বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৪ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় ঢাকা–বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় তাঁরা জয় বাংলা লেখা কয়েকটি বৈঠাও উদ্ধার করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘বিষয়টি এখনো আমি পরিষ্কারভাবে জানতে পারিনি। এ বিষয়ে জানার চেষ্টা করছি।’
ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি পরবর্তীতে স্বাভাবিক হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন যে, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, "ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রাথমিক আলামত ও ছবি বিশ্লেষণ করে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে নাশকতার কোনো প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের নির্দেশনা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডের সর্বশেষ তদন্ত চিত্র তুলে ধরেন। তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরাতন টিনশেড আধাপাকা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন। অগ্নিকাণ্ডের সময় পুরাতন বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না; সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল ছিল। আগুনের কারণে ছাগল দুটি মারা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানার ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, খবর পাওয়ার পর অ্যাডিশনাল এসপি ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকালে তিনি নিজে জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে তাকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগুনটি স্বাভাবিকভাবে লেগেছে নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে—এ বিষয়টি উদ্ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
সংসদে বিজিবির প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন পড়ে শুনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে বিজিবি জানিয়েছে যে সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ বা বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য মেলেনি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।
ঘটনাস্থলের দেয়ালসহ সবকিছুর ছবি ও অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেকটা পরিত্যক্ত ও পুরাতন ওই বাড়িটির বৈদ্যুতিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ও পুরাতন ছিল। সংগৃহীত ছবি দেখে প্রাথমিক তদন্তে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।
তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়া যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, অধিকতর তদন্তে তা প্রকাশ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ইতোমধ্যে আজ ১২ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩) এন্ট্রি করা হয়েছে এবং পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘বাংলাফ্যাক্ট’ ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপ শনাক্ত করেছে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত হচ্ছে। এছাড়া, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার, বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য তুলে ধরেন। এ সময় মন্ত্রী অনুপস্থিত থাকায়, প্রতিমন্ত্রী তাঁর পক্ষে এই জবাব দেন।
প্রতিমন্ত্রী সংসদকে জানান, দেশজুড়ে অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় ‘বাংলাফ্যাক্ট’ (www.banglafact.com) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্ল্যাটফর্মটি এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ৫৫২টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ‘বাংলাফ্যাক্ট’ প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি ভুয়া দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে। সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীদের সচেতন ও সহায়তার জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
এছাড়া, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফিচার ও জনসচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের দাপ্তরিক ফেসবুক পেজ এবং দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলেও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন সময়ে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলার অভিযোগ উত্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আইইবির ঢাকা কেন্দ্রে হট্টগোলের কারণে শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
প্রতিদ্বন্দ্বী কয়েকটি প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেছেন যে, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে বিএনপি-সমর্থিত ‘হলুদ প্যানেলের’ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। নিয়ম অনুযায়ী পোলিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপার সরবরাহের কথা থাকলেও অভিযোগ উঠেছে যে, হলুদ প্যানেলের প্রতিনিধিরা ভোটারদের হাতে ব্যালট তুলে দিচ্ছেন। এ ছাড়া ভোটারদের আকৃষ্ট করার জন্য কেন্দ্রের ভেতরে ও আশপাশে উপহারসামগ্রী বিতরণের অভিযোগও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী প্রার্থীদের দাবি, বিকেলের দিকে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও অননুমোদিত কার্যক্রমে বাধা দিতে গেলে হলুদ প্যানেলের কয়েকজন কর্মী-সমর্থক হামলা চালান। এ সময় শৃঙ্খলার দায়িত্বে থাকা একাধিক স্কাউট সদস্য লাঞ্ছিত ও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী প্রার্থীরা আরও জানান যে, এসব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও কমিশন তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে হলুদ প্যানেলের দায়িত্বশীল কোনো নেতা কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যা ইসরাইলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
বর্তমানে বিরোধী রাজনৈতিক জোটের সদস্য হিসেবে লিবারম্যান দেশের ‘ইসরাইল বেইতেনু’ দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি উল্লেখ করেছেন, বর্তমান সরকারের নিরাপত্তাসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদের তদারকি এবং সব নিরাপত্তা সংস্থার পূর্ণ সম্মতি থাকা আবশ্যক।
লিবারম্যান জোর দিয়ে বলেছেন, ‘আমি সব নিরাপত্তা সংস্থার কথা বলছি।’
নেতানিয়াহুর নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী সতর্কবার্তা প্রদান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ