০৯:২৫ পি.এম
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। তিনি নির্দেশনা দেন যে, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের বিশেষ নজর রাখতে হবে।
মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে। আজ শনিবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: কই এলাকার মানুষ, আগে থেকেই পরিচয় অথচ একসঙ্গে পথচলার সুযোগ হয়নি কখনো!
মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আজ থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
কৃষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি কৃষক। তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে সরকার তা সংগ্রহের বিষয়টি বিবেচনা করবে।
আরও পড়ুন: বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মাইকিং
মিলারদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত চাল সরবরাহ করতে হবে। চালের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
মন্ত্রী প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, সংগ্রহমূল্য সম্পর্কে কৃষকদের অবহিতকরণ, স্বচ্ছতার সঙ্গে মান যাচাই এবং দ্রুত মূল্য পরিশোধ নিশ্চিতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি বলেন, স্বচ্ছ, দক্ষ ও কৃষকবান্ধব আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মানিকগঞ্জকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, কৃষক ও মিলারসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন
স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহাবুব রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
অনুষ্ঠানে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
আমন সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী পাঁচজন কৃষকের মধ্যে ওয়েট কোয়ালিটি সনদপত্র বিতরণ করেন।
আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি কার্যালয়ের তালা কেটে অগ্নিসংযোগ, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই
এ ছাড়াও ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খাদ্যমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন