প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। এই উৎপাদনের সংখ্যা যুদ্ধের পূর্ববর্তী সক্ষমতার তুলনায় প্রায় অর্ধেক।
বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেলেও তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি তৈরি হলেও দেশটির কাছে এখনো বিপুল পরিমাণ নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এসব অস্ত্র ব্যবহারের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত কমে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্তত ১ হাজার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। এর মধ্যে প্রায় ৬৫০টি ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম ৪০ লাখ ডলার। বছরে এ ধরনের ক্ষেপণাস্ত্র মাত্র ৬৫০টি উৎপাদন করা হয়।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ৪ হাজার ৯০০টির বেশি শাহেদ ড্রোন এবং অন্তত ২ হাজার ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে এখনো ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করা এবং দেশের জনগণের জন্য সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য ছিল।
তবে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটিয়েছে তেহরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক দিক থেকে ইরান যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানে নতুন করে হামলা চালানোর পক্ষে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন