। তিনি নিশ্চিত করেন, আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণুমুক্ত করা এবং আমরা ওদের পরমাণু ক্ষমতা কেড়ে নেব।

তিনি আরও জানান, পূর্বের মতোই তাকে সতর্ক করেছিলেন যে ইরান আঘাত করলে আমেরিকায় পাল্টা আঘাত করবে। ট্রাম্পের ভাষ্যমতে, ইরান নোংরা উপায়ে চলে এবং সবার পেছনেই লাগে, এমনকি হয়তো আমার পেছনেও লাগবে।

তবে, ইরান ইস্যুতে ন্যাটোকে নিয়ে ট্রাম্প বেশ অসন্তুষ্ট। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ন্যাটোর ওপর খুশি নই। কারণ বিশ্বের এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র ইরানকে দমনে এই জোট আমাদের সাহায্য করতে চায়নি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার কারণে আমেরিকা ইরানের ৮০টির বেশি নিশানায় ভয়াবহ হামলা চালায়। এর জবাবে ইরানও বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

ইরান ইস্যুতে ইউরোপের দেশ স্পেনের ওপরও ট্রাম্প চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বাতিল করার জন্য নির্দেশ দেন। গত মার্চে স্পেন আমেরিকার যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে মানা করে দিয়েছিল। সেই ক্ষোভ থেকেই স্পেনকে ‘বাজে মিত্র’ উল্লেখ করে ট্রাম্প তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট এবং ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে বলে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন। এমন পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর-জানালিহাট রেল সেকশনের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'পানি না সরা পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকা থেকে কক্সবাজার গামী যাত্রীরা চট্টগ্রাম পর্যন্ত আসতে পারবেন। এরপর কক্সবাজার অংশের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে। যারা আগাম টিকিট নিয়েছেন, তারাও নির্ধারিত নিয়মে টাকা ফেরত পাবেন।'

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী চার জোড়া ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হচ্ছে সৈকত এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস।

টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ষোলশহর-জানালিহাট সেকশনের ওই অংশে প্রায় দুই ফুট পানি জমে থাকা কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এর প্রভাব পড়ে ঢাকা-কক্সবাজার রুটেও। বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে এসে আটকে যায় এবং কক্সবাজারের উদ্দেশে আর যাত্রা করতে পারেনি। ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ট্রেন ঢাকা থেকে কক্সবাজারে যাতায়াত করে। তবে কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আপাতত এ রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি, ৬৪ কোটি ৬২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের কথাও রায়ে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

অপর দিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের আট সহযোগীকে খালাস দিয়েছেন আদালত। প্রকাশিত আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ সাত বছরের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র‍্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের ৮ সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানিয়েছে মিশর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানিয়েছে মিশর

বিশ্বকাপের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ম্যাচ পরিচালনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে, পুরো টুর্নামেন্টজুড়ে জাতীয় দলের পাশে দাঁড়িয়ে থাকা দেশ-বিদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ফিরে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা ৩-২ ব্যবধানের জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে প্রকাশিত এক বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপজুড়ে দেশের মধ্যে ও বাইরে লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন খেলোয়াড়দের জন্য বিশাল অনুপ্রেরণার বিষয় ছিল। তাদের মতে, জাতীয় দল গর্ব, সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলেছে এবং মাঠে মিশরের চেতনা ও পরিচয় উন্মোচিত করেছে।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে ব্যর্থতার বিষয়ে নীরব থাকা সম্ভব নয় বলেও ফেডারেশন উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে, যা সরাসরি ম্যাচের ফলাফলকে প্রভাবিত করেছে।

ইএফএ দাবি করে, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশ্লেষক ও বিশেষজ্ঞও ম্যাচে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন। তাদের মতে, ২০২৬ বিশ্বকাপের মতো বড় আসরে সর্বোচ্চ মানের সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা এবং ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। সেই নীতির ভিত্তিতেই প্রতিটি দলের জন্য সমান সুযোগ ও সমান আচরণ নিশ্চিত হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ঘটনা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করেছে।

জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করার দায়িত্ব ইএফএর বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। তারা জানায়, মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।

সব বিতর্কের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের মতে, ম্যাচের ফল এখন ইতিহাসের একটি অংশ হলেও পুরো টুর্নামেন্টজুড়ে দলের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

সবশেষে সমর্থকদের উদ্দেশ্যে ইএফএ জানায়, জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যে সমর্থন দিয়েছেন, তা আমাদের অনুপ্রাণিত করবে, যাতে মিশরীয় ফুটবলের জন্য একটি আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%