বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০৫ এম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। এই উৎপাদনের সংখ্যা যুদ্ধের পূর্ববর্তী সক্ষমতার তুলনায় প্রায় অর্ধেক।
বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেলেও তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি তৈরি হলেও দেশটির কাছে এখনো বিপুল পরিমাণ নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এসব অস্ত্র ব্যবহারের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত কমে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্তত ১ হাজার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। এর মধ্যে প্রায় ৬৫০টি ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম ৪০ লাখ ডলার। বছরে এ ধরনের ক্ষেপণাস্ত্র মাত্র ৬৫০টি উৎপাদন করা হয়।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ৪ হাজার ৯০০টির বেশি শাহেদ ড্রোন এবং অন্তত ২ হাজার ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে এখনো ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করা এবং দেশের জনগণের জন্য সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য ছিল।
তবে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটিয়েছে তেহরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক দিক থেকে ইরান যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানে নতুন করে হামলা চালানোর পক্ষে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) হাঙ্গেরির হাঙ্গারিকুম লিগেট হোটেলে ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ৩৮তম বার্ষিক সম্মেলনের সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করছে। সম্মেলনে ১৬টি দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
‘রিইমাজিনিং হায়ার এডুকেশন ইন দ্য এজ অব এআই: ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইমপ্যাক্ট ফর আ সাসটেইনেবল ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে ‘বিল্ডিং হিউম্যান-সেন্টারড, এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যান্ড সাসটেইনেবল ইউনিভার্সিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল বক্তব্যে ড. মো. সবুর খান কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়, উচ্চশিক্ষায় উদ্যোক্তা মানসিকতার বিকাশ এবং টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রচলিত শিক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা অতিক্রম করে সবার জন্য উন্মুক্ত ও উদ্ভাবননির্ভর শিক্ষার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমস্যা সমাধানকারী, উদ্যোক্তা এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
আন্তর্জাতিক এ সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণ বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং উচ্চশিক্ষায় উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই রূপান্তরবিষয়ক আন্তর্জাতিক আলোচনায় অবদান রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে তুলে ধরছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের তারাগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন গজেন চন্দ্র রায় (৪০) নামে এক শিক্ষক, যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের হরকলি তেলপাম্প এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত গজেন চন্দ্র রায় হাড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি কাশিয়াবাড়ি গ্রামে অবস্থিত। তিনি স্ত্রী তাপসী রানী রায় এবং দুই ছেলে সন্তানের পিতা ছিলেন। সন্তানদের পড়াশোনার সুবিধার জন্য তিনি রংপুর সদর উপজেলার পাগলাপীরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
সহকর্মী, পুলিশ এবং পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে গজেন চন্দ্র রায় পাগলাপীরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। হরকলি তেলপাম্প এলাকায় পৌঁছানোর পর সৈয়দপুরগামী একটি নৈশকোচ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত গজেন চন্দ্র রায়কে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত বলেন, "বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় গজেন চন্দ্রের মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যু কখনো কল্পনাও করিনি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার ভাষা নেই। তার মরদেহ বাড়িতে নেয়া হয়েছে।"
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গজেন চন্দ্র রায় মারা গেছেন। তার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অসামান্য অবদান ও অভিনয়গুণের জন্য বরেণ্য অভিনেত্রী শবনম দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। এবার কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের নামে প্রতিষ্ঠিত সম্মাননায় তিনি ভূষিত হতে যাচ্ছেন। ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ আসরে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ২০১৯ সালে ‘বশির আহমেদ সম্মাননা’ চালু করা হয়। এই সম্মাননার উদ্যোগ গ্রহণ করেন তার দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশির, এবং এটি ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে প্রবর্তিত হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়েছে। তিন বছরের বিরতির পর এবার আবারও এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আসন্ন ১৮ নভেম্বর, বশির আহমেদের জন্মদিন উপলক্ষে বিকেল ৪টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তা অর্জন করেছিল। পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তাঁর নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’
এদিকে, শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তারা বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আন্টি আমাদের দেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। আমার বাবাকে ছাড়া যেমন বাংলাদেশের গানের ইতিহাস রচনা অসম্ভব, ঠিক তেমনি শবনম আন্টিকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস রচনা করা অসম্ভব। আমরা সত্যিই ভীষণ খুশি যে শবনম আন্টির হাতে বশির আহমেদ সম্মাননা’র আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমাদের যে কতটা ভালো লাগছে তা বোঝাতে পারব না। আমরা কৃতজ্ঞ যে আব্বুর নামের এই সম্মাননা অনুষ্ঠানটি সবার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে করতে পারছি ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, বশির আহমেদের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের কাছে আজও সমান সমাদৃত। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারীদের ডিম্বাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব’ ক্যানসার বলা হয়ে থাকে। এর পেছনে কারণ হলো, রোগটির লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে অনেকটাই অস্পষ্ট হয়ে থাকে।
পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সাধারণ সমস্যার সাথে এই লক্ষণের মিল থাকার কারণে অনেক নারী বিষয়টিকে গুরুত্ব দেন না। কিছু নারী মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তন অথবা সাধারণ পেটের সমস্যার কারণে উপসর্গগুলোকে এড়িয়ে যান। তবে কিছু লক্ষণ যদি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেগুলো ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেত হতে পারে।
হজমের সমস্যার সঙ্গে কেন মেলে
ডিম্বাশয় নারীর তলপেটে অন্ত্র এবং অন্যান্য পরিপাক অঙ্গের নিকটবর্তী অবস্থানে থাকে। সেখানে যদি কোনো টিউমার তৈরি হয়, তাহলে আশপাশের অঙ্গের ওপর চাপ পড়তে পারে। পেটে তরল জমা হওয়া বা স্বাভাবিক হজম প্রক্রিয়ার ওপরও এর প্রভাব পড়তে পারে। ফলে অ্যাসিডিটি, গ্যাস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা খাবারের পর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, সাধারণ হজমের সমস্যা কখনো বাড়ে, কখনো কমে। অনেক সময় নির্দিষ্ট খাবার বা মানসিক চাপের সঙ্গে এর সম্পর্ক থাকে। কিন্তু ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত উপসর্গগুলো নতুনভাবে দেখা দিতে পারে, ঘন ঘন হতে পারে এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে।
যে ৭ লক্ষণ অবহেলা করবেন না
১. বারবার পেট ফাঁপা: ভারী খাবার খাওয়ার পর সাময়িক পেট ফাঁপা স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি নিয়মিত পেট ফুলে থাকে বা অস্বস্তি না কমে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। পেটে তরল জমা হওয়া অথবা টিউমারের কারণে এমনটি হতে পারে।
২. অল্প খেয়েই পেট ভরে যাওয়া: সামান্য খাবার খাওয়ার পর পেট ভরে যাওয়ার অনুভূতি, বমিভাব বা ক্ষুধামন্দার মতো উপসর্গ দেখা দিতে পারে।
৩. তলপেট বা শ্রোণিতে ব্যথা: তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা, চাপ বা অস্বস্তি ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি ব্যথাটি স্বাভাবিক মাসিকের ব্যথার মতো না হয়, তাহলে গুরুত্ব দেওয়া উচিত।
৪. মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: নতুন করে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া অথবা পর্যায়ক্রমে দুটির কোনোটিতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
৫. ঘন ঘন প্রস্রাব: স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাবের চাপ বা হঠাৎ প্রস্রাবের বেগ হওয়ার পেছনে টিউমার বা পেটে জমা তরলের কারণে মূত্রথলিতে চাপ পড়তে পারে।
৬. কোমরব্যথা ও ক্লান্তি: দীর্ঘস্থায়ী কোমরব্যথার সাথে অস্বাভাবিক ক্লান্তি থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
৭. অকারণে ওজনের পরিবর্তন: কারো পেটে তরল জমে আকার বেড়ে যেতে পারে। আবার ক্ষুধা কমে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ওজন কমতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
চিকিৎসকের পরামর্শ হলো, নতুন কোনো উপসর্গ দেখা দিলে এবং তা দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি পরিবারের মধ্যে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস থাকে, সেটিও চিকিৎসককে জানাতে হবে। উপসর্গ কখন ঘটছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং কী কারণে বাড়ছে বা কমছে, তা লিখে রাখলে চিকিৎসকের মূল্যায়নে সুবিধা হয়।
কীভাবে শনাক্ত করা হয়
ডিম্বাশয়ের ক্যানসারের সন্দেহ হলে চিকিৎসক পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড এবং রক্তে সিএ-১২৫ নামক প্রোটিনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। তবে শুধুমাত্র আলট্রাসাউন্ড বা সিএ-১২৫ পরীক্ষার ফলাফল দিয়ে ক্যানসার নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর উপসর্গ এবং চিকিৎসার ইতিহাস বিবেচনায় আরও পরীক্ষা প্রয়োজন হতে পারে।
৪৫ বছরের বেশি বয়স, পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস, বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের বংশগত পরিবর্তন, কখনো গর্ভধারণ না করা এবং এন্ডোমেট্রিওসিসের ইতিহাস ঝুঁকি বাড়াতে পারে। তবে এসব ঝুঁকি থাকলেই ক্যানসার হবে, এমন নয়।
চিকিৎসকের পরামর্শ হলো, দীর্ঘস্থায়ী উপসর্গ থাকলে শুধুমাত্র গ্যাসের ওষুধ বা খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর নির্ভর করা উচিত নয়। নিজে নিজে রোগ নির্ণয়ের চেষ্টা না করে চিকিৎসক বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ