০৮:৩৬ পি.এম
অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় বিশাল অ্যানাকোন্ডাকে নির্ভীকভাবে স্পর্শ করেছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের কন্যা মালতি মেরি। মেয়ের এই সাহস দেখে অভিনেত্রী তাকে ‘সবচেয়ে সাহসী মেয়ে’ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি মা-মেয়ের চিড়িয়াখানা ভ্রমণের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
ছবি ও ভিডিওতে দেখা যায়, চিড়িয়াখানার কর্মীদের তত্ত্বাবধানে বিশাল অ্যানাকোন্ডার কাছে বসে সেটিকে স্পর্শ করছে মালতি। এ সময় তার পরনে ছিল সাদা ফুলের নকশা করা পোশাক এবং গোলাপি জুতা। মেয়ের এই সাহসিকতার মুহূর্তের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সাহসী মেয়ে।’
চিড়িয়াখানা ঘুরে মা-মেয়ে আরো বেশ কিছু প্রাণীর সঙ্গে সময় কাটিয়েছে। একটি ছবিতে গণ্ডারের পাশে মালতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। অন্য একটি ছবিতে মেয়ের সঙ্গে জিরাফকে খাবার দিচ্ছেন তিনি। এ ছাড়া ছোট একটি সরীসৃপের সঙ্গে সময় কাটানো, লেমুরের সঙ্গে ছবি তোলা এবং ক্যাঙ্গারুর পাশে বসে থাকার মুহূর্তও ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: জন-নোরা ৬ বছর পর ফের একসঙ্গে ‘ফোর্স ৩’-তে
পুরো অভিজ্ঞতাকে স্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। এই ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য অভিনেতা রাসেল ক্রোকে এবং চিড়িয়াখানায় উষ্ণ অভ্যর্থনার জন্য টেরি আরউইনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে প্রয়াত স্টিভ আরউইনের অবদানের কথাও স্মরণ করেছেন। তার মতে, চিড়িয়াখানাজুড়ে এখনও প্রাণীদের প্রতি স্টিভের ভালোবাসা ও আগ্রহের ছাপ রয়েছে।
এদিকে, বর্তমানে অস্ট্রেলিয়ায় নিজের নতুন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’ সিনেমার শুটিং করছেন প্রিয়াঙ্কা। নিমরোদ আন্তাল পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন রাসেল ক্রো। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন