১১:৪১ এম
খুলনা নগরীতে বিশেষ যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কসাই লিটনসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী এবং একাধিক মামলার আসামি মো. লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং মো. রিফাত হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
গ্রেফতার লিটন মীর নগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকার আব্দুল রশিদ মীরের ছেলে। অন্যদিকে রিফাত হোসেন সোনাডাঙ্গা থানার পাইপাড়া বিসমিল্লাহ মহল্লার আইয়ুব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৬ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ১৬ জন এবং দৌলতপুর থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা কসাই লিটন ও রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, জুয়া ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৪ গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন