মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি
০৯:১৯ পি.এম
দুবাইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। অবশেষে ভালোবাসার টানে দুবাইয়ের আদালতে বিয়ে। সেই ভালোবাসার টানেই ভারতের কেরালা থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী।
তাঁর স্বামী মাসুদ রানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। ভিনদেশি তরুণীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর তাঁকে একনজর দেখতে প্রতিদিনই রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার উৎসুক মানুষ।
শনিবার (১৪ নভেম্বর) রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে দুবাই যান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় কাজ করতে আসেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। সেখানেই দুজনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মাসুদ রানা জানান, একে অপরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। পরে অশ্বিনী ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে তাঁর স্বামীর বাড়িতে ওঠেন।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে ভালো লাগা, এরপর ভালোবাসা—সবকিছুই তাঁদের নিজেদের পছন্দ ও সিদ্ধান্তে এগিয়েছে। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারও তাঁদের সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে।
স্বামীর পরিবারের সদস্যদের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ অশ্বিনী। শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালো মানুষ উল্লেখ করে তিনি বলেন, রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।
এদিকে মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে ভারতের ওই তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরাও তাঁদের সম্পর্ক মেনে নিয়েছেন। পুত্রবধূ অশ্বিনীকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা। তিনি আরও জানান, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন পরিবেশ পেরিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতিকে ঘিরে এখন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। তিনি নির্দেশনা দেন যে, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখতে হবে।
মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে। আজ শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আজ থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষক। তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।
মিলারদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত চাল সরবরাহ করতে হবে। চালের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
মন্ত্রী প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সংগ্রহমূল্য সম্পর্কে কৃষকদের অবহিতকরণ, স্বচ্ছতার সঙ্গে মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি বলেন, স্বচ্ছ, দক্ষ ও কৃষকবান্ধব আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মানিকগঞ্জকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, কৃষক ও মিলারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন।
এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলা, আটকে রেখে মারধর এবং জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বালু ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে।
জানা গেছে, ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক রফিক, দেশ টিভির ক্যামেরাম্যানসহ চারজন এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এর উপস্থিতিতে পলাশবাড়ী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংবাদ সংগ্রহ করা হয়।
সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা সিএনজিযোগে অফিসে ফেরার পথে পলাশবাড়ী উপজেলার ৭১ টিভির সাংবাদিক পাপুল ও রতন সরকারের নেতৃত্বে বিএনপির সদস্যসচিব সোহেল হৃদয়সহ কয়েকজন তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁদের একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করা হয়। একপর্যায়ে সাংবাদিকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পরিকল্পিতভাবে তাঁদের বিতর্কিত করার উদ্দেশ্যে জোরপূর্বক টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণের অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন সাংবাদিক মহল।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সাংবাদিক মহলের বক্তব্য, সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হামলা, হয়রানি কিংবা ভয়ভীতির শিকার হতে হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী (৪৫) আর নেই। তিনি শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও সংগঠন সূত্রে জানা যায়, ইয়াছিন আলী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর জীবনাবসান ঘটে।
মরহুম ইয়াছিন আলী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের বাসিন্দা এবং মৃত আলহাজ আকবর আলী শেখের ছোট ছেলে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা কার্যালয়ে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে রাজধানীর মগবাজার এলাকায় বসবাস করতেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সভাপতি এফ এম কামরুল হাসান এবং সহসভাপতি গোলাম রব্বানী। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আগামীকাল রবিবার সকাল ১০টায় তাঁর নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণীয় ও জীববৈচিত্র্যে ভরপুর ইনানী সৈকতের ঝাউবাগান রক্ষায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ একটি বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
১৪ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে এই অভিযানটি পরিচালিত হয়। উখিয়া উপজেলার ইনানী রেঞ্জের রেজু টহল ফাঁড়ির আওতাধীন দুটি স্পটে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ টহল টিম ও ইনানী রেঞ্জের যৌথ উদ্যোগে অভিযানটি চলে।
প্রথম অভিযান সোনারপাড়া বিচে
রেজু ফাঁড়ির অধীন সোনারপাড়া বিচের সংরক্ষিত ঝাউবাগানে একটি চক্র দখলের উদ্দেশ্যে "সিমিজু হ্যাচারি এন্ড নার্সারি" নামে একটি প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে লোহার এঙ্গেল, সবুজ নেট দিয়ে ঘেরা-বেড়া ও বিশাল সাইনবোর্ড বসায়। বন বিভাগের টহল দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানে ওই ঘেরা-বেড়া, খুঁটি ও সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে আনুমানিক ১.৫ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়। ছবিতে বনরক্ষীদের সেই সাইনবোর্ডটি তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে।
দ্বিতীয় অভিযান নিদানিয়া বিচে
এরপর একই রেঞ্জের অধীন নিদানিয়া বিচের ঝাউবাগানে অভিযান চালানো হয়। সেখানে পর্যটন মৌসুমকে কেন্দ্র করে রাতারাতি গড়ে ওঠা আরও ৭টি নতুন অবৈধ দোকানপাট ও টংঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে আনুমানিক ৩.০ একর বনভূমি উদ্ধার করা হয়। সব মিলিয়ে এই অভিযানে মোট ৪.৫ একর ঝাউবাগান দখলমুক্ত করা হয়েছে।
মামলা প্রক্রিয়াধীন
বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দখলদাররা সামুদ্রিক কাছিমের হ্যাচারির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে বনের জমি দখলের পাঁয়তারা করছিল, যা সম্পূর্ণ বেআইনি। ইনানীর ঝাউবাগান শুধু সৈকতের সৌন্দর্যই নয়, এটি সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার নিরাপদ স্থান এবং উপকূলীয় ভাঙন রোধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।
এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তারেক বলেন, _"ইনানী-সোনারপাড়া-নিদানিয়া এলাকায় সংরক্ষিত বনের এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না। বন বিভাগের জমি উদ্ধারে আমাদের নিয়মিত টহল ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যারাই অবৈধভাবে বন দখল করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ