১২:০২ পি.এম
মাসে মাত্র পাঁচশ টাকার একটি টিউশনি দিয়ে যার পথচলা শুরু হয়েছিল, আজ তাঁর হাতেই গড়ে উঠেছে লাখ টাকার অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ জোগাতে একসময় যিনি হিমশিম খেয়েছেন, তাঁর এই প্রতিষ্ঠানে এখন নিয়মিত পড়াশোনা করছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। শুধু নিজের আত্মনির্ভরশীলতাই নয়, তাঁর এই উদ্যোগের মাধ্যমে আজ কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও আটজন শিক্ষার্থীর।
সংগ্রাম আর সাফল্যের এই রূপকথার নায়কের নাম আব্দুল্লাহ আল নোমান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৌহারগ্রামে। বাবা শামছুল হক স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। সীমিত আয়ের এক পরিবারে জন্ম নেওয়া নোমানের শিক্ষাজীবনের প্রতিটি পদক্ষেপে ছিল নানা প্রতিকূলতা ও লড়াইয়ের গল্প।
স্মৃতি হাতড়ে ২০১৫ সালের সেই দিনগুলোর কথা মনে করেন নোমান। সে বছর পরিবারে আর্থিক সংকট তীব্র আকার ধারণ করায় তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। বাবার একার উপার্জনে যেখানে সংসার চালানোই দায়, সেখানে নিজের পড়াশোনার খরচ তো বিলাসিতা। নিরুপায় হয়ে নিজের খরচ নিজেই জোগানোর কঠিন সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৫০০ টাকার বিনিময়ে এলাকার দুই শিক্ষার্থীকে পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় তাঁর দীর্ঘ সংগ্রামের যাত্রা। এভাবেই ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে নিজের টিউশনির আয়েই নিজের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।
আরও পড়ুন: আফতাবনগরে শিশুদের বইয়ের জগতে ফেরাতে আলোকায়নের ব্যতিক্রমী উদ্যোগ
দারিদ্র্য যেন প্রতিনিয়ত তাঁর পথ আটকে দাঁড়াতে চেয়েছিল। আলিমে (এইচএসসি) ভর্তির সময় যখন অর্থের অভাব দেখা দেয়, তখন ৮ হাজার টাকা ঋণ করে ভর্তি হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। তবে শত আর্থিক সীমাবদ্ধতা ও সামাজিক প্রতিকূলতাও তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি।
নোমানের জীবনের মোড় ঘুরে যায় করোনাকালে। মহামারির প্রভাবে যখন প্রচলিত টিউশনির সুযোগ চিরতরে বন্ধ হওয়ার উপক্রম, তখন হতাশ না হয়ে বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন তিনি। সেই দূরদর্শিতা থেকেই ২০২১ সালের শুরুর দিকে ফেসবুকে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ নামে ফেসবুক পেইজ খুলে অনলাইনভিত্তিক পাঠদান শুরু করেন। তাঁর মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিন পরিবারগুলোর সন্তানদের কাছে মাতৃভাষায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া।
শুরুর পথটা মোটেও সহজ ছিল না। প্রত্যাশিত সাড়া না পেয়েও হাল ছাড়েননি নোমান; বরং নিরলস পরিশ্রম চালিয়ে গেছেন। অবশেষে ২০২২ সালের শেষ দিক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। প্রবাসী পরিবারের শিশুদের অনলাইনে পবিত্র কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি পড়ানো শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর ব্যক্তিগত এই উদ্যোগটিই রূপ নেয় একটি পূর্ণাঙ্গ অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানে।
বর্তমানে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’র পরিধি বেশ প্রসারিত হয়েছে। আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বর্তমানে ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী এখানে আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠ গ্রহণ করছেন। প্রাতিষ্ঠানিক এই কার্যক্রমে নোমানের অধীনে বর্তমানে আরও আটজন শিক্ষক সম্মতির ভিত্তিতে কাজ করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক আয় ছাড়িয়েছে লাখ টাকার ঘর। নিজের উদ্যোগের মাধ্যমে তিনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তেমনি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানের সুযোগও।
আরও পড়ুন: এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
নিজের এই সংগ্রামমুখর যাত্রার বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘২০১৫ সালের পর পরিবারের পক্ষে আমার পড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ৫০০ টাকার টিউশনি দিয়ে জীবনযুদ্ধ শুরু করি। পরে করোনাকালে টিউশন বন্ধ হলে ২০২১ সালে “তাদিলুল উম্মাহ একাডেমি” নামে ফেসবুক পেজ খুলে অনলাইন পাঠদান শুরু করি। প্রথম দিকে তেমন সাড়া মেলেনি, কিন্তু আমি থামিনি। আজ বিদেশের প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে পড়ছে। আমিসহ মোট নয়জন শিক্ষক এখানে কর্মরত এবং আমাদের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে।’
ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই তরুণ উদ্যোক্তা বলেন, ‘সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানের পরিধি আরও বাড়িয়ে দেশের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের দোরগোড়ায় বাংলা, আরবি, ইংরেজি ও গণিতসহ আমাদের জাতীয় শিক্ষাক্রম পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন বাস্তবায়নে আমি দেশবাসী ও সরকারের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া কামনা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন