০৪:১৪ পি.এম
ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার সকাল পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এই ঘটনায়। আহত হয়েছেন প্রায় ৪,৩০০ জন।
ভূমিকম্পের পরে দেশটিতে জরুরি অবস্থা জারি থাকলেও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দা এবং দক্ষ চিকিৎসক-প্রকৌশলীর অভাবে উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
উত্তরের উপকূলীয় রাজ্য লা গুইরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আমপারো দেল জিউদাইস নামের এক নারী বিশাল এক পাথরের স্তূপের সামনে বসে রয়েছেন। তিনি খালি হাতেই কংক্রিটের ওই স্তূপ খুঁড়ছেন।
আরও পড়ুন: অ্যামাজন যুক্তরাজ্যে ২০২৭ সালে গাড়ি বিক্রি শুরু করবে
সময় বয়ে যাচ্ছিল, কিন্তু সরকারের কোন সাহায্য আসছিল না। এতে আমপারো হতাশ হয়ে পড়েছেন। তিনি মরিয়া হয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ ছেলের কাছাকাছি বসে তিনি বলেন, ‘এখানে অনেক পাথর। খালি হাতে এগুলো সরানো অসম্ভব।’
তার ২৩ বছর বয়সী নাতি আলেসান্দ্রো একজন স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস কর্মীর হেলমেট পরেছেন। তিনিও তার নিখোঁজ বাবাকে খুঁজছেন। আস্ত ভবনের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে কাঁদছিলেন তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘ও ওখানেই আছে।’
লা গুইরা শহরে প্রায় ২৫ হাজার মানুষের বাস। উৎসবের দিনগুলোতে রাজধানী কারাকাস থেকে মানুষ ছুটি কাটাতে এখানে আসতেন। এখানকার অনেক উঁচু ভবন ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করেছেন। তিনি ওই এলাকাটিকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করেছেন।
আরও পড়ুন: পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ আটকে রেখেছে
সংবাদ সংস্থা এএফপি সেখানে লুটপাট দেখেছে। চারদিকে শুধু ধ্বংস হওয়া ভবন এবং মানুষের আতঙ্কিত চেহারা দেখা যাচ্ছে। সমুদ্রের ধারের বিলাসবহুল ভবনগুলো ভেঙে লোহা, কাচ এবং কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে। বাতাসে এখনো ধুলো উড়ছে।
উপকূলের হাইওয়ের অনেক জায়গা ভেঙে গেছে। উপকূলের অনেক ভবন এখন আর বসবাসের যোগ্য নয়। অনেকগুলো পুরোপুরি বিলীন হয়ে গেছে। দুটি পাঁচতারা হোটেলও ধসে পড়েছে।
যেখানে আগে ১৫ তলা উঁচু ভবন ছিল, উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবকেরা সেই ধ্বংসস্তূপের পাহাড়ে উঠছেন। তারা নিখোঁজ মানুষদের নাম ধরে জোরে জোরে ডাকছেন। ভেনেজুয়েলায় এখনো ছোট ছোট ভূকম্পন বা আফটারশক ঘটছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ, কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন