০৫:০০ পি.এম
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক হিসেবে পরিচিত উত্তম কুমার। তিনি অভিনয়শৈলী ও পর্দায় অসাধারণ উপস্থিতি দিয়ে কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। এবার এই কিংবদন্তি অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হচ্ছে। সেখানে ফিরে আসবে উত্তম কুমারের অভিনীত চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা জনপ্রিয় সব গান।
‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এই আয়োজন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে বাংলা নাগরিক গানের ঐতিহ্য এবং উত্তম কুমারের চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো গুরুত্ব পাবে। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে কালজয়ী হয়ে ওঠা গানগুলো পরিবেশন করা হবে।
আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল
উত্তম কুমারের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানও ছিল দর্শকের আবেগের অন্যতম অনুষঙ্গ। এসব গান তাঁর পর্দায় উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সময় পেরিয়ে গেলেও গানগুলো আজও বাঙালির স্মৃতি ও ভালোবাসায় সমানভাবে জায়গা ধরে রেখেছে।
আয়োজকদের প্রত্যাশা, এই সংগীতসন্ধ্যার মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের গানগুলো নতুন করে উপভোগ করতে পারবেন। একই সঙ্গে মহানায়ক উত্তম কুমার এবং তাঁর চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিংবদন্তি সংগীতশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন