বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩১ পি.এম
নেত্রকোণা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : শিক্ষার্থীদের মানসিক, বুদ্ধিবৃত্তিক ও শারীরিক বিকাশের উদ্দেশ্যে নেত্রকোণায় ‘ওয়ান ইন্সটিটিউশন ফোর ক্লাবস’ মডেলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা, বিজ্ঞান, বিতর্ক ও সুস্থ সংস্কৃতি ক্লাব প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ভিশন’ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠন এবং আগামীর নেতৃত্ব তৈরি করার সম্ভাবনাকে সামনে আনতেই জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত জেলা প্রশাসক জেলা শহরের সরকারি দু’টি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী এন.আকন্দ কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৪টি নতুন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ক্লাবগুলোর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এন. আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিজা খাতুন এবং জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মতীন এবং কুরআন তেলাওয়াত করেন আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ বিন মাহফুজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষা কোনো এক পাক্ষিক উন্নয়ন নয়, এটি একটি বহুমাত্রিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বা টেক্সটবুক নির্ভর শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য।’
তিনি জানান, শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নতির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে চারটি ক্লাবের রূপরেখা তৈরি করা হয়েছে।
ইসলামী মূল্যবোধ বজায় রেখে সুস্থ সংস্কৃতি চর্চার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘অসহায় মানুষকে সহায়তা করা এবং সমাজকে সুসংগঠিত করতে ‘হিলফুল ফুজুল’-এর মতো সামাজিক উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ উপমহাদেশের শিক্ষাব্যবস্থায় ১৯৪৭ সালের পূর্ববর্তী সময়ে মাদ্রাসা শিক্ষার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান গ্লোবালাইজেশনের যুগে তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের সাথে তাল মিলিয়ে আধুনিক বিশ্বের উপযোগী হয়ে ওঠার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা বলেন, ‘সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিজের জীবন গঠন, সমাজ ও দেশকে দেয়ার অপার সম্ভাবনা রয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ বিদ্যাপীঠগুলোতে আজ মাদ্রাসা শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন।’
তিনি ইসলামের প্রথম বাণী ‘ইকরা’ এবং ‘দোলনা থেকে কবর পর্যন্ত’ জ্ঞানার্জনের তাগিদের কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিতর্ক ও সুন্দর বক্তৃতার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। মডারেটরের সাথে সংযোগ রাখা, আই-কনট্যাক্ট বজায় রাখা এবং চিরকুটে পয়েন্ট লিখে যুক্তি তুলে ধরার দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে শিক্ষার্থীদের আয়োজিত বিতর্কের প্রশংসা করেন তিনি।
উদ্বোধনী পর্ব শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হামদ-নাত, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, ত্রিভাষিক বক্তব্য, বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞান ক্লাবের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।
সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা যাবে। আবাসস্থল পরিবর্তনের কারণে এই আবেদন করা হচ্ছে।
বুধবার, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনগুলোর ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে এবং আবেদনগুলো নিষ্পত্তির জন্য শেষ সময় ১০ সেপ্টেম্বর।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন এই সময়সূচি নির্ধারণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলার রামপালের গৌরম্ভার কৈগরদাশকাঠি এলাকার লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার সরকারি ত্রাণ সামগ্রী পেয়েছে। লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করায় কয়েকশ’ ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে চাল-ডাল-তেলসহ প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে মরা পশুর নদী সংলগ্ন বেড়িবাঁধ ভেঙে লিটুর চরসহ আশপাশের এলাকার কয়েকশ’ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। অনেক বসতঘর ও ঘরের আঙ্গিনা পানিতে তলিয়ে যায়। পানিবন্দি পরিবারের রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জরাজীর্ণ বেড়িবাঁধের স্থায়ী সংস্কার না হওয়ায় জোয়ারের পানিতে তা ভেঙে মাছের ঘের ও আমনের বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ এবং কয়েকশ’ ঘরবাড়ি প্লাবিত হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তার উদ্যোগ নেয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জরাজীর্ণ বেড়িবাঁধটি দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বুধবার থেকে বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউরোপীয় দেশগুলোর অসন্তোষের মধ্যে রাশিয়ার একজন মন্ত্রীর উপস্থিতি নিয়ে দুই দিনের জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক মঙ্গলবার শেষ হয়েছে। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে চীন ছাড়া প্রায় সব দেশই পূর্ণ সমর্থন জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে রাশিয়ার একজন মন্ত্রীর উপস্থিতি আলোচনায় কোনো প্রভাব ফেলেনি।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, "প্রায় সব অংশগ্রহণকারী দেশ সম্মেলনের সভাপতির বিবৃতিতে সম্মত হওয়াই প্রমাণ করে যে রাশিয়ার উপস্থিতির কারণে আলোচনায় ‘কোনো প্রভাব পড়েনি’।"
উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভকে স্বাগত জানানোর ঘটনায় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা অসন্তোষ প্রকাশ করেছে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কনীতিও গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হয়ে ওঠে।
সম্মেলনের সভাপতির বিবৃতিতে হরমুজ প্রণালীতে ‘অবাধ, নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে চীন এই বিবৃতির অংশে আপত্তি জানিয়েছে।
ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান গুরুত্বপূর্ণ এই নৌপথটি অনেকটাই অবরুদ্ধ করে রেখেছে।
সোমবার জি-২০ নেতাদের প্রচলিত ‘ফ্যামিলি ফটো’ তোলা হয়। ইউরোপীয় কর্মকর্তাদের প্রতিবাদের পর সেই ছবিতে রাশিয়ার অর্থমন্ত্রী সিলুয়ানভ ছিলেন না।
উত্তর ক্যারোলাইনার চ্যাপেল হিলে অনুষ্ঠিত জি-২০’র পৃথক একটি উদ্ভাবন বিষয়ক বৈঠকেও অংশগ্রহণকারীদের দুটি দলগত ছবি তোলা হয়। এতে ইউরোপীয় নেতারা রাশিয়ার প্রতিনিধিদল থেকে আলাদা থাকার সুযোগ পান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক মুখপাত্র জানিয়েছেন, সিলুয়ানভ বৈঠকে অংশ নেবেন— এ কথা প্রতিনিধিদের খুব অল্প সময় আগে জানানো হয়েছিল।
মঙ্গলবার সিলুয়ানভের উপস্থিতি আলোচনায় কোনো প্রভাব ফেলেছে কি না, তা জানতে চাইলে কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এএফপিকে বলেন, "এতে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।"
ইইউর অর্থনীতি বিষয়ক প্রধান ভালদিস ডোমব্রোভস্কিস সাংবাদিকদের জানিয়েছেন, এ ধরনের আন্তর্জাতিক বৈঠকে রাশিয়ার উপস্থিতিকে ‘স্বাভাবিক’ হিসেবে মেনে নেওয়ার সময় এখনো আসেনি।
তিনি আরও বলেন, "রাশিয়াকে এসব বৈঠকে অন্তর্ভুক্ত করার অর্থ হলো এমন একটি সরকারের প্রতিনিধিদের সঙ্গে সংবেদনশীল অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা, যেই সরকার ইউক্রেনে ‘আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে’ এবং ‘প্রতিদিন বেসামরিক মানুষ হত্যা করছে’।"
তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বেসেন্ট এর পাল্টা জবাবে বলেন, "আমি জানি, কিছু ইউরোপীয় দেশ এতে অসন্তুষ্ট হয়েছে। কিন্তু আমার মনে হয়, যোগাযোগ ও আলোচনায় যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "আমি এটাও উল্লেখ করতে চাই যে যেই অর্থমন্ত্রীর সঙ্গে আমি বৈঠক করেছি, তিনি নিষেধাজ্ঞার আওতায় নেই।"
এদিকে মঙ্গলবার জার্মানি গত মাসে দেশটির একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ড্রোনের মাধ্যমে কথিত ‘হাইব্রিড হামলা’ চালানোর চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করেছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বার্লিন।
বর্তমানে জি-২০’র সভাপতির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহে ওয়াশিংটন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে মিত্র ও অংশীদার দেশগুলোর সমর্থন আদায়েরও চেষ্টা করছে দেশটি।
‘দীর্ঘস্থায়ী ভারসাম্যহীনতা’
আরেকটি বিষয়ে চীন আপত্তি জানিয়েছে। জি-২০’র বিবৃতিতে বলা হয়েছে, ‘অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী ভারসাম্যহীনতা ঝুঁকি তৈরি করে এবং অর্থনীতিতে নানা ধরনের বিকৃতি ঘটাতে পারে।’
বিবৃতিতে দেশগুলোকে ‘বাজারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যহীন নীতি’ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে যে সমালোচনা রয়েছে, এই বক্তব্যে তারই প্রতিফলন দেখা গেছে।
সমালোচকদের অভিযোগ, এর ফলে অন্য দেশগুলোর সঙ্গে অসম প্রতিযোগিতা তৈরি হয় ও পণ্যের দাম কমে যায়।
কানাডার অর্থমন্ত্রী শ্যাম্পেন বলেন, "আমাদের সম্মিলিত পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে এবং বিষয়টি খতিয়ে দেখতে হবে। কারণ বর্তমান বৈশ্বিক ভারসাম্যহীনতা টেকসই নয়। এ আলোচনার টেবিলে সবাইকে থাকতে হবে।"
জি-২০তে ১৯টি দেশ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আফ্রিকান ইউনিয়ন রয়েছে। ১৯৯৭-৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে জোটটি প্রতিষ্ঠা করা হয়।
অ্যাশভিলের অর্থমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের প্রস্তুতিও এগিয়ে গেল। ওই সম্মেলনের আয়োজন করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকের ফাঁকে ইউক্রেনকে সহায়তার বিষয়টিও আলোচনায় আসে। এ নিয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর একটি বৈঠকেও আলোচনা হয়েছে।
চলতি গ্রীষ্মে মস্কো কিয়েভে হামলা আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এখন স্থবির হয়ে আছে। যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ক্রেমলিন এখনো সর্বোচ্চ পর্যায়ের কঠোর দাবিগুলো বজায় রেখেছে।
জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল মঙ্গলবার বলেন, "বেসামরিক মানুষের ওপর ভয়াবহ রকেট হামলা বেড়েছে।"
তিনি আরও বলেন, "এসব অবশ্যই বন্ধ করতে হবে।"
ক্লিংবাইল বলেন, তিনি ও ইউরোপের অন্যান্য অর্থমন্ত্রীরা ‘ইউক্রেন বিষয়ে নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছেন।’
সোমবার রাতে জি-৭ নেতাদের বৈঠকের সময় ইউক্রেনের অর্থমন্ত্রীও অনলাইনে যুক্ত হয়ে কিয়েভকে সহায়তার বিষয়ে আলোচনায় অংশ নেন বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের হাতে আটক হয়েছে নাহিদ নামের এক যুবক, যার কাছে একটি সরকারি পিস্তল ছিল।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নাহিদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ অভিযানের সময় নাহিদের কাছ থেকে একটি সরকারি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটক হওয়া নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, ‘সরকারি পিস্তলসহ নাহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ