০৮:৩৬ পি.এম
শ্রমিকদের জীবনমানের উন্নতি ঘটবে না যদি বাড়িভাড়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে না আনা হয়, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, "ন্যূনতম মজুরি বাড়ালেই শ্রমিকদের জীবনমানের উন্নতি হবে না।"
বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। গাজী আতাউর রহমান আরও জানান, মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়ানোও অত্যন্ত জরুরি। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, মজুরি বা বেতন বাড়লেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায় না। তিনি উল্লেখ করেন, "টাকা এক শ্রেণির ব্যবসায়ীর পকেট থেকে আরেক শ্রেণির ব্যবসায়ীর পকেটে যায়। শ্রমিক অভাবের পুরোনো বৃত্তেই ঘুরপাক খায়।"
তিনি বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধিকে কার্যকর করতে হলে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি এবং সার্বিকভাবে দেশের সর্বত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।
আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিম উদ্দিন
শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের করণীয় তুলে ধরে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, শ্রমিকদের প্রধান সমস্যাগুলোর একটি হলো আবাসন। সরকার চাইলে শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি ভর্তুকি মূল্যে খাবার সরবরাহের উদ্যোগ নিতে পারে।
তবে এসব উদ্যোগের পাশাপাশি স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই শ্রমিকদের জীবনমান উন্নয়নের স্থায়ী পথ। তিনি আশা প্রকাশ করেন যে, সরকার সেই পথে হাঁটবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন