ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ক্যানসার অস্ত্রোপচারের পর পোপ লিও: ‘বেশ ভালো আছি’


ক্যানসার অস্ত্রোপচারের পর পোপ লিও: ‘বেশ ভালো আছি’

ক্যানসারের অস্ত্রোপচারের পর পোপ চতুর্দশ লিও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি ‘বেশ ভালো আছেন’। লাতিন আমেরিকার তিনটি দেশ সফরের আগে তিনি এই তথ্য প্রকাশ করেন।

শুক্রবার (৬ নভেম্বর) উরুগুয়ে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপ উল্লেখ করেন, এই সফর অবশ্যই হওয়া উচিত বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিকিৎসার সময় যাঁরা তাঁকে সহায়তা করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

পোপ ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। তাঁর মতে, ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা চিকিৎসার জন্য সবচেয়ে ভালো পন্থা।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূত: ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’

লাতিন আমেরিকার তিনটি দেশের সফরের প্রথম গন্তব্য হিসেবে পোপ উরুগুয়ে সফর শুরু করেছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উরুগুয়েতে ক্যাথলিক ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে কম এবং দেশটি তুলনামূলকভাবে বেশি ধর্মনিরপেক্ষ। ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের কারণে তিন সপ্তাহ আগে তাঁর এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


নিউজিল্যান্ডের নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, ২৭ নভেম্বর চূড়ান্ত ফলাফল

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চয়তার মুখোমুখি, কারণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার গঠনের ক্ষেত্রে অগ্রগামী অবস্থানে রয়েছে।

অন্যদিকে, বামপন্থী বিরোধী জোটের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অত্যন্ত সীমিত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নির্বাচন শেষ হওয়ার পর এখন কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো।

কোন ভোটগুলো এখনো গণনা বাকি?

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন রোববার সকালে প্রকাশিত প্রাথমিক ফলাফলে জানিয়েছে, আগাম ভোট ও নির্বাচনের দিন মিলিয়ে প্রায় ২৪ লাখ ভোট গণনা করা হয়েছে।

তবে এই হিসাবের মধ্যে প্রায় চার লাখ বিশেষ ভোট অন্তর্ভুক্ত হয়নি। এর মধ্যে বিদেশে অবস্থানরত নাগরিকদের দেওয়া প্রায় এক লাখ ভোট এবং নিউজিল্যান্ডের ভেতরে নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানকালে দেওয়া ভোট রয়েছে।

আগামী ২৭ নভেম্বর ভোটের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ঐতিহাসিকভাবে বিশেষ ভোটের ক্ষেত্রে বামপন্থী দলগুলোর প্রতি সমর্থন বেশি দেখা গেছে। এর ফলে লেবার পার্টি বা গ্রিন পার্টি অতীতে ডানপন্থী জোটের কাছ থেকে অতিরিক্ত এক বা দুটি সংসদীয় আসন পেয়েছে।

দলীয় ভোটের মোট হিসাব পরিবর্তন কিংবা স্থানীয় নির্বাচনী আসনগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফল পরিবর্তনের মাধ্যমে এমনটি ঘটতে পারে।

আসনসংখ্যায় অতিরিক্ত বৃদ্ধি

নিউজিল্যান্ডের মিক্সড-মেম্বার প্রোপোরশনাল (এমএমপি) নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা দুটি ভোট দেন। একটি নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি যে রাজনৈতিক দলকে সরকারে দেখতে চান, সেই দলের জন্য।

মোট ৭১টি নির্বাচনী এলাকার বিজয়ীরা সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে বণ্টন করা হয়।

উদাহরণ হিসেবে, প্রাথমিক হিসাবে লেবার পার্টি ২৯ দশমিক ৩৬ শতাংশ ভোট পেয়ে ৩৬টি আসন পেয়েছে।

দলটি ২১টি নির্বাচনী এলাকায় জয়ী হওয়ায় ওই আসনগুলোর প্রার্থীরা সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি ১৫টি আসন দলীয় তালিকায় প্রার্থীদের অবস্থান অনুযায়ী বণ্টন করা হয়েছে।

এই নির্বাচনী ব্যবস্থার উদ্দেশ্য হলো, অন্তত পাঁচ শতাংশ ভোট পাওয়া দলগুলোকে সংসদে তাদের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

তবে এবারের নির্বাচনে ভোটাররা এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন, যাকে বলা হচ্ছে 'ওভারহ্যাং'। এ ব্যবস্থায় কোনো দল তার প্রাপ্ত দলীয় ভোটের অনুপাতে যত আসন পাওয়ার কথা, স্থানীয় নির্বাচনী এলাকায় তার চেয়ে বেশি আসন জয় করে।

ন্যাশনাল পার্টি মোট ভোটের ২৯ দশমিক ২১ শতাংশ পেয়েছে। এই হিসাবে দলটির সংসদে ৩৬টি আসন পাওয়ার কথা।

কিন্তু দলটি স্থানীয় নির্বাচনী এলাকায় ৪২টি আসনে জয়ী হয়েছে। ফলে স্বাভাবিক হিসাবের চেয়ে অতিরিক্ত ছয়টি আসন পেয়েছে দলটি।

অন্যদিকে, বামপন্থী আদিবাসী দল তে পাতি মাওরি এক শতাংশেরও কম দলীয় ভোট পেয়েও পাঁচটি নির্বাচনী আসনে জয়ী হয়েছে। ফলে দলটির ক্ষেত্রেও পাঁচটি আসনের ওভারহ্যাং তৈরি হয়েছে।

এর ফলে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নিউজিল্যান্ডের সংসদ সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১-এ, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ওয়েলিংটনের সংসদ ভবনের আগে থেকেই সংকীর্ণ বিতর্ককক্ষে এতসংখ্যক সদস্যের স্থান সংকুলান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আসন পরিবর্তনের সম্ভাবনা

এখন সবার নজর কয়েকটি হাড্ডাহাড্ডি নির্বাচনী এলাকার দিকে। এসব আসনের ফল পরিবর্তিত হলে নির্বাচনের চূড়ান্ত রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়তে পারে। তবে বামপন্থী জোটের ক্ষমতায় যাওয়ার পথ এখনো অত্যন্ত কঠিন।

দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা—হ্যামিল্টন ইস্ট এবং ওয়াইরারাপায় লেবার পার্টির প্রার্থীরা মাত্র কয়েক শ ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন।

বিশেষ ভোটের কারণে ন্যাশনাল পার্টির পক্ষেও কয়েকটি আসনের ফল পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লেবার পার্টি ওই দুটি আসনে জয়ী হলে এবং অন্যান্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে নিজেদের জয় ধরে রাখতে পারলে ন্যাশনাল পার্টির সংখ্যা গরিষ্ঠতা ও সংসদের আকার কমে আসবে। তবে তাতেও ডানপন্থী জোটের ক্ষমতায় থাকার সম্ভাবনা বজায় থাকবে।

লেবার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটকে সরকার গঠন করতে হলে নির্বাচনী এলাকার আসন এবং দলীয় ভোট—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। তবে ন্যাশনাল পার্টির অতিরিক্ত ছয়টি আসনের সুবিধা দলীয় ভোটের পরিবর্তনের প্রভাব অনেকটাই সীমিত করে রেখেছে।

জোট গঠনের আলোচনা

আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের পরই দলগুলো নতুন সরকার গঠনের জন্য জোট আলোচনায় বসবে।

তবে গত নির্বাচনের পর ছয় সপ্তাহ ধরে চলা জোট আলোচনার অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে, এবারও সরকার গঠনের আনুষ্ঠানিক সমঝোতা চূড়ান্ত হতে সময় লাগতে পারে।

বর্তমানে ন্যাশনাল পার্টি, উদারপন্থী অ্যাক্ট পার্টি এবং জনতুষ্টিবাদী এনজেড ফার্স্ট পার্টির সমন্বয়ে গঠিত জোট ২০২৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে। জোটের দলগুলো জানিয়েছে, তারা আবারও একসঙ্গে কাজ করতে আগ্রহী।

অন্যদিকে, বিশেষ ভোটের ফলাফলে বামপন্থী জোট এগিয়ে গেলে লেবার পার্টি, গ্রিন পার্টি, তে পাতি মাওরি এবং মধ্যপন্থী নতুন দল অপরচুনিটির সমন্বয়ে চার দলের জোট সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে।

অপরচুনিটি পার্টির নেতা কিউলায়ে ওং জানিয়েছেন, তার দল প্রথমে সর্বোচ্চ ভোট পাওয়া রাজনৈতিক দলের সঙ্গে জোট আলোচনা শুরু করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে পুরো দেশের ৩০০ পরিবার নিশ্চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে পুরো দেশের ৩০০ পরিবার নিশ্চিহ্ন

সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনায় একাধিক পরিবারের সদস্য একসঙ্গে নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণে।

রোববার (৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য প্রকাশ করেছে একটি প্রতিবেদনে।

প্রতিবেদনটি তৈরি করতে ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগৃহীত তথ্য পর্যালোচনা করেছে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে ১৯৩টি এবং পিতা-সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি। মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। এসব দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২১১টি, তিনজন নিহতের ঘটনা ১১৮টি, চারজন নিহতের ঘটনা ৯২টি, পাঁচজন নিহতের ঘটনা ৫৩টি, ছয়জন নিহতের ঘটনা ৩৮টি এবং সাতজন নিহতের ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ হাজার ৭২৮ জন।

মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৪৮টি, তিনজন নিহতের ঘটনা ৪৬টি, চারজন নিহতের ঘটনা ৩৯টি, পাঁচজন নিহতের ঘটনা ২৮টি, ছয়জন নিহতের ঘটনা ২০টি, ১১ জন নিহতের ঘটনা চারটি এবং ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে একটি। মোট ১৮৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭০৮ জন।

প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ৩৪টি, তিনজন নিহতের ঘটনা ৩১টি, চারজন নিহতের ঘটনা ২৪টি এবং পাঁচজন নিহতের ঘটনা ১৯টি। মোট ১০৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫২ জন।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১১টি, তিনজন নিহতের ঘটনা ১৫টি, চারজন নিহতের ঘটনা ৯টি, পাঁচজন নিহতের ঘটনা সাতটি এবং আটজন নিহতের ঘটনা ঘটেছে তিনটি। এসব ঘটনায় মোট ৪৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬২ জনের।

এছাড়া, বাস দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৭টি, তিনজন নিহতের ঘটনা নয়টি এবং চারজন নিহতের ঘটনা ছয়টি। মোট ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন। অন্যদিকে, পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার একটি ঘটনা ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে পরিবারভিত্তিক প্রাণহানির কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের একসঙ্গে কাজে বা ঘুরতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি, মহাসড়কে অটোরিকশার চলাচল, অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেসের অভাব এবং এসব যানবাহনের চালকদের অদক্ষতা। এছাড়াও, চালকদের বিশ্রামহীনভাবে গাড়ি চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার না করা, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরিবারভিত্তিক প্রাণহানি কমানোর জন্য প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশও করেছে রোড সেফটি ফাউন্ডেশন। মোটরসাইকেল আরোহীদের ভালো মানের হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সব মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ, গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে সরাসরি সংযোগ বন্ধ করে নিরাপদ সড়ক নকশা তৈরি এবং সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নজরদারির সুপারিশ করা হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়াতে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত বছরের দাম্পত্যে বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


সাত বছরের দাম্পত্যে বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে স্ত্রীর আকুতি

সাত বছরের দাম্পত্য জীবন অতিবাহিত হলেও, তাদের সংসারে কোনো সন্তান আসেনি। সন্তান না হওয়ার কারণে একটি সংসার ভাঙনের মুখে পড়েছে। ভুক্তভোগী স্ত্রীর আকুতি-মিনতি, স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে, পা ধরে করা হলেও, তার মন গলেনি স্বামীর।

শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এমন দৃশ্য দেখা যায়। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে স্বামীকে তালাক না দেওয়ার জন্য স্ত্রী বারবার অনুরোধ করছেন। একপর্যায়ে তিনি স্বামীর পা ধরে কান্নাজড়িত কণ্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন। কিন্তু স্ত্রীর সেই আকুতি-মিনতিতে স্বামীর মন গলেনি। অবশেষে, শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। ফলে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, ওই নারীর স্বামী দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়ে জানতে পেরেছেন যে, তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চাননি।

ভুক্তভোগী নারীর বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায় হলেও বর্তমানে তারা নরসিংদীতে বসবাস করছেন। ডিভোর্সপ্রাপ্ত নারী স্থানীয় সংবাদকর্মীদের কাছে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করাচির রেস্তোরাঁয় রোবটের মাধ্যমে খাবার পরিবেশন, ভোজনরসিকরা পাচ্ছেন ভবিষ্যতের স্বাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


করাচির রেস্তোরাঁয় রোবটের মাধ্যমে খাবার পরিবেশন, ভোজনরসিকরা পাচ্ছেন ভবিষ্যতের স্বাদ

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : পাকিস্তানের করাচির একটি রেস্তোরাঁয়, যেখানে নিয়ন আলো ঝলমল করছে, খাবারের টেবিলের মাঝ দিয়ে রোবট ওয়েট্রেস চলাচল করছে।

একটি পরিবারের জন্য সদ্য তৈরি পিৎজা পৌঁছে দিচ্ছে রোবটটি।

বিশ্বের বিভিন্ন দেশে, যেমন যুক্তরাষ্ট্র ও চীন, আধুনিক মানবসদৃশ রোবট নিয়ে আলোচনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে রেস্তোরাঁয় রোবট কর্মীর উপস্থিতি এখনও বিরল। করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

রোবটটি ইলেকট্রনিক কণ্ঠে বলছে, ‘সিসিলিয়ানে আপনাদের স্বাগত। আমার নাম রোবিয়া।’ এসময়, লাল এলইডি বাতি দিয়ে তৈরি চোখের পলক ফেলে খাবারের টেবিলে বসা অতিথিদের দিকে তাকাচ্ছে সে।

রোবিয়া এবং তার সহকর্মী জোজো, পাকিস্তানি প্রকৌশলী সৈয়দ ওসামা আজিজের তৈরি রোবট। করাচির ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ব্যবসায় বৈজ্ঞানিক কল্পকাহিনির জগৎকে বাস্তবে রূপ দিচ্ছেন আজিজ।

রোবট দুটির মাথা গোলাকার এবং সাদা। মুখের সামনে মোটরসাইকেলের হেলমেটের মতো কালো আবরণ রয়েছে। গলায় জড়ানো কালো শাল, যা এ অঞ্চলের নারীদের পরিধেয় ওড়নার আদলে তৈরি।

সিসিলিয়ান রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা আজিজ, নিজের গবেষণাগারে অধিকাংশ স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করে রোবট দুটির নির্মাণ করেছেন। তিনি নিজেই এগুলোর সার্কিট বোর্ড তৈরি ও প্রোগ্রামিং করেছেন।

তিনি এএফপিকে জানান, ‘রোবট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশ এখানে সহজে পাওয়া যায় না। তাই আমাদের সেগুলো সংগ্রহ করতে হয়েছে।’

আজিজের রোবট নির্মাণ প্রতিষ্ঠান ‘কোবট’-এর মাধ্যমে বন্ধুদের সহযোগিতায় রোবট দুটির নির্মাণ সম্পন্ন হয়েছে। এ কাজে কিছু বিদেশি ইলেকট্রনিক যন্ত্রাংশও ব্যবহার করা হয়েছে।

বিশেষ করে চীন ও পূর্ব এশিয়ার অন্যান্য দেশে রেস্তোরাঁয় খাবার পরিবেশন, পরিচ্ছন্নতা এবং হোটেলের অতিথিদের অভ্যর্থনা জানানোর মতো বিভিন্ন কাজে রোবটের ব্যবহার ক্রমেই বাড়ছে।

তবে পাকিস্তানে রোবটের ব্যবহার একটি নতুন অভিজ্ঞতা। আজিজের তৈরি রোবট দুটি তাই রেস্তোরাঁয় আসা অতিথিদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

রোবট দুটি খাবার নিয়ে টেবিলে পৌঁছালে, অতিথিদের নিজেদের ট্রে থেকে খাবার নামিয়ে নিতে হয়। অন্যথায়, সহায়তার জন্য কোনো মানব কর্মীর অপেক্ষা করতে হয়।

উচ্ছ্বসিত ক্রেতারা-

পাকিস্তানের মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের মুলতানে আজিজের রোবট তৈরির কর্মশালা রয়েছে। ভবিষ্যতে তিনি তার তৈরি রোবটগুলোকে আরও উন্নত করতে চান।

আজিজ বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো, রোবটগুলোতে ক্যামেরাভিত্তিক প্রযুক্তি ও ছবি বিশ্লেষণের সুবিধা যুক্ত করা।’

তিনি আরও বলেন, ‘এর ফলে রোবটটি আপনাকে দেখে চিনতে পারবে। গতবার আপনি কী খাবার অর্ডার করেছিলেন, সেটিও মনে রাখতে পারবে। সেই অনুযায়ী আপনাকে আরও ভালো খাবারের পরামর্শ দিতে পারবে।’

বর্তমানে রোবট দুটি পরিবারগুলোর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রোবটের কাজ দেখতে অনেকেই রেস্তোরাঁটিতে ভিড় করছেন।

উচ্ছ্বসিত ক্রেতা আহমের জামির এএফপিকে বলেন, ‘এর সবচেয়ে ভালো দিক হলো, এটি নিজেই নিজের পরিচয় দেয়।’

তিনি বলেন, রোবটটি কোন খাবার অর্ডার করা যাবে, সে সম্পর্কেও অতিথিদের জানায়।

শিশুরা রোবটগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করে। তাদের অভিভাবকেরা ছবি ও সেলফি তোলেন।

তরুণ ক্রেতা সোনিয়া দিলোস্কার রোবটগুলোর চেহারা দেখে মুগ্ধ হয়েছেন। গ্রাহকদের সঙ্গে রোবটের আচরণও তাঁর পছন্দ। তিনি বলেন, ‘এটি একটি যন্ত্র এবং এর কোনো আবেগ নেই। এ কারণেই গ্রাহকদের সঙ্গে এর আচরণ আমার ভালো লাগে।’

রেস্তোরাঁর কর্মীরা জানান, রোবটের এই নতুনত্বের কারণে ক্রেতার সংখ্যা বেড়েছে। এমনকি করাচির দূরদূরান্ত থেকেও মানুষ রোবট দেখতে আসছেন।

রেস্তোরাঁর কর্মী হেলেন এএফপিকে বলেন, ‘আমাদের ব্যবসা বেড়েছে। রোবট দেখতে অনেক দূর থেকে মানুষ আসছেন। এখানে এসে তারা প্রথমবারের মতো রোবট দেখছেন।’

তিনি বলেন, ‘রোবটগুলো দেখতে মানুষ খুবই উচ্ছ্বসিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%