ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কালিয়াকৈরে পিচঢালাই রাস্তা এখন কাদার সাগর, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর


কালিয়াকৈরে পিচঢালাই রাস্তা এখন কাদার সাগর, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডালাস রাস্তার মাটিকাটা মাঝুখান এলাকার পিচঢালাই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টির কারণে রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে পড়ে, ফলে যাতায়াতের জন্য অযোগ্য হয়ে যায়। এর ফলে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আমতলা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, ইট-সুরকি উঠে গেছে এবং জমে আছে হাঁটুসমান কাদা-পানি। অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান এই কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা বিদ্যমান। রাস্তার একপাশে বিল ও জলাশয় থাকায় পথটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি হলেই বিলের পানি রাস্তায় উঠে আসে, তখন রাস্তা ও বিল একাকার হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়। গাদাগাদি করে শ্রমিকবোঝাই পিকআপ ভ্যান কাদা ছিটিয়ে পার হচ্ছে। সাইকেল ও মোটরসাইকেল চালকেরা পা দিয়ে ঠেলে ঠেলে গাড়ি পার করছেন। গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের এই রাস্তা দিয়ে পার হতে গিয়ে প্রতিনিয়ত পিছলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। এটি এখন আর রাস্তা নয়, যেন দুঃখ-দুর্দশার আরেক নাম।

দীর্ঘ ৫-৬ বছর ধরে এই রাস্তায় চলাচলকারী এক পথচারী মো. রুবেল মিয়া বলেন, "আমি এই রাস্তা দিয়ে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর চলাচল করি। এই রাস্তার গত তিন বছর যাবত এমন বেহাল দশা হয়ে গেছে। গার্মেন্টস সেক্টরে যারা চলাচল করে, তাদের ভোগান্তির কোনো শেষ নেই।"

আরও পড়ুন: চট্টগ্রামে রাস্তার ধারে উদ্ধার হলো নবজাতক ছেলেশিশু

আরেকজন গার্মেন্টস শ্রমিক সুমি আক্তার বলেন, "এই রাস্তাটা খুবই খারাপ। আমরা খুব কষ্টে আছি। প্রতিদিন কাপড় নষ্ট হয়, দেরি হলে হাজিরা কাটা যায়। আমরা জীবন হাতে নিয়ে ফ্যাক্টরিতে যাই।"

অটোরিকশাচালক আল আমিন বলেন, "এই রাস্তা দিয়ে খুব সমস্যা হয়। দেখেন এই গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দাবি, এই রাস্তা খুব দ্রুত মেরামত করে দেওয়া হোক। একটা রোগী নিয়ে যেতেও ভয় লাগে, যদি উল্টে বিলে পড়ে যাই।"

এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমরা এলাকার এমপি মহোদয়ের কাছে আকুল অনুরোধ করছি, এই রাস্তাটার দিকে নজর দেওয়া হোক। একই সাথে গ্রামের যেসব ছোট ছোট চলাচলের রাস্তা আছে, সেগুলোর দিকে একটু নজর দেওয়া হোক। এখানে প্রতিদিন হাজার হাজার শ্রমিক মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে।"

এ বিষয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, "আমতলা সড়কের বেহাল দশার বিষয়টি আমি জানতে পেরেছি। মৌচাক ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। হাজার হাজার শ্রমিক এই রাস্তা দিয়ে চলাচল করে। এই দুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি, আগামী কিছুদিনের মধ্যে এই রাস্তার জন্য জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করার জন্য। গ্রামীণ জনপদে দ্রুত উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"

আরও পড়ুন: নাসিরনগরে দুই বছর ধরে নিখোঁজ মাওলানা আজিজুল হক, সন্ধান চায় পরিবার

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, "মৌচাক ইউনিয়নের আমতলা সড়কের বিষয়ে অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। আমি আজই উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। রাস্তাটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চলাচল স্বাভাবিক রাখতে আপাতত ইটের সোলিং বা বালু ফেলে চলাচল উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।"

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার মো. মাকসুদুন্নবী বলেন, "মাটিকাটা মাঝুখান আমতলা সড়কটি আমাদের তালিকাভুক্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়া, ভারী যান চলাচল ও বৃষ্টির কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে রাস্তাটি পরিদর্শন করেছি। এর জন্য একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলেই আমরা ঢালাইসহ পূর্ণ সংস্কার কাজ শুরু করবো। আপাতত জনদুর্ভোগ লাঘবে জরুরি মেরামতের উদ্যোগ নেওয়া হবে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।"

স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশলী দপ্তরকে বারবার জানিয়েও দীর্ঘদিন কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর। অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এলাকাবাসীর প্রশ্ন, আর কত দুর্ঘটনা ঘটলে এবং আর কত শ্রমিক কাদায় পড়লে কর্তৃপক্ষের কার্যকর টনক নড়বে?

আরও পড়ুন: শেরপুরে ড্রামে নারীর লাশ পরিচয় শনাক্ত করেছে পিবিআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যান্ত্রিক পাখি কেনা নিয়ে প্রকাশ্যে বিবাদে কেলি ক্লার্কসন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৬ এম


যান্ত্রিক পাখি কেনা নিয়ে প্রকাশ্যে বিবাদে কেলি ক্লার্কসন

আমেরিকার ব্রুকলিনের একটি খেলনা বা উপহারসামগ্রীর দোকান ‘আর্ট অব প্লে’ রয়েছে। দোকানটির দেয়ালে স্থাপন করা ‘মলি’ নামের একটি যান্ত্রিক পাখি, যা বোতাম টিপলে গান গায় এবং ডানা নেড়ে নাচতে পারে। সাধারণ দৃষ্টিনন্দন সাজসজ্জার অংশ মনে হলেও, এই কৃত্রিম পাখিটি বর্তমানে সংবাদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা কেলি ক্লার্কসন এবং দোকান কর্তৃপক্ষের মধ্যে এই পাখিকে কেন্দ্র করে একটি প্রকাশ্য মতবিরোধ সৃষ্টি হয়েছে।

ঘটনাটি শুরু হয় কেলি ক্লার্কসনের ওই দোকানে সফরের সময়। সফরের পর দোকান কর্তৃপক্ষ তাদের এক বিবরণীতে উল্লেখ করে যে, এই গায়িকা ‘মলি’ পাখিটি কিনতে চেয়েছিলেন। কিন্তু পাখিটি দোকানের দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকায় এটি কখনোই বিক্রির জন্য নির্ধারিত ছিল না বলে দাবি করা হয়।

কিন্তু দোকান কর্তৃপক্ষের এই ব্যাখ্যা গ্রহণ করতে রাজি নন কেলি ক্লার্কসন। রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিজে এসে তিনি দোকানটির বিবরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ক্লার্কসন বলেন, ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। তিনি পাখিটি কেনার ব্যাপারে তাদের সঙ্গে কী আলোচনা হয়েছিল, সে বিষয়ে দোকান কর্তৃপক্ষের সঙ্গে নিজের দ্বিমত প্রকাশ করেন।

একটি দোকানের শোপিস কেনাবেচাকে কেন্দ্র করে সাধারণ কথোপকথন থেকে উদ্ভূত এই বিতর্কটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে ‘আর্ট অব প্লে’ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ এম


রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী রয়েছেন। তারা বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। রোববার রাতে বাংলাদেশ দূতাবাস এই তথ্য প্রকাশ করেছে।

গত শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা হতাহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন এবং আহতদের মধ্যে ২৪ জন বাংলাদেশি।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিন বাংলাদেশির সঙ্গে দূতাবাসের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। চিকিৎসাধীন বাংলাদেশিরা হলেন হাফেজ হাসান (ঢাকা), কাজী নুরুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া) এবং মো. ওমর ফারুক (সৌদি প্রবাসী কর্মী)।

ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন দুই বাংলাদেশি হলেন সাফকাত রহমান (নওগাঁ) ও মো. দাউদুল ইসলাম (কুমিল্লা)। রিয়াদ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. সাইমুল ইসলাম সৌরভ এবং আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। দুজনেরই বাড়ি ঢাকা।

প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন মো. আব্দুল্লাহ (ঢাকা)। সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় চিকিৎসাধীন আরমান হোসেনসহ (ঢাকা) তিন বাংলাদেশি কর্মী রয়েছেন।

কিংডম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. রফিক মিয়া। কিং খালেদ মেডিক্যাল সিটিতে চিকিৎসাধীন ইসমাইল হোসাইন, মো. মিসবাহ উদ্দিন হীরক এবং মো. রায়হানুল ইসলাম।

প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ বাংলাদেশি কর্মী হলেন সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ এবং সোহবে সাদেক মো. শাহজাহান সরকার।

এছাড়া, এজতাহ সনদ হাসপাতালে চিকিৎসাধীন মো. আসাদুল ইসলাম এবং মো. জামাল; সুলাইমান ফকিহ হাসপাতালে নাজমা আক্তার এবং সুলাইমান আলহাবিব হাসপাতালের আলসাহাফা শাখায় উমায়ের ও আব্দুল্লাহ কামিল চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি মেট্রোতে আসন নিয়ে বিরোধে নিহত ১, গ্রেফতার বাবা-ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ এম


দিল্লি মেট্রোতে আসন নিয়ে বিরোধে নিহত ১, গ্রেফতার বাবা-ছেলে

ভারতের রাজধানী দিল্লিতে মেট্রোরেলে প্রবীণদের জন্য সংরক্ষিত আসনে বসাকে কেন্দ্র করে বিরোধের ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। পুলিশ এ ঘটনায় সাবেক এক আইএএস কর্মকর্তা এবং তার ছেলেকে গ্রেফতার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৮ অক্টোবর দিল্লি মেট্রোর সুপ্রিম কোর্ট স্টেশনে এই ঘটনা সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম পবন শর্মা, যিনি ৪৮ বছর বয়সী ছিলেন।

পুলিশের এফআইআরের তথ্য অনুযায়ী, আসন নিয়ে বিরোধের একপর্যায়ে পবন শর্মার সঙ্গে সঞ্জয় প্রতাপ সিং ও তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এই সময় পবনকে চড় মারা এবং ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

পরে মেট্রো কর্তৃপক্ষের কর্মীরা পবন শর্মাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মামলা দায়েরের পর সঞ্জয় প্রতাপ সিং এবং তার ছেলে সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়।

সঞ্জয় প্রতাপ সিং একজন সাবেক আইএএস কর্মকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ঘুষের অভিযোগে তাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই গ্রেফতার করেছিল। তার ছেলে সিদ্ধার্থ বর্তমানে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটের নতুন ভিসি প্রশাসনিক ভবনে প্রবেশ, আন্দোলনের মধ্যে তালা ভাঙা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৮ এম


চুয়েটের নতুন ভিসি প্রশাসনিক ভবনে প্রবেশ, আন্দোলনের মধ্যে তালা ভাঙা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ভেতরে প্রবেশ করেছেন। সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ে চলমান শাটডাউন ও শিক্ষকদের কর্মবিরতির কারণে নতুন ভিসির এভাবে ভবনে প্রবেশের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রশাসনিক ভবনে প্রবেশ করার পর কয়েকজন তাকে ভিসির চেয়ারে বসিয়ে মোবাইল ফোনে ছবি তোলেন।

আন্দোলনকারীদের বক্তব্য, নতুন উপাচার্যের ১১ ও ১২ অক্টোবর ঢাকায় থাকার কথা ছিল, ফলে ওই দুই দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের নিয়মিত পাহারা ছিল না। তারা ধারণা করছেন, এই সুযোগ নিয়ে তিনি গোপনে ক্যাম্পাসে প্রবেশ করেছেন।

এদিকে নতুন ভিসির প্রশাসনিক ভবনে প্রবেশের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টানা আন্দোলন চলমান রয়েছে, যার ফলে গত প্রায় ২০ দিন ধরে চুয়েটের স্বাভাবিক কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের সেশনজটের আশঙ্কা বেড়ে গেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অনলাইনে উপাচার্য হিসেবে যোগদান করলেও আন্দোলনকারীদের প্রতিরোধের কারণে তিনি এতদিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%