ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র ইরানের সামরিক কমান্ডারের বক্তব্যকে ‘মিথ্যা’ বলেছে


যুক্তরাষ্ট্র ইরানের সামরিক কমান্ডারের বক্তব্যকে ‘মিথ্যা’ বলেছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ইরানের সামরিক বাহিনীর এক কমান্ডারের বক্তব্যকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, বর্তমানে ইরানের নৌবাহিনী কার্যকর অবস্থায় নেই এবং ওই সামরিক কমান্ডারের প্রদত্ত তথ্যও বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম একটি পোস্টে জানিয়েছে, ইরানের সামরিক কমান্ডার একাধিক মিথ্যা দাবি করেছেন। তার বক্তব্যের প্রতিটি বিষয়ই সাজানো ও মিথ্যা বলে তারা অভিহিত করেছে।

সেন্টকমের এই বক্তব্য ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়া হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের জন্য কংগ্রেসকে মার্কিন সিনেটরের আহ্বান

সাক্ষাৎকারে শাহরাম ইরানি দাবি করেন, ইরানের বন্দরগুলো সচল রয়েছে এবং দেশটির নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করছে। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

তবে এসব দাবি প্রত্যাখ্যান করে সেন্টকম জানায়, ‘ইরানের এখন আর কোনো নৌবাহিনী নেই। ইরানের সামরিক কমান্ডার যে পরিস্থিতির বর্ণনা করেছেন, তা আরেকটি বানোয়াট মিথ্যা।’

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রথম দিনেই মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনে হামলা চালানোর ইরানি দাবিও অস্বীকার করেছে সেন্টকম। তাদের দাবি, ইরানের হামলায় মার্কিন রণতরিটি কখনোই আঘাতপ্রাপ্ত হয়নি।

এএম

আরও পড়ুন: নিউইয়র্কের মেয়র মামদানি সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ের বীর সাইক্লিস্ট তনচংগ্যা নেপালের ১২ দুর্গম ট্রেইল জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


কাপ্তাইয়ের বীর সাইক্লিস্ট তনচংগ্যা নেপালের ১২ দুর্গম ট্রেইল জয়

দীর্ঘ ১০৪ দিনের দুঃসাহসিক অভিযানের পর অবশেষে স্বপ্ন পূরণ করেছেন রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গার সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা। তিনি প্রথম বাংলাদেশি এবং প্রথম ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাইক্লিস্ট হিসেবে সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতা থেকে সাইকেল চালিয়ে ভারত হয়ে নেপালে পৌঁছান। সেখানে তিনি দেশটির দুর্গম চারটি ট্রেইল, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম গিরিপথ এবং পাঁচটি পর্বতশৃঙ্গ জয় করার লক্ষ্য পূরণ করেন। অভিযানের প্রতিটি গুরুত্বপূর্ণ চূড়ায় তিনি বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নেপালের মানাসলু সার্কিটের সর্বোচ্চ গিরিপথ লারকে লা পাসের ৫ হাজার ১০৬ মিটার (১৬ হাজার ৭৫২ ফুট) উচ্চতায় পৌঁছে সকাল ৯টা ৪৮ মিনিটে শেষ নির্ধারিত পাস সামিট সম্পন্ন করেন তিনি। এর মাধ্যমে তার দীর্ঘদিনের স্বপ্নের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সফল সমাপ্তি ঘটে।

জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠের শূন্য উচ্চতার স্থান (সি লেভেল জিরো পয়েন্ট) থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন বীর কুমার তনচংগ্যা। ভারত হয়ে সড়কপথে নেপালে পৌঁছে তিনি শুরু করেন একের পর এক দুর্গম পাহাড়ি অভিযান। দীর্ঘ এই যাত্রায় তাকে মোকাবিলা করতে হয়েছে প্রচণ্ড গরম, হাড়কাঁপানো শীত, তুষারপাত, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ, শারীরিক ক্লান্তি ও আর্থিক সংকটের মতো নানা চ্যালেঞ্জ।

তার অভিযানের মূল লক্ষ্য ছিল নেপালের চারটি দুর্গম ও চ্যালেঞ্জিং ট্রেইল—এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, অন্নপূর্ণা বেস ক্যাম্প ও মানাসলু সার্কিট জয় করা। পাশাপাশি এভারেস্ট অঞ্চলের কংমা লা, চো লা ও রেনজো লা—এই তিনটি উচ্চতম গিরিপথ এবং নাংকারশাং পিক, ছুকুং রি পিক, কালাপাথর, গোকিও রি ও পিকে পিকসহ পাঁচটি পর্বতশৃঙ্গের চূড়ায় বাংলাদেশের পতাকা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি।

বীর কুমার তনচংগ্যার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প, ৪ নভেম্বর ৫ হাজার ৪১৬ মিটার উচ্চতার অন্নপূর্ণা সার্কিটের থরং লা পাস এবং ৯ নভেম্বর ৪ হাজার ১৩০ মিটার উচ্চতার অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করেন তিনি। সর্বশেষ ২৭ নভেম্বর ৫ হাজার ১০৬ মিটার উচ্চতার লারকে লা পাস সামিটের মধ্য দিয়ে মানাসলু সার্কিটের নির্ধারিত লক্ষ্য পূরণ করেন।

এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাসের মধ্যে ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার কংমা লা পাস, ১ অক্টোবর ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার চো লা পাস এবং ৬ অক্টোবর ৫ হাজার ৩৬০ মিটার উচ্চতার রেনজো লা পাস জয় করেন তিনি।

এছাড়া পাঁচটি পর্বতশৃঙ্গের মধ্যে ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকারশাং পিক, ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক, ২৩ সেপ্টেম্বর কালাপাথর, ৪ অক্টোবর ৫ হাজার ৩৫৭ মিটার উচ্চতার গোকিও রি এবং ১৩ অক্টোবর ৪ হাজার ৬৫ মিটার উচ্চতার পিকে পিকের চূড়ায় আরোহণ করেন।

তবে তার এই অভিযান কেবল পাহাড়ের চূড়ায় পৌঁছানো কিংবা ব্যক্তিগত রেকর্ড গড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। স্বেচ্ছায় রক্তদান এবং জলবায়ু ন্যায়বিচার (ক্লাইমেট জাস্টিস) বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও ছিল এই অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অভিযানের পেছনে বিশেষ সহযোগিতার কথা উল্লেখ করে বীর কুমার তনচংগ্যা বলেন, সার্কভুক্ত দেশের ভিসা প্রাপ্তিসহ সার্বিক সহযোগিতা দিয়ে তার এই অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙামাটি জেলার সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এছাড়া অভিযানের শুরু থেকে বিভিন্ন সময়ে যারা সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অভিযান এখানেই শেষ হচ্ছে না বলে জানিয়েছেন বীর। পরিকল্পনার বাইরে আজ (২৮ নভেম্বর) মানাসলু বেস ক্যাম্প সামিটের পরিকল্পনা রয়েছে তার। এরপর দেশে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো অভিযানের বিস্তারিত অভিজ্ঞতা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরবেন বলে জানিয়েছেন এই সাইক্লিস্ট।

কাপ্তাইয়ের পাহাড়ি জনপদ থেকে শুরু করে বিশ্বের অন্যতম দুর্গম পর্বতাঞ্চলে বাংলাদেশের পতাকা ওড়ানোর এই যাত্রা কেবল একজন অভিযাত্রীর স্বপ্নপূরণ নয়, বরং দেশের তরুণ প্রজন্মের জন্যও সাহস, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নিহত হলেন হেলাল উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নিহত হলেন হেলাল উদ্দিন

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন এবং তার পরিবারের ৫ সদস্য। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে হেলাল উদ্দিনের চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের আরও চার সদস্যও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ হাতে, কেউ পায়ে আঘাত পেয়েছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার গ্রাঁ প্রিতে মার্সিডিজের আধিপত্য, আন্তোনেল্লি দ্রুততম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


কাতার গ্রাঁ প্রিতে মার্সিডিজের আধিপত্য, আন্তোনেল্লি দ্রুততম

কাতার গ্রাঁ প্রিতে শুক্রবারের দুই অনুশীলন সেশনে মার্সিডিজ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। দুই সেশনে সতীর্থ জর্জ রাসেলকে পিছনে ফেলে দ্রুততম সময় অর্জন করেছেন কিমি আন্তোনেল্লি। দ্বিতীয় অনুশীলনে রেড ফ্ল্যাগের কারণে দুবার বিঘ্ন ঘটলেও মার্সিডিজ প্রথম দুটি স্থান নিজেদের দখলে রেখেছে। ম্যাকলারেনের ল্যান্ডো নরিস তৃতীয় স্থানে থাকলেও শীর্ষস্থানীয় মার্সিডিজের সঙ্গে তাঁর ব্যবধান ছিল প্রায় অর্ধ সেকেন্ড।

দ্বিতীয় অনুশীলনে আন্তোনেল্লির সেরা ল্যাপ টাইম ছিল ১ মিনিট ২৩.০৭৭ সেকেন্ড। তিনি রাসেলের চেয়ে ০.১২৭ সেকেন্ড এগিয়ে ছিলেন। তৃতীয় স্থানে থাকা নরিসের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ০.৪৪৫ সেকেন্ড। তবে মার্সিডিজের চালকদের দ্রুততম সময় এসেছে মিডিয়াম টায়ারে, কারণ নতুন সফট টায়ারে তাঁদের সম্ভাব্য দ্রুততম ল্যাপ দুবার লাল পতাকার কারণে বাধাগ্রস্ত হয়েছে।

প্রথমবার রেড ফ্ল্যাগ দেখানো হয় ফেরারির চার্লস লেক্লেরের গাড়ি ঘুরে যাওয়ার পর ট্র্যাকে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ সরানোর জন্য। তখন দুই সেক্টর শেষে রাসেল আন্তোনেল্লির সেরা সময়ের চেয়ে তিন দশমাংশেরও বেশি এগিয়ে ছিলেন। বিরতির পর আন্তোনেল্লি নিজের সেরা সময়ের চেয়ে প্রথম সেক্টরে এক দশমাংশ এগিয়ে যাওয়ার সময় টার্ন ১৪-তে উচ্চগতিতে ঘুরে যান আলপাইনের পিয়েরে গ্যাসলি। তাঁর গাড়ি নুড়িপাথরের জায়গায় আটকে গেলে আবারও লাল পতাকা দেখানো হয়।

দ্বিতীয়বারের বিরতির কারণে হারানো সময় পুষিয়ে নিতে সেশনের শেষে অতিরিক্ত ১৩ মিনিট যোগ করা হয়। এরপর চালকেরা মূলত রেস সিমুলেশনে মনোযোগ দেন। সেখানেও মার্সিডিজের গতি ছিল চোখে পড়ার মতো।

শুক্রবারের পারফরম্যান্স মার্সিডিজের মৌসুমের শুরুর দিকের আধিপত্যের কথা মনে করিয়ে দিয়েছে। সে সময় আন্তোনেল্লি ও দল প্রতিদ্বন্দ্বীদের ওপর বড় ব্যবধান তৈরি করেছিল। ইতিমধ্যে চালক ও কনস্ট্রাক্টর—দুই শিরোপাই নিশ্চিত করেছে মার্সিডিজ। তবে সাম্প্রতিক ছয় রেসের মধ্যে মাত্র একটিতে জিতেছে দলটি। এর মধ্যে চারটি জিতেছেন রেড বুলের ম্যাক্স ভার্সটাপেন।

দ্বিতীয় অনুশীলনে ভার্সটাপেন ছিলেন পঞ্চম স্থানে। তাঁর সামনে ছিলেন নরিস ও ম্যাকলারেনের অস্কার পিয়াস্ত্রি। ষষ্ঠ স্থানে থাকা রেড বুলের অন্য চালক ইসাক হাজদারের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন ভার্সটাপেন। সফট টায়ারে নিজেদের দ্রুততম ল্যাপ দেওয়ার পরও এই চার চালক আন্তোনেল্লির চেয়ে প্রায় অর্ধ সেকেন্ড পিছিয়ে ছিলেন।

ফেরারির দিনটিও ভালো কাটেনি। লেক্লের ও লুইস হ্যামিল্টন যথাক্রমে সপ্তম ও অষ্টম হয়েছেন। দুজনের কেউই সফট টায়ারে পূর্ণাঙ্গ দ্রুততম ল্যাপ দিতে পারেননি। গাড়ির ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ায় লেক্লের ট্র্যাকের বাইরে ছিলেন ২০ মিনিট। অন্যদিকে রেড ফ্ল্যাগের পাশাপাশি নিজের কিছু ভুলের কারণে বাধাগ্রস্ত হন হ্যামিল্টন।

সেশনের শেষ দিকে হ্যামিল্টনের গাড়িতে ইঞ্জিনের সমস্যা দেখা দেয় বলে মনে হয়েছে। তবে এ কারণে নতুন যন্ত্রাংশ লাগানোর প্রয়োজন হবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে রোববারের রেসে গ্রিড পেনাল্টি এড়াতে পারেন তিনি। ভার্সটাপেনের সঙ্গে মূল সোজা পথে প্রায় সংঘর্ষের মতো ঘটনাতেও জড়ান হ্যামিল্টন। স্টুয়ার্ডরা তাঁর গাড়ি চালানোর ধরন নিয়ে পর্যবেক্ষণ করলেও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন।

‘মার্সিডিজ অন্য পর্যায়ে’, বলছেন নরিস

ম্যাকলারেনের গাড়ি লুসাইল সার্কিটের বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই হবে বলে অনেকে ধারণা করেছিলেন। কিন্তু শুক্রবারের দুই সেশন শেষে নরিস স্বীকার করেছেন, মার্সিডিজের সঙ্গে তাঁদের ব্যবধান অনেক বেশি।

নরিস বলেন, ‘বেশির ভাগ দলের তুলনায় আমরা খুব খারাপ নই। কিন্তু মার্সিডিজের সঙ্গে আমাদের ব্যবধান অনেক বেশি। আজ তারা প্রতিটি কর্নারেই আমাদের চেয়ে অনেক দ্রুত ছিল। তারা সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে রয়েছে।’

তাঁর মতে, আপাতত তৃতীয় স্থান নিয়ে লড়াই করাই ম্যাকলারেনের জন্য বাস্তবসম্মত। রেড বুল ও ফেরারির সঙ্গে তাঁদের গতি প্রায় কাছাকাছি। মার্সিডিজের তুলনায় প্রতি ল্যাপে প্রায় সাত দশমাংশ পিছিয়ে থাকার কথাও জানান নরিস।

অন্যদিকে আন্তোনেল্লি সতর্ক করেছেন, শুক্রবারের পারফরম্যান্স দেখে প্রতিদ্বন্দ্বীদের হিসাব থেকে বাদ দেওয়া ঠিক হবে না। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, আমার ও জর্জের মধ্যে লড়াইটা খুব কাছাকাছি হবে। অবশ্যই ম্যাক্স ও অন্যদের কখনোই বাদ দেওয়া যায় না। এমন সপ্তাহান্তও গেছে, যখন শুরুতে আমরা খুব ভালো ছিলাম, কিন্তু যোগ্যতা নির্ধারণী পর্বে অন্যরা অনেক উন্নতি করে কাছাকাছি চলে এসেছে। তাই আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে।’

দ্বিতীয় অনুশীলনের ফল

অবস্থান

চালক

দল

সময়/ব্যবধান

১

কিমি আন্তোনেল্লি

মার্সিডিজ

১:২৩.০৭৭

২

জর্জ রাসেল

মার্সিডিজ

+০.১২৭

৩

ল্যান্ডো নরিস

ম্যাকলারেন

+০.৪৪৫

৪

অস্কার পিয়াস্ত্রি

ম্যাকলারেন

+০.৪৭২

৫

ম্যাক্স ভার্সটাপেন

রেড বুল

+০.৪৯৯

৬

ইসাক হাজদার

রেড বুল

+০.৫০৬

৭

চার্লস লেক্লের

ফেরারি

+১.০২২

৮

লুইস হ্যামিল্টন

ফেরারি

+১.১৩৯

এদিকে শুক্রবারের দুই অনুশীলনেই টায়ারের ক্ষয় বেশি দেখা গেছে। লুসাইল সার্কিটে টায়ারের ওপর বাড়তি চাপের কারণে পিরেলি রোববারের রেসে প্রতিটি টায়ার সেটের জন্য সর্বোচ্চ ২৭ ল্যাপের সীমা নির্ধারণ করেছে। ফলে ৫৭ ল্যাপের রেসে চালকদের অন্তত দুবার পিট স্টপ নিতে হবে। লুসাইলে এ নিয়ে তৃতীয়বারের মতো রেসে টায়ার ব্যবহারে এমন সীমা আরোপ করা হলো।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে যোগ্যতা নির্ধারণী পর্ব। তার আগে বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ অনুশীলন। শুক্রবারের গতি ধরে রাখতে পারলে পোল পজিশনের লড়াইয়ে মার্সিডিজের আন্তোনেল্লি ও রাসেলই থাকবেন আলোচনার কেন্দ্রে। তবে আন্তোনেল্লির সতর্কবার্তা অনুযায়ী, শেষ অনুশীলন ও কোয়ালিফাইংয়ে প্রতিদ্বন্দ্বীদের উন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেয়ারবাজারে বিনিয়োগ: লাভের সুযোগ নাকি ঝুঁকি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


শেয়ারবাজারে বিনিয়োগ: লাভের সুযোগ নাকি ঝুঁকি?

ধরুন, আপনার কাছে ৫০ হাজার টাকা রয়েছে। ব্যাংকে এই টাকা রাখলে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যাবে। তবে শেয়ারবাজারে বিনিয়োগ করলে এই টাকা একদিন ৬০ হাজার হতে পারে, আবার ৪০ হাজারেও নেমে যেতে পারে। তাহলে কি শেয়ারবাজার আসলে টাকা বাড়ানোর জন্য উপযুক্ত স্থান, নাকি এখানে বিনিয়োগ করে সর্বস্ব হারানোর ঝুঁকি রয়েছে?

শেয়ারবাজারের কথা অনেকেই শুনেছেন। কিছু বিনিয়োগকারী লাভ করেছেন, আবার কেউ বড় লোকসান দিয়ে বাজার থেকে সরে গেছেন। কিন্তু শেয়ারবাজার আসলে কী? এখানে বিনিয়োগ শুরু করতে কীভাবে হয়, লাভ কোথা থেকে আসে এবং ঝুঁকি কতটা-এসব না জানলে বিনিয়োগ করা বিপজ্জনক হতে পারে।

শেয়ারবাজার আসলে কী?

সহজভাবে বললে, শেয়ারবাজার হলো এমন একটি স্থান, যেখানে তালিকাভুক্ত কোম্পানির মালিকানার ছোট ছোট অংশ কেনাবেচা করা হয়। ধরুন, একটি কোম্পানির ১০ লাখ শেয়ার রয়েছে। আপনি যদি সেই কোম্পানির ১ হাজার শেয়ার কিনেন, তাহলে আপনি ওই কোম্পানির একজন ক্ষুদ্র অংশীদার হয়ে যাবেন। কোম্পানির ব্যবসা ভালো হলে এবং ভবিষ্যতে আয় বাড়লে তার শেয়ারের দাম বৃদ্ধি পেতে পারে। আবার ব্যবসা খারাপ হলে বা বিনিয়োগকারীদের আস্থা কমে গেলে দাম কমতে পারে।

শেয়ার কিনলে লাভ আসে কোথা থেকে?

শেয়ারবাজারে লাভের প্রধান দুটি পথ রয়েছে। প্রথমটি হলো শেয়ারের দাম বেড়ে গেলে তা বিক্রি করে মুনাফা লাভ করা। ধরুন, আপনি একটি কোম্পানির ১০০টি শেয়ার ৫০ টাকা দরে কিনেছেন। এতে আপনার মোট বিনিয়োগ হলো ৫ হাজার টাকা। পরে শেয়ারের দাম বেড়ে ৬০ টাকা হলে সব শেয়ার বিক্রি করে আপনি পাবেন ৬ হাজার টাকা। অর্থাৎ লেনদেনের খরচ ও কর বাদ দেয়ার আগে আপনার লাভ হবে ১ হাজার টাকা।

দ্বিতীয় পথ হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ। কোনো কোম্পানি লাভ করলে এবং পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের অনুমোদন অনুযায়ী তা বিতরণের সিদ্ধান্ত নিলে শেয়ারধারীরা নগদ বা বোনাস শেয়ার পেতে পারেন। তবে কোম্পানি লাভ করলেই প্রতি বছর ডিভিডেন্ড দেওয়ার নিশ্চয়তা নেই। আবার বোনাস শেয়ার পেলেই আপনার মোট সম্পদ একই অনুপাতে বেড়ে যাবে, এমনটিও নয়। তাই কোম্পানির আর্থিক অবস্থা ও বাজারদর-দুটিই বুঝতে হবে।

কীভাবে বিনিয়োগ শুরু করবেন?

বাংলাদেশে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রথমে নিজের নামে একটি বিও বা বেনিফিশিয়ারি ওনার (Beneficiary Owner) হিসাব খুলতে হবে। এই হিসাবের মাধ্যমে আপনার কেনা শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষিত থাকে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) অনুমোদিত ডিপোজিটরি পার্টিসিপেন্টের মাধ্যমে, সাধারণত নিবন্ধিত ব্রোকারের সহায়তায় বিও হিসাব খোলা যায়।

এ জন্য পরিচয়পত্র, ছবি, ব্যাংক হিসাবের তথ্যসহ নির্ধারিত কাগজপত্র প্রয়োজন হবে। এরপর একটি নিবন্ধিত ব্রোকারেজ হাউসে ট্রেডিং হিসাব খুলে সেখানে টাকা জমা দিতে হবে। তারপর ব্রোকারের মাধ্যমে অথবা অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শেয়ার কেনাবেচা করা সম্ভব।

কোন শেয়ার কিনবেন, বুঝবেন কীভাবে?

শেয়ার কেনার আগে কোম্পানির ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে। কোম্পানির আয় ও মুনাফা বাড়ছে, নাকি কমছে? ঋণের পরিমাণ কত? নিয়মিত ডিভিডেন্ড দেয় কি না? পরিচালনা পর্ষদের সুনাম কেমন? এসব তথ্য কোম্পানির বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে যাচাই করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%