ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতার ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি


লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতার ওসিকে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি প্রদান করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহি। শুক্রবার, গতকাল, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে তিনি এই হুমকি দেন।

ভাইরাল হওয়া অডিওতে, নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দিয়ে, তিনি পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন রেখে দেওয়া এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালির অভিযোগ তুলতে শোনা যায়।

এছাড়া, ওই নেতা উল্লেখ করেন যে, রামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আর কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর করতে অটোমেশনের গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল আরফান খান মাহি নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয়ে ফোন দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন, "আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ও অপপ্রচারসহ যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্ট গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বিজিবি আগেও যেভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, বর্তমানে তার চেয়েও দ্বিগুণ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিশেষ করে গুজব ও অপপ্রচার যেন বাস্তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও বাড়তি নজরদারিসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।’

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবি সক্রিয় রয়েছে উল্লেখ করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬ জন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারও পালটাপালটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দুই দেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ায় আহত হয়েছেন ১০ জন এবং ইউক্রেনে ছয়জন।

দুই দেশের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৬২টি হামলাকারী ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১৪১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে চলমান যুদ্ধের কারণে দুই পক্ষের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি কোম্পানির কর্মীদের বহনকারী বাসে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। এতে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইয়েগর কোভালচুক।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই অঞ্চলের একটি শিল্পকারখানায়ও আরেকটি ড্রোন আঘাত হানে। এতে আহত হয়েছেন আরও একজন।

অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের চারটি জেলায় ২০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানজা।

কিয়েভ অঞ্চলের বিলার তসেরকভা শহরেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, হামলায় ভাঙা কাচের আঘাতে এক নারী আহত হয়েছেন।

এ ছাড়া একটি গ্যারেজ কমপ্লেক্সে আগুন ধরে যায়। এতে ছয়টি গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দুটি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের জ্বালানি, পরিবহণ অবকাঠামো এবং দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিলার তসেরকভা শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের কিলিয়া শহরের একটি জ্বালানি ট্যাংক এবং দিনিপ্রোপেত্রোভস্ক, ঝিতোমির ও খারকিভ অঞ্চলের চারটি রেল ইঞ্জিন।

এ ছাড়া ওদেসার দক্ষিণে কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, সৌদি আরবে নিরাপত্তা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা, সৌদি আরবে নিরাপত্তা সতর্কতা জারি

সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী জাজান প্রদেশে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে কিছু সময় পর এই সতর্কতা তুলে নেওয়া হয় এবং জানানো হয় যে, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এমন পরিস্থিতির মধ্যে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝে গত জুলাই মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী এবং ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষই একের পর এক হামলার খবর প্রকাশ করেছে।

শনিবার, হুথিরা দাবি করেছে যে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলায় আল-তাহরির এলাকায় আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ১৩ জন আহত হয়েছেন।

এদিকে, হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরা টিভি জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী তাইজ প্রদেশের মোখা বিদ্যুৎকেন্দ্রে তিনটি বিমান হামলা চালিয়েছে। সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে যে, আল-বাইদা প্রদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কেও হামলা হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানায় হুতি-সংশ্লিষ্ট অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কর্মশালা এবং কাঠামোগত সংযোজনকেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ করেছে।

এর আগে, গত ২৬ নভেম্বর জোট বাহিনী দাবি করেছিল যে, সানা, আল-হুদায়দা ও সাদা প্রদেশে হুথিদের ৫০টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা। সাম্প্রতিক হামলাগুলোকে ওই অভিযানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রান্সকম ডিজিটাল উন্মোচন করলো হিটাচির নতুন রেফ্রিজারেটর সিরিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ট্রান্সকম ডিজিটাল উন্মোচন করলো হিটাচির নতুন রেফ্রিজারেটর সিরিজ

বাংলাদেশের বাজারে নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করেছে ট্রান্সকম ডিজিটাল, যা হিটাচির সর্বশেষ প্রযুক্তির ফল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ অনুষ্ঠানে নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর সিরিজের পাশাপাশি প্রতিষ্ঠান দুটির যৌথ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, বাংলাদেশের বাজারে হিটাচির উপস্থিতি আরও সম্প্রসারণ ও অবস্থান সুদৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই নতুন পণ্যগুলো আনা হয়েছে।

এক শতাব্দীরও বেশি সময়ের প্রযুক্তিগত উদ্ভাবন ও জাপানি কারিগরি দক্ষতার ভিত্তিতে তৈরি নতুন রেফ্রিজারেটর সিরিজে উন্নত শীতলীকরণ প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যকারিতা ও নান্দনিক নকশার সমন্বয় করা হয়েছে। আধুনিক পরিবারের খাবার সংরক্ষণে উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এসব পণ্য তৈরি করা হয়েছে।

নতুন সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হলো ডুয়াল ফ্যান কুলিং প্রযুক্তি। এতে রেফ্রিজারেটর ও ফ্রিজার অংশের জন্য আলাদা শীতলীকরণ ব্যবস্থা রয়েছে। ফলে দুই অংশে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে সঠিক তাপমাত্রা বজায় রাখা এবং কার্যকর শীতলীকরণ নিশ্চিত করা সম্ভব হবে।

এ ছাড়া রয়েছে ট্রিপল পাওয়ারফুল ডিওডোরাইজেশন প্রযুক্তি। এটি খাবারের বিভিন্ন ধরনের গন্ধ দূর করার পাশাপাশি এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়িয়ে পড়া প্রতিরোধ করে এবং রেফ্রিজারেটরের ভেতরের পরিবেশ সতেজ রাখতে সহায়তা করে।

রেফ্রিজারেটরগুলোতে ‘সিলেক্টেবল জোন’ নামে একটি বহুমুখী সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ‘সফট ফ্রিজ’ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ রেফ্রিজারেটর—এই দুই মোডের মধ্যে পরিবর্তন করতে পারবেন। ফলে বিভিন্ন ধরনের রান্নার জন্য প্রস্তুত খাবার সহজে সংরক্ষণ করা যাবে।

এতে ব্যবহৃত ইনভার্টার প্রযুক্তির বুদ্ধিমান কম্প্রেসর নিয়ন্ত্রণ ব্যবস্থা শীতলীকরণ কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়, শব্দ কমানো এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করবে।

প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশ ও আধুনিক নকশার এসব রেফ্রিজারেটর আধুনিক রান্নাঘরের উপযোগী করে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের রপ্তানি বিক্রয় পরিচালক তরুণ জৈন বলেন, ‘বাংলাদেশ আমাদের অন্যতম অগ্রাধিকারমূলক বাজার। সর্বশেষ রেফ্রিজারেটর সিরিজগুলো জাপানি প্রকৌশলগত উৎকর্ষ, প্রযুক্তিগত উদ্ভাবন ও আপসহীন মানের প্রতি হিটাচির দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলন। উন্নত খাবার সংরক্ষণ প্রযুক্তি ও সুচিন্তিত বৈশিষ্ট্যসমৃদ্ধ এসব পণ্য বাংলাদেশি পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও উন্নত করতে তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ট্রান্সকম ডিজিটালের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশে হিটাচির পণ্যের পরিধি আরও বাড়বে। একই সঙ্গে সারা দেশের গ্রাহকদের কাছে এসব প্রযুক্তিগত উদ্ভাবন পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্রান্সকম ডিজিটালের ব্যবসাপ্রধান মো. রাশেদুল ইসলাম বলেন, ‘প্রযুক্তিগত উৎকর্ষ, নির্ভরযোগ্যতা ও প্রিমিয়াম নকশার মাধ্যমে হিটাচি সবসময় নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে। নতুন রেফ্রিজারেটর সিরিজের সংযোজন বাংলাদেশের গ্রাহকদের কাছে বিশ্বমানের গৃহস্থালি পণ্যের উদ্ভাবন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।’

তিনি বলেন, ট্রান্সকম ডিজিটালের বিস্তৃত বিক্রয়কেন্দ্র ও পরিবেশক নেটওয়ার্ক, গ্রাহক সম্পৃক্ততা এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা অবকাঠামো কাজে লাগিয়ে হিটাচি ক্রেতাদের জন্য পণ্যের সহজলভ্যতা, উন্নত কেনাকাটার অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে হিটাচির কর্মকর্তাদের মধ্যে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফুজিমোরি ফুমিয়াসু এবং রপ্তানি বিক্রয় প্রধান এলভিন থাম উপস্থিত ছিলেন।

ট্রান্সকম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রধান আর্থিক কর্মকর্তা শিব পদ দে এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

ট্রান্সকম ডিজিটাল হলো ট্রান্সকম ইলেকট্রনিক্সের একটি প্রধান ব্যবসায়িক ইউনিট। প্রতিষ্ঠানটি সারা দেশে ৬৫টি নিজস্ব বিক্রয়কেন্দ্র ও ১৫০টি পরিবেশক পয়েন্টের নেটওয়ার্কের মাধ্যমে পণ্য সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা পরিচালনা করে। এর বহু-ব্র্যান্ডের পণ্যসম্ভারে হিটাচির পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। বাংলাদেশে হিটাচির অনুমোদিত সেবা অংশীদার হিসেবেও কাজ করছে ট্রান্সকম ডিজিটাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%