ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নিহত হলেন হেলাল উদ্দিন


ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরার পথে নিহত হলেন হেলাল উদ্দিন

চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে হেলাল উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন এবং তার পরিবারের ৫ সদস্য। পাত্রী দেখে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে হেলাল উদ্দিনের চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের আরও চার সদস্যও আহত হন।

আরও পড়ুন: ​৯ বছরের যন্ত্রণা ও অর্থের সংকটে নীলফামারীর অসহায় সাংবাদিক ওমর ফারুক, চিকিৎসার অনিশ্চয়তায় পঙ্গু হাসপাতালে

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ হাতে, কেউ পায়ে আঘাত পেয়েছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, আব্দুল ওহাব সাধারণ সম্পাদক নির্বাচিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার গ্রাঁ প্রিতে মার্সিডিজের আধিপত্য, আন্তোনেল্লি দ্রুততম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


কাতার গ্রাঁ প্রিতে মার্সিডিজের আধিপত্য, আন্তোনেল্লি দ্রুততম

কাতার গ্রাঁ প্রিতে শুক্রবারের দুই অনুশীলন সেশনে মার্সিডিজ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। দুই সেশনে সতীর্থ জর্জ রাসেলকে পিছনে ফেলে দ্রুততম সময় অর্জন করেছেন কিমি আন্তোনেল্লি। দ্বিতীয় অনুশীলনে রেড ফ্ল্যাগের কারণে দুবার বিঘ্ন ঘটলেও মার্সিডিজ প্রথম দুটি স্থান নিজেদের দখলে রেখেছে। ম্যাকলারেনের ল্যান্ডো নরিস তৃতীয় স্থানে থাকলেও শীর্ষস্থানীয় মার্সিডিজের সঙ্গে তাঁর ব্যবধান ছিল প্রায় অর্ধ সেকেন্ড।

দ্বিতীয় অনুশীলনে আন্তোনেল্লির সেরা ল্যাপ টাইম ছিল ১ মিনিট ২৩.০৭৭ সেকেন্ড। তিনি রাসেলের চেয়ে ০.১২৭ সেকেন্ড এগিয়ে ছিলেন। তৃতীয় স্থানে থাকা নরিসের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ০.৪৪৫ সেকেন্ড। তবে মার্সিডিজের চালকদের দ্রুততম সময় এসেছে মিডিয়াম টায়ারে, কারণ নতুন সফট টায়ারে তাঁদের সম্ভাব্য দ্রুততম ল্যাপ দুবার লাল পতাকার কারণে বাধাগ্রস্ত হয়েছে।

প্রথমবার রেড ফ্ল্যাগ দেখানো হয় ফেরারির চার্লস লেক্লেরের গাড়ি ঘুরে যাওয়ার পর ট্র্যাকে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ সরানোর জন্য। তখন দুই সেক্টর শেষে রাসেল আন্তোনেল্লির সেরা সময়ের চেয়ে তিন দশমাংশেরও বেশি এগিয়ে ছিলেন। বিরতির পর আন্তোনেল্লি নিজের সেরা সময়ের চেয়ে প্রথম সেক্টরে এক দশমাংশ এগিয়ে যাওয়ার সময় টার্ন ১৪-তে উচ্চগতিতে ঘুরে যান আলপাইনের পিয়েরে গ্যাসলি। তাঁর গাড়ি নুড়িপাথরের জায়গায় আটকে গেলে আবারও লাল পতাকা দেখানো হয়।

দ্বিতীয়বারের বিরতির কারণে হারানো সময় পুষিয়ে নিতে সেশনের শেষে অতিরিক্ত ১৩ মিনিট যোগ করা হয়। এরপর চালকেরা মূলত রেস সিমুলেশনে মনোযোগ দেন। সেখানেও মার্সিডিজের গতি ছিল চোখে পড়ার মতো।

শুক্রবারের পারফরম্যান্স মার্সিডিজের মৌসুমের শুরুর দিকের আধিপত্যের কথা মনে করিয়ে দিয়েছে। সে সময় আন্তোনেল্লি ও দল প্রতিদ্বন্দ্বীদের ওপর বড় ব্যবধান তৈরি করেছিল। ইতিমধ্যে চালক ও কনস্ট্রাক্টর—দুই শিরোপাই নিশ্চিত করেছে মার্সিডিজ। তবে সাম্প্রতিক ছয় রেসের মধ্যে মাত্র একটিতে জিতেছে দলটি। এর মধ্যে চারটি জিতেছেন রেড বুলের ম্যাক্স ভার্সটাপেন।

দ্বিতীয় অনুশীলনে ভার্সটাপেন ছিলেন পঞ্চম স্থানে। তাঁর সামনে ছিলেন নরিস ও ম্যাকলারেনের অস্কার পিয়াস্ত্রি। ষষ্ঠ স্থানে থাকা রেড বুলের অন্য চালক ইসাক হাজদারের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন ভার্সটাপেন। সফট টায়ারে নিজেদের দ্রুততম ল্যাপ দেওয়ার পরও এই চার চালক আন্তোনেল্লির চেয়ে প্রায় অর্ধ সেকেন্ড পিছিয়ে ছিলেন।

ফেরারির দিনটিও ভালো কাটেনি। লেক্লের ও লুইস হ্যামিল্টন যথাক্রমে সপ্তম ও অষ্টম হয়েছেন। দুজনের কেউই সফট টায়ারে পূর্ণাঙ্গ দ্রুততম ল্যাপ দিতে পারেননি। গাড়ির ফ্লোর ক্ষতিগ্রস্ত হওয়ায় লেক্লের ট্র্যাকের বাইরে ছিলেন ২০ মিনিট। অন্যদিকে রেড ফ্ল্যাগের পাশাপাশি নিজের কিছু ভুলের কারণে বাধাগ্রস্ত হন হ্যামিল্টন।

সেশনের শেষ দিকে হ্যামিল্টনের গাড়িতে ইঞ্জিনের সমস্যা দেখা দেয় বলে মনে হয়েছে। তবে এ কারণে নতুন যন্ত্রাংশ লাগানোর প্রয়োজন হবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে রোববারের রেসে গ্রিড পেনাল্টি এড়াতে পারেন তিনি। ভার্সটাপেনের সঙ্গে মূল সোজা পথে প্রায় সংঘর্ষের মতো ঘটনাতেও জড়ান হ্যামিল্টন। স্টুয়ার্ডরা তাঁর গাড়ি চালানোর ধরন নিয়ে পর্যবেক্ষণ করলেও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন।

‘মার্সিডিজ অন্য পর্যায়ে’, বলছেন নরিস

ম্যাকলারেনের গাড়ি লুসাইল সার্কিটের বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই হবে বলে অনেকে ধারণা করেছিলেন। কিন্তু শুক্রবারের দুই সেশন শেষে নরিস স্বীকার করেছেন, মার্সিডিজের সঙ্গে তাঁদের ব্যবধান অনেক বেশি।

নরিস বলেন, ‘বেশির ভাগ দলের তুলনায় আমরা খুব খারাপ নই। কিন্তু মার্সিডিজের সঙ্গে আমাদের ব্যবধান অনেক বেশি। আজ তারা প্রতিটি কর্নারেই আমাদের চেয়ে অনেক দ্রুত ছিল। তারা সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে রয়েছে।’

তাঁর মতে, আপাতত তৃতীয় স্থান নিয়ে লড়াই করাই ম্যাকলারেনের জন্য বাস্তবসম্মত। রেড বুল ও ফেরারির সঙ্গে তাঁদের গতি প্রায় কাছাকাছি। মার্সিডিজের তুলনায় প্রতি ল্যাপে প্রায় সাত দশমাংশ পিছিয়ে থাকার কথাও জানান নরিস।

অন্যদিকে আন্তোনেল্লি সতর্ক করেছেন, শুক্রবারের পারফরম্যান্স দেখে প্রতিদ্বন্দ্বীদের হিসাব থেকে বাদ দেওয়া ঠিক হবে না। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, আমার ও জর্জের মধ্যে লড়াইটা খুব কাছাকাছি হবে। অবশ্যই ম্যাক্স ও অন্যদের কখনোই বাদ দেওয়া যায় না। এমন সপ্তাহান্তও গেছে, যখন শুরুতে আমরা খুব ভালো ছিলাম, কিন্তু যোগ্যতা নির্ধারণী পর্বে অন্যরা অনেক উন্নতি করে কাছাকাছি চলে এসেছে। তাই আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে।’

দ্বিতীয় অনুশীলনের ফল

অবস্থান

চালক

দল

সময়/ব্যবধান

১

কিমি আন্তোনেল্লি

মার্সিডিজ

১:২৩.০৭৭

২

জর্জ রাসেল

মার্সিডিজ

+০.১২৭

৩

ল্যান্ডো নরিস

ম্যাকলারেন

+০.৪৪৫

৪

অস্কার পিয়াস্ত্রি

ম্যাকলারেন

+০.৪৭২

৫

ম্যাক্স ভার্সটাপেন

রেড বুল

+০.৪৯৯

৬

ইসাক হাজদার

রেড বুল

+০.৫০৬

৭

চার্লস লেক্লের

ফেরারি

+১.০২২

৮

লুইস হ্যামিল্টন

ফেরারি

+১.১৩৯

এদিকে শুক্রবারের দুই অনুশীলনেই টায়ারের ক্ষয় বেশি দেখা গেছে। লুসাইল সার্কিটে টায়ারের ওপর বাড়তি চাপের কারণে পিরেলি রোববারের রেসে প্রতিটি টায়ার সেটের জন্য সর্বোচ্চ ২৭ ল্যাপের সীমা নির্ধারণ করেছে। ফলে ৫৭ ল্যাপের রেসে চালকদের অন্তত দুবার পিট স্টপ নিতে হবে। লুসাইলে এ নিয়ে তৃতীয়বারের মতো রেসে টায়ার ব্যবহারে এমন সীমা আরোপ করা হলো।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে যোগ্যতা নির্ধারণী পর্ব। তার আগে বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ অনুশীলন। শুক্রবারের গতি ধরে রাখতে পারলে পোল পজিশনের লড়াইয়ে মার্সিডিজের আন্তোনেল্লি ও রাসেলই থাকবেন আলোচনার কেন্দ্রে। তবে আন্তোনেল্লির সতর্কবার্তা অনুযায়ী, শেষ অনুশীলন ও কোয়ালিফাইংয়ে প্রতিদ্বন্দ্বীদের উন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেয়ারবাজারে বিনিয়োগ: লাভের সুযোগ নাকি ঝুঁকি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


শেয়ারবাজারে বিনিয়োগ: লাভের সুযোগ নাকি ঝুঁকি?

ধরুন, আপনার কাছে ৫০ হাজার টাকা রয়েছে। ব্যাংকে এই টাকা রাখলে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যাবে। তবে শেয়ারবাজারে বিনিয়োগ করলে এই টাকা একদিন ৬০ হাজার হতে পারে, আবার ৪০ হাজারেও নেমে যেতে পারে। তাহলে কি শেয়ারবাজার আসলে টাকা বাড়ানোর জন্য উপযুক্ত স্থান, নাকি এখানে বিনিয়োগ করে সর্বস্ব হারানোর ঝুঁকি রয়েছে?

শেয়ারবাজারের কথা অনেকেই শুনেছেন। কিছু বিনিয়োগকারী লাভ করেছেন, আবার কেউ বড় লোকসান দিয়ে বাজার থেকে সরে গেছেন। কিন্তু শেয়ারবাজার আসলে কী? এখানে বিনিয়োগ শুরু করতে কীভাবে হয়, লাভ কোথা থেকে আসে এবং ঝুঁকি কতটা-এসব না জানলে বিনিয়োগ করা বিপজ্জনক হতে পারে।

শেয়ারবাজার আসলে কী?

সহজভাবে বললে, শেয়ারবাজার হলো এমন একটি স্থান, যেখানে তালিকাভুক্ত কোম্পানির মালিকানার ছোট ছোট অংশ কেনাবেচা করা হয়। ধরুন, একটি কোম্পানির ১০ লাখ শেয়ার রয়েছে। আপনি যদি সেই কোম্পানির ১ হাজার শেয়ার কিনেন, তাহলে আপনি ওই কোম্পানির একজন ক্ষুদ্র অংশীদার হয়ে যাবেন। কোম্পানির ব্যবসা ভালো হলে এবং ভবিষ্যতে আয় বাড়লে তার শেয়ারের দাম বৃদ্ধি পেতে পারে। আবার ব্যবসা খারাপ হলে বা বিনিয়োগকারীদের আস্থা কমে গেলে দাম কমতে পারে।

শেয়ার কিনলে লাভ আসে কোথা থেকে?

শেয়ারবাজারে লাভের প্রধান দুটি পথ রয়েছে। প্রথমটি হলো শেয়ারের দাম বেড়ে গেলে তা বিক্রি করে মুনাফা লাভ করা। ধরুন, আপনি একটি কোম্পানির ১০০টি শেয়ার ৫০ টাকা দরে কিনেছেন। এতে আপনার মোট বিনিয়োগ হলো ৫ হাজার টাকা। পরে শেয়ারের দাম বেড়ে ৬০ টাকা হলে সব শেয়ার বিক্রি করে আপনি পাবেন ৬ হাজার টাকা। অর্থাৎ লেনদেনের খরচ ও কর বাদ দেয়ার আগে আপনার লাভ হবে ১ হাজার টাকা।

দ্বিতীয় পথ হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ। কোনো কোম্পানি লাভ করলে এবং পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের অনুমোদন অনুযায়ী তা বিতরণের সিদ্ধান্ত নিলে শেয়ারধারীরা নগদ বা বোনাস শেয়ার পেতে পারেন। তবে কোম্পানি লাভ করলেই প্রতি বছর ডিভিডেন্ড দেওয়ার নিশ্চয়তা নেই। আবার বোনাস শেয়ার পেলেই আপনার মোট সম্পদ একই অনুপাতে বেড়ে যাবে, এমনটিও নয়। তাই কোম্পানির আর্থিক অবস্থা ও বাজারদর-দুটিই বুঝতে হবে।

কীভাবে বিনিয়োগ শুরু করবেন?

বাংলাদেশে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রথমে নিজের নামে একটি বিও বা বেনিফিশিয়ারি ওনার (Beneficiary Owner) হিসাব খুলতে হবে। এই হিসাবের মাধ্যমে আপনার কেনা শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষিত থাকে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) অনুমোদিত ডিপোজিটরি পার্টিসিপেন্টের মাধ্যমে, সাধারণত নিবন্ধিত ব্রোকারের সহায়তায় বিও হিসাব খোলা যায়।

এ জন্য পরিচয়পত্র, ছবি, ব্যাংক হিসাবের তথ্যসহ নির্ধারিত কাগজপত্র প্রয়োজন হবে। এরপর একটি নিবন্ধিত ব্রোকারেজ হাউসে ট্রেডিং হিসাব খুলে সেখানে টাকা জমা দিতে হবে। তারপর ব্রোকারের মাধ্যমে অথবা অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শেয়ার কেনাবেচা করা সম্ভব।

কোন শেয়ার কিনবেন, বুঝবেন কীভাবে?

শেয়ার কেনার আগে কোম্পানির ব্যবসা সম্পর্কে ধারণা নিতে হবে। কোম্পানির আয় ও মুনাফা বাড়ছে, নাকি কমছে? ঋণের পরিমাণ কত? নিয়মিত ডিভিডেন্ড দেয় কি না? পরিচালনা পর্ষদের সুনাম কেমন? এসব তথ্য কোম্পানির বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে যাচাই করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের জন্য কংগ্রেসকে মার্কিন সিনেটরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের জন্য কংগ্রেসকে মার্কিন সিনেটরের আহ্বান

মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থায়ন বন্ধ করার জন্য কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য কংগ্রেসের প্রতি অনুরোধ করেছেন।

ট্যামি ডাকওয়ার্থ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন, ‘এই সংঘাতের জন্য অর্থায়ন বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।’

ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলের এই সিনেটর যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবার গ্যাসোলিন ও ডিজেলের জন্য অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারের বেশি ব্যয় করতে বাধ্য হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা

আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ান্স আবারও রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছে। প্রায় তিন বছর পর ভারতের সাবেক অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে ফিরছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই বিষয়টি নিশ্চিত করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১১ বছর রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে দলটি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। তবে ২০২৪ সালের আসরের আগে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়। সেই সময় সহ-অধিনায়কের দায়িত্ব পান সূর্যকুমার যাদব।

এখন পর্যন্ত নেতৃত্বের এই পরিবর্তন মুম্বাইয়ের জন্য খুব একটা সুবিধা বয়ে আনেনি। গত তিন মৌসুমে দলটি মাত্র একবার প্লে-অফে পৌঁছাতে সক্ষম হয়েছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন বিতর্কও দলটির অস্বস্তি বাড়িয়েছে। এই পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টেনে তাকে পাঞ্জাব কিংসের কাছে ট্রেড করে মুম্বাই। বিনিময়ে দলে যুক্ত হয়েছে পেসার অর্শদীপ সিং।

হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নেওয়ার ক্ষেত্রে মুম্বাইয়ের সামনে একাধিক বিকল্প ছিল। আলোচনায় ছিলেন সূর্যকুমার যাদব, যিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছাড়াও ২০২৬ সালে হার্দিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।

তরুণ ব্যাটার তিলক বার্মাও সম্ভাবনার মধ্যে ছিলেন। সম্প্রতি ভারত 'এ' দলের অধিনায়কত্ব পাওয়ায় নেতৃত্বের দৌড়ে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তবে শেষ পর্যন্ত মুম্বাই ম্যানেজমেন্ট অভিজ্ঞ রোহিতের ওপরই আস্থা রেখেছে।

এদিকে ২০২৭ মৌসুমে নতুন প্রধান কোচের অধীনে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দলের সাবেক তারকা অলরাউন্ডার কেইরন পোলার্ড।

২০২২ সালে খেলোয়াড় হিসেবে মুম্বাইকে বিদায় জানানোর পর থেকেই তিনি দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন।

রোহিতের প্রত্যাবর্তন এবং পোলার্ডের নতুন দায়িত্বে মুম্বাই ইন্ডিয়ান্স আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের নতুন স্বপ্ন দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%