ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। অনুষ্ঠানে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।” প্রধান আলোচক জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।” বিশেষ আকর্ষণ ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, “নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কলেজজীবনকে জ্ঞান অর্জন, সৃজনশীলতা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানো হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শিক্ষার প্রতি আগ্রহ এবং ইতিবাচক নেতৃত্বের চর্চা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

বিএনপির বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ, ভোটে কারচুপি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন প্রদানের ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে শূন্য করে ফেলা হবে। এ অঞ্চলকে বাঁচাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রে বিএনপি দুর্নীতি করেছে এবং দলীয় লোকজনকে সুযোগ-সুবিধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিএনপির দিন ফুরিয়ে আসছে। ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।

চাঁদাবাজি ও দখলদারত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ১৯৭১ সাল নিয়ে বিএনপি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। তাঁর দাবি, বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারের সদস্যরাও সে সময়ের অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন।

বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দলটির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের আচরণ নিয়েও সমালোচনা করেন।

নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ভোটে কোনো ধরনের টালবাহানা বা কারচুপি করা হলে ভোটকেন্দ্র থেকে নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে। কোনো প্রিসাইডিং কর্মকর্তা অনিয়ম করলে তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখার হুঁশিয়ারিও দেন তিনি।

এ ছাড়া নির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। প্রয়োজনে ঠাকুরগাঁও-১ আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

এ ছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার উদ্যোগে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনার শিকার ইবি কর্মচারী দিপু, মেডিকেল ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


সড়ক দুর্ঘটনার শিকার ইবি কর্মচারী দিপু, মেডিকেল ভর্তি

বহিরাগত এক মোটরসাইকেলের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের গেস্ট হাউজের কর্মচারী (দৈনিক মজুরি) দিপু গুরুতর আহত হয়েছেন। বর্তমান তিনি ইবি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেইনগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দিপু বাইসাইকেলে আসছিলেন। তবে দ্বিতীয় মেইনগেটের সামনে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় তার নাক-মুখ থেকে রক্তকরণ হলে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা উদ্ধার করে একটি ভ্যানের সহযোগিতায় মেডিকেলে নেন। বর্তমান তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুজ্জামান বলেন, লোকটার মাথায় ও নাকে ইঞ্জুরি আছে। ছয় ঘণ্টা অবজারভেশন শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। যদি সে ছয় ঘণ্টার মধ্যে বমি করে তাহলে বুঝা যাবে তার মাথার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে।

এদিকে আহত কর্মচারী দিপুর সঙ্গে কথা বলতে গেলে কিছু স্মরণ করতে পারছেন না বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, আমি ঘটনার বিষয়ে অবগত হয়েছি। ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের ১৭৫ একরের বাইরে। আমি রোগীকে দেখতে গিয়েছিলাম এবং ডাক্তারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলে এসেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়া দক্ষিণ বানাইয়ে চেয়ারম্যান প্রার্থী মামুন-অর-রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


কাঁঠালিয়া দক্ষিণ বানাইয়ে চেয়ারম্যান প্রার্থী মামুন-অর-রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ১ নং চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুন-অর-রশিদের নির্বাচনী মতবিনিময় সভা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ বানাই নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত দক্ষিণ বানাই গ্রামের বাসিন্দা ও ৯ নং ওয়ার্ডের একাংশের মানুষ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ মামুন-অর-রশিদকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুন-অর-রশিদ এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন। তিনি এলাকার দীর্ঘদিনের অবহেলিত জনপদের সমস্যা তুলে ধরে ইউনিয়নের সব কাঁচা রাস্তা দ্রুত পাকা করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় এলাকাবাসী এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ স্পোর্টসফেস্টের প্রেস মিট অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে একটি প্রেস মিট অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৩-৪৫ মিনিটে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এই প্রেস মিটের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারী জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফা উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান, ইফফাত আমবারিন জয়া, উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ও ক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট- সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম তাঁর উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন।

অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী ক্লাবসমূহের সম্মানিত প্রধান সমন্বয়কারী ও অফিস সমন্বয়কারীরা এবং গুলশান ইয়ুথ ক্লাব ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট -সিজন ২-এর বিভিন্ন কনভেনর ও কো-কনভেনর, এবং বিভিন্ন স্বনামধন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহের সম্মানিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস’ ২০২৬-কে সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী সকল ক্লাব ও তাদের ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাদের অঙ্গীকারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি রাজউকের চেয়ারম্যানের প্রতি তাঁদের মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি রাজউকের আওতাধীন এই কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় রাজউকের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁদের এই আস্থা ও সহযোগিতা গুলশান ইয়ুথ ক্লাবকে উৎসাহিত করেছে। সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে ক্লাবটি কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।

তিনি ‘উল্লাস’ ২০২৬ আয়োজনকে সম্ভব করে তুলতে যেসব স্পনসর ও পার্টনার উদারভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকলের অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব, সহযোগিতা ও অব্যাহত সমর্থনই এই ক্রীড়া উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলবে।

উল্লাস ২০২৬-এর আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক অজয় কুমার কুন্ডু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধি, পৃষ্ঠপোষকবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান।

তিনি উল্লাস ২০২৬-এর সাফল্য কামনায় সকলের সৌজন্যমূলক উপস্থিতি, সহযোগিতা ও মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। “উল্লাস ২০২৬” আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে উপস্থিত সকল অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, সম্মানিত অতিথিরা, পৃষ্ঠপোষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের উপস্থিতি ও মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজনটির বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শুভ সূচনা হবে। এরপর সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

তিনি জানান যে, আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট - সিজন ২। এবারের উৎসবে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট -১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য ২৪টি ক্লাব অংশগ্রহণ করবে এবং এতে ১২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।

অংশগ্রহণকারী ক্লাবসমূহ:

অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক ক্লাব: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

তিনি একই সঙ্গে ‘উল্লাস ২০২৬’-এর সকল স্পনসর ও পার্টনারের প্রতি তাদের উদার সহযোগিতা, আস্থা ও অঙ্গীকারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তাঁদের মূল্যবান অবদান উল্লাস ২০২৬-কে একটি প্রাণবন্ত, আনন্দমুখর ও সফল ক্রীড়া উৎসবে পরিণত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট - সিজন ২ এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহঃ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%