ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতিসংঘের এআই প্রতিযোগিতায় ৩৭ দেশের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ


জাতিসংঘের এআই প্রতিযোগিতায় ৩৭ দেশের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে বাংলাদেশের চার সদস্যের দল ‘zAI BD’ ৩৭ দেশের কয়েক শ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় সেরার স্বীকৃতি পেতে, তারা বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য নিজস্ব এআই প্ল্যাটফর্ম তৈরি করেছে। তাদের তৈরি ‘ক্লজচেইন’ নামের প্ল্যাটফর্মটি সরকারি নথি থেকে আইন সংগ্রহ, বিশ্লেষণ এবং তথ্যের সত্যতা যাচাই করতে সক্ষম।

গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক বিচারকদের মূল্যায়নে বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করা হয়। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা শনাক্ত, সংগ্রহ ও বিশ্লেষণের জন্য কার্যকর উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি করা। এ ক্ষেত্রে বাংলাদেশের ‘zAI BD’ দল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা আইন বিশ্লেষণ করার পাশাপাশি প্রতিটি তথ্যের নির্ভরযোগ্যতাও যাচাই করতে পারে।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস, প্রতি ১০ মিনিটে খুন ১

দলটির তৈরি ‘ক্লজচেইন’ বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইট, পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে। একই সঙ্গে আইনের বিভিন্ন ধারার সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকগুলোর সামঞ্জস্য যাচাই করে। ফলে বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইনি কাঠামো তুলনামূলকভাবে বিশ্লেষণ করা সহজ হবে।

প্ল্যাটফর্মটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তথ্যের নির্ভুলতা যাচাইয়ের ব্যবস্থা। এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আইনটি কার্যকর আছে কি না এবং তথ্যের উৎস সরকারি কি না, তাও যাচাই করা হয়। এ জন্য রয়েছে নয়টি স্বয়ংক্রিয় যাচাইপ্রক্রিয়া। এর যেকোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ দেওয়া হয়। এতে ভুল তথ্য, অকার্যকর আইন কিংবা ভিত্তিহীন উদ্ধৃতি বিশ্লেষণে যুক্ত হওয়ার ঝুঁকি কমে যায়।

বর্তমানে ক্লজচেইন ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম। ইতোমধ্যে ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে। সম্পূর্ণ উন্মুক্ত উৎসের এ প্ল্যাটফর্মটি ভবিষ্যতে আরও বেশি দেশের আইন বিশ্লেষণের সুযোগ তৈরি করতে পারে।

বাংলাদেশি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্য সদস্যরা হলেন- বিডিরেনের সিনিয়র ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। চারজনই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।

আরও পড়ুন: ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস

দলনেতা আবু নাছের মুহা. নাফিউ বলেন, তাঁদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা সম্ভব। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা প্রমাণ করেছে। ক্লজচেইনকে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইউএনএসকাপের ট্রেড পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন বিভাগ।

এদিকে আন্তর্জাতিক এ অর্জনে বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।

মঙ্গলবার ইউজিসিতে বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় তিনি এসব কথা বলেন। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিজিবি কর্মকর্তার মন্তব্য: "প্রয়োজনে কফিন খুলে দেখবো হাসিনার মাথা আছে কি না"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দাম কমে নতুন মাত্রা পেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ এম


বিশ্ববাজারে সোনার দাম কমে নতুন মাত্রা পেল

বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম হ্রাস পেয়েছে।

গতকাল সোনার দাম ২ শতাংশের বেশি কমেছিল। বর্তমানে বিনিয়োগকারীদের দৃষ্টি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।

সাধারণত, সুদের হার বৃদ্ধি পেলে সোনার মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। ফলে সোনার দামের ওপর চাপ সৃষ্টি হয়।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্যের জন্য অপেক্ষা করছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেডারেল রিজার্ভও সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

এদিকে, সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৭৯ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ ডলার ২৫ সেন্টে নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন দফা শুল্ক তালিকায় ভারতসহ বিভিন্ন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ এম


যুক্তরাষ্ট্রের নতুন দফা শুল্ক তালিকায় ভারতসহ বিভিন্ন দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন শুল্ক আরোপের তালিকায় ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। মার্কিন প্রশাসনের বক্তব্য অনুযায়ী, এই দেশগুলো নিজেদের শিল্প উৎপাদনে ভর্তুকি ও সরকারি সহায়তা প্রদান করে মার্কিন কোম্পানিগুলোর প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন শুল্কের আওতায় চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অর্থনীতির দেশগুলো অন্তর্ভুক্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জামিসন গ্রিয়ারের নেতৃত্বে কয়েক মাস ধরে চলা তদন্তের ফলস্বরূপ মঙ্গলবার নতুন শুল্ক ঘোষণা করা হতে পারে।

শুল্ক আরোপের প্রেক্ষাপট

যুক্তরাষ্ট্র গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওয়াশিংটনের অভিযোগ, এসব দেশের সরকারি ভর্তুকি ও নীতিগত সহায়তার কারণে অতিরিক্ত শিল্প উৎপাদন হচ্ছে। এর ফলে কম দামে পণ্য বিশ্ববাজারে প্রবেশ করায় মার্কিন উৎপাদকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

নতুন শুল্ক অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর কার্যকর হতে পারে। তবে জাতীয় নিরাপত্তার কারণে পূর্বে থেকেই শুল্কের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এই নতুন শুল্কের আওতার বাইরে থাকতে পারে।

শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ২০২৫ সালে আরোপিত শুল্কের কাছাকাছি হার নির্ধারণের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। গত জুলাইয়ে বিদেশি সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে কয়েক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছিল ইউএসটিআর। নতুন শুল্কের সঙ্গে ওই শুল্কও যুক্ত হতে পারে।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ এম


অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনেই মেয়েকে শ্বাসরোধে হত্যা

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানন্দাজে হেলিয়া ফাত্তাহি নামের এক তরুণীকে হত্যার অভিযোগে তার মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পরেই ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়।

কুর্দিস্তান প্রদেশের অপরাধ তদন্ত পুলিশের প্রধান শাহরাম আবদি মঙ্গলবার বলেছেন, জিজ্ঞাসাবাদে মা-বাবা দুজনেই হত্যার দায় স্বীকার করেছেন। গোয়েন্দারা এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে নিশ্চিত হন যে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মা-বাবার বরাত দিয়ে, ‘পারিবারিক কলহের’ কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মানবাধিকার সংস্থা ‘হেংগাও’-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে সানন্দাজের নাইসার এলাকায় নিজ বাড়িতে খুন হন হেলিয়া। সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এর এক সপ্তাহ আগে তিনি পরিবারকে তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। এরপরই মা-বাবা তাকে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যা করেন। হেংগাও এবং আরেক মানবাধিকার সংগঠন ‘হানা’—উভয়ই এ ঘটনাকে কথিত ‘অনার কিলিং’ (পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা) হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ ও হেংগাওয়ের তথ্যমতে, নিহত হেলিয়ার বয়স ১৯ বছর। তবে হানার দাবি, তার বয়স ছিল ১৬ বছর। হেলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কিংবা কীভাবে তাকে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি।

হানা আরও জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যম ‘রোকনা’ তাদের প্রকাশিত হেলিয়ার একটি ছবি কোনো কৃতজ্ঞতা স্বীকার ছাড়াই পুনঃপ্রকাশ করেছে। শুধু তা-ই নয়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছবিটিতে হিজাব যুক্ত করে দেওয়া হয়েছে। হানা একে ছবির বিকৃতি এবং সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক সপ্তাহে তিনটি হত্যাকাণ্ড

এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে ইরানে এটি তৃতীয় কোনো তরুণী বা কিশোরী হত্যার ঘটনা, যা পুরো দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত ১৮ নভেম্বর উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ বছর বয়সি সাদাফ হাগবিন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, তার সাবেক প্রেমিকই গুলি চালিয়েছিল। সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’ জানিয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এর কয়েক দিন আগে কেরমানশাহ শহরে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান ১৬ বছর বয়সি স্কুলছাত্রী সোগান্দ সায়াদি। শিক্ষক ইউনিয়নগুলোর একটি জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে আগেই সতর্ক করেছিলেন যে তাকে বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে বাবা তাকে মেরে ফেলবেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, ওপর থেকে পড়ে পাওয়া আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে কেরমানশাহর সরকারি কৌঁসুলি বলেছেন, মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

‘স্বচ্ছ তথ্যের অভাব’

গণমাধ্যমে প্রকাশিত খবরের হিসাব অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ১৩ অক্টোবরের মধ্যে ইরানে অন্তত ৮৪ জন নারী ও কিশোরী হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৭৫টি ঘটনাতেই হত্যাকারী ছিলেন ভুক্তভোগীদের পূর্বপরিচিত। নিহতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ১৮ বছরের নিচে, যাদের ৮ জনই বাবা, ভাই কিংবা রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের হাতে খুন হয়েছেন। এ হিসাব কেবল গণমাধ্যমে আসা ঘটনাগুলোর ভিত্তিতে তৈরি।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে সোমবার হানা জানিয়েছে, ইরানে নারী হত্যার ক্রমবর্ধমান ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। সংস্থাটির আইনি দপ্তর বলেছে, স্বচ্ছ তথ্যের অভাব এবং পারিবারিক সহিংসতার অনেক ঘটনা গোপন থেকে যাওয়ায় সমস্যার প্রকৃত গভীরতা বোঝা অসম্ভব হয়ে পড়েছে। ঝুঁকিতে থাকা নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

নারীদের সহিংসতা থেকে সুরক্ষায় একটি খসড়া বিল ১৫ বছরেরও বেশি সময় ধরে সরকার, পার্লামেন্ট ও রাষ্ট্রের অন্যান্য সংস্থার মধ্যে চালাচালি হচ্ছে, কিন্তু আজও তা আইনে পরিণত হয়নি।

ইরানের ইসলামি দণ্ডবিধির ৩০১ নম্বর ধারা অনুযায়ী, কোনো বাবা বা দাদা নিজের সন্তান বা নাতি-নাতনিকে হত্যা করলে তিনি ‘কিসাস’ বা মৃত্যুদণ্ডের মতো সমান শাস্তির বিধান থেকে অব্যাহতি পান। তবে মায়েদের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য নয়। সোগান্দ সায়াদির মৃত্যুর পর আইনজীবী ও নারী অধিকারকর্মীরা এ আইন পরিবর্তন এবং নারীদের সুরক্ষায় নতুন আইন পাসের জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%