প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছেন যে, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, "ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রাথমিক আলামত ও ছবি বিশ্লেষণ করে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে নাশকতার কোনো প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের নির্দেশনা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডের সর্বশেষ তদন্ত চিত্র তুলে ধরেন। তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগওয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরাতন টিনশেড আধাপাকা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ি থেকে ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন। অগ্নিকাণ্ডের সময় পুরাতন বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না; সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল ছিল। আগুনের কারণে ছাগল দুটি মারা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানার ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, খবর পাওয়ার পর অ্যাডিশনাল এসপি ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকালে তিনি নিজে জেলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে তাকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগুনটি স্বাভাবিকভাবে লেগেছে নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে—এ বিষয়টি উদ্ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি কাজ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
সংসদে বিজিবির প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন পড়ে শুনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে বিজিবি জানিয়েছে যে সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের কোনো শব্দ বা বাড়ির দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য মেলেনি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।
ঘটনাস্থলের দেয়ালসহ সবকিছুর ছবি ও অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অনেকটা পরিত্যক্ত ও পুরাতন ওই বাড়িটির বৈদ্যুতিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ও পুরাতন ছিল। সংগৃহীত ছবি দেখে প্রাথমিক তদন্তে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে।
তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়া যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, অধিকতর তদন্তে তা প্রকাশ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ইতোমধ্যে আজ ১২ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩) এন্ট্রি করা হয়েছে এবং পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন