মো:নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি
০৬:২৩ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনু (২৮) নামের একজনকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। এই আদালত পরিচালনায় সহযোগিতা করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সিয়াদ হাসান মিনু পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর পুত্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সিয়াদ হাসান মিনুকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলপুর ঈদগাহ ও কবরস্থানসংলগ্ন এলাকায় প্রায় ৯ ফুট গভীর ফাউন্ডেশনের ওপর সাড়ে ৮ তলা বহুতল ভবন নির্মাণ নিয়ে অনুমোদিত নকশা, ফাউন্ডেশনের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনটির অনুমোদিত তলার সংখ্যা এবং বাস্তব নির্মাণের মধ্যে অসঙ্গতি বিদ্যমান। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির মালিক হলেন কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের কুয়েতপ্রবাসী মো. আমান মিয়া।
নির্মাণকাজের কন্ট্রাক্টর সাইফুল ইসলাম জানান, সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ভবনটির জন্য প্রায় ৯ ফুট গভীর ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ভবনটি সাড়ে ৮ তলা এবং লিফটসহ নির্মাণ করা হচ্ছে।
এদিকে, ভবনটির চারপাশে প্রয়োজনীয় সেটব্যাক রাখা হয়েছে কি না, জরুরি সিঁড়ি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ আছে কি না—এ বিষয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
সম্প্রতি ভৈরবের নিউ টাউন এলাকায় ৭ তলার অনুমোদন নিয়ে ৮ তলা ভবন নির্মাণের অভিযোগে পৌরসভা থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি সামনে আসায় কমলপুরের ভবনটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই ভবনে প্রায় ৯০ ফুট পাইলিং করা হয়েছে বলে মালিক দাবি করেছেন।
তবে প্রকৌশলগতভাবে কোনো ভবন নিরাপদ কি না, তা শুধুমাত্র ফাউন্ডেশনের গভীরতা দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। মাটির ধরন, সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন এবং অনুমোদিত নকশা যাচাই করা প্রয়োজন।
ভবনটির মালিক বর্তমানে কুয়েতে অবস্থান করছেন, তাই তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ভবনটির অনুমোদিত নকশা, সয়েল টেস্ট, ফাউন্ডেশন, সেটব্যাক এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় সরকার।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না ইন দ্য এডুকেশন সেক্টর’ শীর্ষক এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি চীনে সফরকালে আমরা দেখেছি যে, তাদের শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এই ব্যবস্থার রূপান্তরে আমরা সেই মডেলটি অনুসরণ করতে চাই।’
তিনি আরো জানান, চীনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের এবং তারা বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তির (স্কলারশিপ) সুযোগ প্রদান করছে। এছাড়া চীন থেকে বাংলাদেশে আগত ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা ভিসা পাওয়ার প্রক্রিয়া বেশ সহজ করা হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে গত ২৫-২৯ আগস্ট প্রতিনিধি দলের চীন সফরকে সফল উল্লেখ করে জানানো হয়, সফরকালে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই সহযোগিতা কাঠামোর আওতায় উভয় পক্ষ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, দ্বিভাষিক শিক্ষাসামগ্রী, শিক্ষা-শিল্প সংযোগ, গবেষণা কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, চীন সফর, বিশেষায়িত প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে।
এ ছাড়াও এই সম্মেলনে তিনটি বড় সহযোগিতা প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। সেগুলো হচ্ছে, চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার, বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ+স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র।
এই উদ্যোগগুলো বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বৈঠকে উল্লেখ করা হয়। এগুলো বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, ব্যবহারিক দক্ষতা, শিল্পের চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের মধ্যে আরো দৃঢ় সংযোগ স্থাপন করবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ায় নির্মীয়মাণ মাস্টার ড্রেনের ভেতর থেকে ৩৩৪ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া জিলাস্কুলের প্রাচীর সংলগ্ন ড্রেনের ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান (মিডিয়া সেল) কালের কণ্ঠকে জানান, ধারণা করা হচ্ছে, গত জুলাই মাসে অনুষ্ঠিত আন্দোলনের সময় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সাথে সম্পর্কিতভাবে এসব গোলাবারুদ লুট করা হয়েছিল।
পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সূত্রে জানা যায়, রবিবার সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ চলাকালীন এক শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির গর্তে ধাতব বস্তু দেখতে পান। এরপর তিনি বিষয়টি অন্যান্য শ্রমিকদের জানিয়ে সদর থানার পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত মাটির ভেতর লুকিয়ে রাখা ৩৩৪ রাউন্ড থ্রি নট থ্রি গুলি উদ্ধার করে। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারশিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ৯৬৭ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৬৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮ জন।
গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৯২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৬৮ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ