ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি নেতাদের মিলনমেলা


ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি নেতাদের মিলনমেলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আনসারী যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজনটি করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট, পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এ সময় তারা আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের জন্য নীতিমালা প্রণয়ন

মুশফিকুল ফজল আনসারী, যিনি সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে একটি পরিচিত নাম। সাংবাদিক হিসেবে তার প্রশ্নগুলো স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসত, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র উঠে আসত।

বর্তমানে তিনি মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তারেক রহমান। আগামী সোমবার (২৩ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এ তথ্য জানান।

বার্তায় সারোয়ার তুষার উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এনসিপি প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে দেখতে হবে বলে মনে করে এনসিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, গঙ্গা-পদ্মার পানি বণ্টন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ এম


ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, গঙ্গা-পদ্মার পানি বণ্টন নিয়ে আলোচনা

বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক চলছে। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন সংক্রান্ত তথ্য এবং উপাত্ত বিনিময় করবেন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে রয়েছে।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অপরদিকে, ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন মনের ভাষায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ এম


বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন মনের ভাষায় শুরু

বিয়ের আয়োজনে বাড়ির চারপাশে চলছে আনন্দ ও উল্লাস, অতিথিদের আনাগোনা। তবে বর ও কনের মধ্যে মুখের কোনো কথা নেই, শব্দের আদান-প্রদানও নেই। তারা নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ইশারা ও চোখের ভাষায়। কারণ, বর ও কনে দুজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

মুখে কথা না থাকলেও, কানে শোনার সক্ষমতা না থাকলেও, তাদের মনের মিলনে দুই প্রাণ এক হয়ে গেছে। শারীরিক সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে থামাতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের জীবনসঙ্গী হতে পেরে আনন্দিত।

এই বিয়ে কেবল দুই মানুষের নতুন জীবনের সূচনা নয়, বরং এটি ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও মনের ভাষায় গড়ে ওঠা এক অনন্য সম্পর্কের গল্প। যেখানে শব্দের প্রয়োজন হয়নি, মুখের কথারও প্রয়োজন হয়নি। ইশারা ও অনুভূতির মধ্য দিয়েই শুরু হয়েছে তাদের নতুন জীবনের পথচলা।

বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারে রেডিও কলোনি এলাকার নূর হোসেনের মেয়ে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে।

জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে পারিবারিক সম্মতির ভিত্তিতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বর ও কনে দুজনেই জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তবে তাদের শারীরিক সীমাবদ্ধতা স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসায় তারা বেড়ে উঠেছেন।

বরের বাবা গোলাম আজম জানান, ফেসবুকের মাধ্যমে তার ছেলের পরিচয় হয় মেয়ের সঙ্গে। পরে ঢাকায় থাকা তার এক বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।

তিনি বলেন, "আমার ছেলের বয়স যখন ছয় মাস, তখন থেকেই তার কানে সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। সে বাক প্রতিবন্ধী। তবে আমার ছেলে অত্যন্ত ভালো। সে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।"

এদিকে, দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নতুন জীবনে তাদের সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ এম


খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানোর জন্য বহুমুখী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় তৎপরতা বাড়ানো, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন ও আইনি সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২০ নভেম্বর, কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে, যাতে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে গতি আনার চেষ্টা করা হচ্ছে।

চলতি বছরের ২৯ জুন থেকে কার্যকর হওয়া বিশেষ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার আওতাভুক্ত। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার।" এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "বিশেষ করে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।" পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

বিশেষ এ সুবিধার মূল উদ্দেশ্য হলো, নির্ধারিত শর্ত পূরণকারী ঋণগ্রহীতাদের দায় নিষ্পত্তির সুযোগ দেওয়া ও দীর্ঘদিন ধরে খেলাপি হিসাবে আটকে থাকা অর্থ ব্যাংকগুলোকে আদায়ে সহায়তা করা। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণের হার রয়েছে—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে।

এ ছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে ঋণ আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, "বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ঋণ আদায় জোরদার এবং ব্যাংকের সম্পদের মান উন্নয়নে কাজ করছে তার ব্যাংক।" তিনি বলেন, "বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় ঋণ পরিশোধের সুযোগ তৈরি করেছে।" এর ফলে দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণের অর্থ আদায় করা ব্যাংকগুলোর জন্য সহজ হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা যাচাই, গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বকেয়া ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ অন্যান্য উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতেও ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন এ কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের ঋণ পোর্টফোলিওর সম্ভাব্য ঝুঁকি আগেভাগে মূল্যায়ন করতে পারবে এবং এতে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাওয়া ও সে অনুযায়ী সময়মতো প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ সহজ হবে। ফলে ঋণঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকগুলো আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এদিকে, খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এর অংশ হিসেবে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে।

এসব পদক্ষেপের লক্ষ্য হলো খেলাপি ঋণসংক্রান্ত মামলার নিষ্পত্তি দ্রুত করা এবং ব্যাংকের আটকে থাকা অর্থ আদায়ের প্রক্রিয়া সহজ করা।

ঝুঁকিভিত্তিক তদারকির অংশ হিসেবে দুর্বল সুশাসন বা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে—এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ-একিউআর) জোরদারের ওপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এর মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিও ও সম্পদের মান যাচাই করে দুর্বলতা, ঋণঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য আছে।

অন্যদিকে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে।

ঋণ আদায় কার্যক্রম আরও কার্যকর করতে ব্যাংকগুলোর আইনি বিভাগ ও বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করা, জামানতের সঠিক মূল্যায়ন ও তা নগদায়নের প্রক্রিয়া উন্নত করা এবং বড় ও উচ্চঝুঁকির ঋণগ্রহীতাদের ওপর নিবিড় নজরদারিরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার, সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততা নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগ এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী ও সামগ্রিক ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথ সুগম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%