ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক


ভৈরবে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে শিমুলকান্দি হাইস্কুল মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাজী তৈয়বুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম হারিছ।

বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- শিমুলকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য জজ মিয়া, সমাজসেবক সোলাইমান মিয়া ও হেলাল মিয়া প্রমুখ।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

প্রধান অতিথির বক্তব্যে আফিকুল ইসলাম হারিছ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম-মৃত্যু সনদ প্রদান থেকে শুরু করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে চেয়ারম্যানের অনেক বড় দায়িত্ব রয়েছে। তাই ইউনিয়নবাসী ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে একজন সৎ, দক্ষ ও ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা উচিত। আসন্ন নির্বাচনে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আফিকুল ইসলাম হারিছকে তাদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জোরালো সম্মতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন, চীনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


রাশিয়ার নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন, চীনের অভিনন্দন

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় অনুষ্ঠিত স্টেট ডুমা (পার্লামেন্ট) নির্বাচনের ফলাফলকে "রুশ জনগণের ইচ্ছার প্রতিফলন" হিসেবে চীন স্বাগত জানিয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশটির ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ পার্টি একটি বড় ধরনের জয়ের পথে রয়েছে।

সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "রাশিয়ায় স্টেট ডুমা নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীন রাশিয়াকে অভিনন্দন জানাচ্ছে। এই নির্বাচন রাশিয়ার রাজনৈতিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা রাশিয়ার জনগণের স্বাধীন মতামতকে প্রতিফলিত করে।"

তিনি আরও উল্লেখ করেন যে, চীন সবসময় রুশ জনগণের স্বাধীন সিদ্ধান্তকে সমর্থন করে এবং বেইজিং মস্কোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রস্তুত রয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে এটি রাশিয়ার প্রথম পার্লামেন্টারি নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দল পার্লামেন্টের নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, প্রায় ৫০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় কিয়েভ এবং পশ্চিমাদের একাংশ এই নির্বাচনের তীব্র নিন্দা ও অস্বীকৃতি জানিয়েছে। সূত্র: আনাদুলু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে পেয়ারা চাষে কৃষকদের আগ্রহ কমছে, হতাশা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


ঝালকাঠিতে পেয়ারা চাষে কৃষকদের আগ্রহ কমছে, হতাশা প্রকাশ

ঝালকাঠির চাষীরা বাংলার আপেল খ্যাত পেয়ারা চাষে আগ্রহ হারাতে শুরু করেছেন। মৌসূম শেষে আয়-ব্যায় হিসেব করে লাভজনক না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন। এই কারণে পেয়ারা চাষের জমি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ২০২৫-২০২৬ অর্থবছরে ঝালকাঠি জেলার চার উপজেলার ৫৫৪ হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে। ৫৬২৩ মেট্রিকটন পেয়ারা উৎপাদন হয়েছে। বর্তমান বাজারমূল্য প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৫৬২ হেক্টর জমিতে পেয়ারার আবাদ করা হয়েছিল। ওই সময়ে উৎপাদন হয়েছিল ৬০৪২ মেট্রিকটন। দুই বছরের ব্যবধানে পেয়ারার আবাদ কমেছে ৮ হেক্টর জমিতে।

বরিশাল অঞ্চলের পেয়ারার দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে। সুস্বাদু এই ফলের চাহিদার বেশিরভাগই ঝালকাঠি থেকে পূরণ হচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন হাটে পেয়ারা কেনাবেচা হচ্ছে। এর মধ্যে ভিমরুলী গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। এই হাট থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হয় পুষ্টিকর এ ফল। বিপুল চাহিদা থাকা সত্ত্বেও কাঙ্খিত দাম না পাওয়ায় এবং লাভজনক না হওয়ায় জেলায় প্রতি বছরই কমছে আমড়ার আবাদ।

এ বছর অন্যান্য বছরের তুলনায় পেয়ারার ফলন কম হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভিমরুলীর ভাসমান হাট থেকে পেয়ারা কিনছেন ৮শ থেকে এক হাজার টাকা মণ দরে। পেয়ারা চাষি ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেয়ারা আকার ও কালারভেদে দর নির্ণয় করা হয়। এ জন্য ৮শ থেকে এক হাজার টাকা পর্যন্ত দামে প্রতি মণ পেয়ারা ক্রয়-বিক্রয় হচ্ছে।

চাষি সুজন হালদার শানু জানান, আমড়া গাছে প্রতিবছর শীত মৌসূমে পরিচর্যা, সার-কীটনাশক প্রয়োগ, পেয়ারা সংগ্রহ, বাজারজাত করণে যে পরিমাণ খরচ হয়, তাতে বিক্রির অর্থ দিয়ে পোষানো যায় না। তিনি বলেন, মৌসূমে প্রতিদিনই পেয়ারা সংগ্রহ করতে হয়। একজন শ্রমিককে দিতে ৮শ টাকা। কিন্তু পেয়ারা বিক্রি করা যায় এক থেকে দেড় হাজার টাকার। অনেক সময় এর চেয়েও কম দামে বিক্রি করতে হয়। এরচেয়ে আমড়া বা অন্যান্য ফসল চাষ করলে তাতে লাভ বেশি হয়।

কীর্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বনামধন্য কৃষক ভবেন্দ্রনাথ হালদার জানান, পেয়ারা চাষে এখন আর লাভ নেই। এ বছর অনাবৃষ্টির কারণে পেয়ারার ফলন ভালো হয়নি। যা হয়েছে, তাতে আবার এনথ্রাক্স (কালো ছিট পড়া) রোগ দেখা দিয়েছে। পেয়ারা পাকতে শুরু করলে প্রতিদিনই গাছ থেকে পেড়ে (সংগ্রহ করে) বাজারে আনতে হয়। একজন শ্রমিককে খরচ সাতশ টাকা দিতে হয়, কিন্তু পেয়ারা বিক্রি হয় চারশ টাকার। এর চেয়ে জমিতে আমড়ার আবাদ করলে লাভ বেশি হয়। প্রতিটি গাছে ৩-৪ মণ আমড়া ধরে। দু’জন শ্রমিক নিয়োগ করলে তারা ১০-১২টি গাছের আমড়া পাড়তে পারে। প্রতিদিন আমড়া পাড়তে হয় না, পরিপক্ব হলে এক দিনেই সব পাড়ানো সম্ভব। তা ছাড়া একটি বাতাবিলেবু (জাম্বুরা) গাছ লাগালেও সেখান থেকে কমপক্ষে দুই হাজার টাকা বিক্রি করা সম্ভব।

স্বরূপকাঠির পাইকার নোমান বলেন, এবছর ফলন তেমন ভালো হয়নি। আমরা এখানে চাষিদের থেকে পেয়ারা কিনে ঢাকায় চালান করেছি। প্রতি মণ পেয়ারা আকার ও কালার ভেদে ৮শ’ থেকে এক হাজার টাকায় ক্রয় করি। প্রতিমণ পেয়ারায় দুইশ’ টাকা লাভ থাকে। এর মধ্যে আমাদের শ্রমিক, পরিবহন, খাবার খরচ শেষে একশ টাকা লাভ হয়।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে এবং রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিবছর তুলনামূলকভাবে পেয়ারার চাষ হ্রাস পাচ্ছে। এবছর পেয়ারার চাষ কম হওয়ায় চাষিরা তাঁদের কাঙ্খিত দাম না পাওয়ায় হতাশাগ্রস্ত হয়েছেন। আমরা তাঁদের উদ্বুদ্ধ করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


গোপালগঞ্জে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৬ : জেলার কাশিয়ানী উপজেলায় দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে আজ ১২টি জলাশয়ে মোট ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ সোমবার সকালে কাশিয়ানী উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. মনোয়ার মাহামুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম।

উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ জানান, কাশিয়ানী উপজেলা পরিষদ পুকুর ছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এর মধ্যে কুমার নদে ৫০ কেজি, মধুমতি বাওড়ে ৫০ কেজি, কাশিয়ানী থানা পুকুরে ২১ কেজি, হাইশুর বৃদ্ধাশ্রম পুকুরে ২০ কেজি, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারাইল-ফুকরা মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, কাশিয়ানী রেল স্টেশন মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারাইল আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, সাফলীডাঙ্গা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, সাবেক পদ্মবিলা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি এবং জঙ্গল মুকুন্দপুর আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি পোনা ছাড়া হয়েছে।

তিনি আরও জানান, জলাশয়গুলোতে ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের সুস্থ ও জীবিত রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশীয় মাছের বংশবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়া পেলেন ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড–২০২৬’

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম ভৈরব, কিশোরগঞ্জ

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান লিটন মিয়া পেলেন ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড–২০২৬’

সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার অর্জন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নবাসী।

সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড এবং দেশ ও সমাজের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

চেয়ারম্যান লিটন মিয়ার এ অর্জনকে কালিকাপ্রসাদ ইউনিয়নবাসীর জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সমাজের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

ইউনিয়নবাসীর পক্ষ থেকে বলা হয়, সমাজসেবায় তার নিরলস প্রচেষ্টা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন নিঃসন্দেহে আনন্দের। ভবিষ্যতেও তিনি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় কালিকাপ্রসাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান লিটন মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%