০৪:৫৪ পি.এম
সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১১ অক্টোবর) এই পরিপত্রটি প্রকাশ করে।
নতুনভাবে জারি করা পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করার কথা উল্লেখ করা হয়েছে এবং এই উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্বে, গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসবসমূহ বাদে সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে কিছু নির্দেশনা গৃহীত হয়েছে। এর মধ্যে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত আকারে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে হবে।
কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সরকারিভাবে গৃহীত কর্মসূচিগুলি অফিসের কর্মকাণ্ডে ব্যাঘাত সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে হবে এবং আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।
নগদ বা উপকরণ আকারে অর্থ বা সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না—এমন সাধারণ ইভেন্টসমূহ ছুটির দিনে কিংবা কার্যদিবসে আয়োজন করা যাবে। রাজধানীর বাইরে থেকে বা জেলা পর্যায় হতে কর্মকর্তা বা কর্মচারীদের ঢাকায় আনা যতটা সম্ভব পরিহার করা হবে।
সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে, মন্ত্রণালয়/বিভাগসমূহের অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদ্যাপনকে প্রাধান্য দিয়ে একই তারিখে একত্রে পালন করা আবশ্যক। মন্ত্রণালয়/বিভাগসমূহ প্রযোজ্য ক্ষেত্রে এতদ্বিষয়ক সারসংক্ষেপ মন্ত্রিসভা-বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সিদ্ধান্তগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন