ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে আওয়ামী লীগের তৈরি ফাঁদে পা দেয়নি সরকার: রাশেদ খান


গোপালগঞ্জে আওয়ামী লীগের তৈরি ফাঁদে পা দেয়নি সরকার: রাশেদ খান

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফাঁদে সরকার পা দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি-কিন্তু ছাড়াই ঐক্যের বিকল্প নেই।"

আজ রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খান। তিনি রাজপথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুনসন্ত্রাস মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, "গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফাঁদ তৈরি করেছিল কিন্তু বিএনপি সরকার সেই ফাঁদে পা দেয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানিতে আইনশৃঙ্খলা বাহিনী যদি গুলি চালাতো, আর সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিনিমাম ৫০০-৬০০ মানুষ মেরে ফেলত।"

আরও পড়ুন: এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে বিদেশে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর

এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে রাজনীতি করার কথা জানান রাশেদ খান। তিনি বলেন, "গণ-অভ্যুত্থানে গণহত্যার দায়মুক্তি পেতে আওয়ামী লীগ এমন বহু ষড়যন্ত্র করবে। তাদের এই ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে।"

রাজপথে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুনসন্ত্রাস মোকাবেলা করতে প্রস্তুতি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান রাশেদ খান। তিনি বলেন, "পলাতক নেতাকর্মীদের চাঙ্গা করতে ওরা (আওয়ামী লীগ) আরো সন্ত্রাস করার অপচেষ্টা করতে পারে। এগুলো সম্মিলিতভাবেই মোকাবেলা করতে হবে।"

ফেসবুক পোস্টে তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ডাকসু নেতা মোসাদ্দেকের বাড়ি ভাঙচুরের তথ্য উল্লেখ করে বলেন, "গোপালগঞ্জে জামায়াত ও এনসিপির নেতাদের ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করছে, আর বিএনপি নেতাদের বাড়িঘর তো জ্বালিয়েছেই। সবমিলিয়ে ওরা একে একে সবাইকে টার্গেট করছে। সুতরাং আলোচনা-সমালোচনা, দাবি দাওয়া আমাদের মধ্যে যাই থাকুক না কেনো ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি কিন্তু ছাড়াই ঐক্যের বিকল্প নেই।"

আরও পড়ুন: জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারের সমর্থনের আহ্বান শামসুজ্জামান দুদুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের সনাক্ত করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


সাদিক কায়েমের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারীদের সনাক্ত করেছে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের প্রচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চারজনের মধ্যে তিনজনকে সনাক্ত করেছে। তাদের আটক করার জন্য অভিযান চলছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু এ বিষয়ে নিশ্চিত করে জানান, এই ঘটনার সঙ্গে জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মো. মুন্না ও সাইফ, যারা জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা, এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর আজ সকালে সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারের সমর্থনের আহ্বান শামসুজ্জামান দুদুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারের সমর্থনের আহ্বান শামসুজ্জামান দুদুর

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের মাধ্যমে বর্তমান সরকারের পাশে দাঁড়ানোর জন্য ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে। যারা এই সরকারকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে বিপদে ফেলতে চেষ্টা করবেন, তারা আগামীতে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল ও আত্মীয়-স্বজন বাংলাদেশের জন্য কতটা অপ্রয়োজনীয় হয়ে উঠেছেন, তা তাদের উপলব্ধি করা উচিত। বর্তমানে বাংলাদেশের মানুষ যে অবস্থায় রয়েছে, সে পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের মধ্যে পেলে তাদের রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও কঠিন হয়ে যাবে। জনগণের হাতে ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল।

তিনি বলেন, নিজের দোষ এবং অপশাসনের কারণে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন। এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা এবং আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ড শুরু করেছেন।

বিএনপির এই নেতা মন্তব্য করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশকে একেবারে ফোকলা করে ফেলেছে। এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভের টাকা নিয়ে যায়নি। সুদে-আসলে সবকিছু নিয়ে গেছে। আওয়ামী শাসকগোষ্ঠী দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সরকারকে সমর্থন জানাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এবং তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবন-জীবিকা রক্ষায়ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে সাত-আট মাসের মধ্যে বিপদ কেটে গেছে—এমনটি মনে করার কোনো কারণ নেই। বিপদ এখনো বিদ্যমান। সেই বিপদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি বলেন, বিরোধীদল যেভাবেই কথা বলুক না কেন, এখনো পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে সে ধরনের অবস্থান গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সংসদের বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এখনো রাজপথে সরকারের প্রশংসা করার লোকের সংখ্যা বেশি। আর যারা প্রশংসা করতে ব্যর্থ হন, তারা সব সীমান্তের ওপারে অবস্থান করছেন। তারা ভালো কিছু দেখতে পারেন না।

সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফটের নাম ঘোষণা, নেটদুনিয়ায় হাস্যরস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফটের নাম ঘোষণা, নেটদুনিয়ায় হাস্যরস

মার্কিন পপ গায়িকা টেইলর সুইফটকে ২০২৬ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DPIFF) অ্যাওয়ার্ডসে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ সম্মাননা প্রদান করা হয়েছে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও মিমের সৃষ্টি হয়েছে।

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (DPIFF) কর্তৃপক্ষ গত ২০ নভেম্বর তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে টেইলর সুইফটের নাম ঘোষণা করে। আয়োজকরা সমসাময়িক সংগীত, গান লেখা, সরাসরি পরিবেশনা এবং বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাবে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করেন।

তবে নেটিজেনরা বিষয়টি সহজভাবে গ্রহণ করতে পারছেন না। দাদাসাহেব ফালকের নামের সঙ্গে পপ তারকা টেইলর সুইফটের যুক্ত হওয়া নিয়ে তারা বিভিন্ন রসিকতা করছেন। কেউ কেউ গ্র্যামির সঙ্গে এই পুরস্কারের তুলনা করে মজা করছেন, আবার কেউ বলিউডের গান গাওয়ার প্রসঙ্গ তুলে কৌতুক করছেন।

কিছু নেটিজেন মজার ছলে প্রশ্ন তুলছেন, মার্কিন গায়িকা কি ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার সম্পর্কে কিছু জানেন কিনা!

এছাড়া, চলতি বছরে ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফটের পাশাপাশি আন্তর্জাতিক বিভাগে বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নির্মাতা জেমস ক্যামেরনকেও স্বীকৃতি দেয়া হয়েছে। ‘সিনার্স’ সিনেমার জন্য সেরা আন্তর্জাতিক অভিনেতা হিসেবে মাইকেল বি জর্ডানের নাম ঘোষণা করা হয়েছে, ‘হ্যামনেট’-এর জন্য সেরা আন্তর্জাতিক অভিনেত্রী হিসেবে জেসি বাকলির নাম এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য সেরা আন্তর্জাতিক পরিচালক হিসেবে পল থমাস অ্যান্ডারসনের নামও ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পরিচয়ে প্রযোজক বুবলী, ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


নতুন পরিচয়ে প্রযোজক বুবলী, ‘ঠিকানা’ প্রদর্শিত হবে ঢাকায়

ঢালিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হিসেবে অভিনেত্রী শবনম বুবলী অনেক দিন ধরে সিনেমায় অনিয়মিত হয়ে আছেন। যদিও তিনি রুপালি পর্দায় নিয়মিত নন, সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তার উপস্থিতি বেশ সক্রিয়। তবে এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর প্রতিষ্ঠানটির প্রথম কাজের আগমনে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। বুবলী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন।

সেই সময় তিনি বলেছিলেন— এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।

এ মুহূর্তে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। গত ১১ মে তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও চোখে পড়ছে না।

২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

তবে শবনম বুবলীর অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হবে। এর পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে বলে জানা গেছে।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী এ অভিনেত্রী।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে এ সিনেমাটি।

প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পেতে আশাবাদী শবনম বুবলী। প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার কথা বলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%