০৩:১৫ পি.এম
মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি কেনাবেচার সেবা চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শুরুতে দেশটিতে ‘অ্যামাজন অটোস’ নামের সেবা চালু করার পরিকল্পনা করছে। এটি যুক্তরাষ্ট্রের বাইরে সেবাটির প্রথম সম্প্রসারণ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই সেবার মাধ্যমে ক্রেতারা অ্যামাজনের যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইটে নতুন এবং ব্যবহৃত গাড়ি খুঁজে দেখতে পারবেন। শুরুতে গাড়ি সরবরাহকারী অংশীদার হিসেবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই যুক্ত থাকবে। তাদের বিভিন্ন বৈদ্যুতিক, হাইব্রিড এবং পেট্রলচালিত মডেল পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে আইওনিক ৩, আইওনিক ৫, কোনা এবং আই২০।
অ্যামাজন যুক্তরাজ্যের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টু মোটরসের মাধ্যমে ব্যবহৃত গাড়ি বিক্রিরও পরিকল্পনা করেছে। ভবিষ্যতে আরো গাড়ি নির্মাতা এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে এই সেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের উদ্যোগ, সফরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি পরিদর্শন
ক্রেতারা অ্যামাজনের ওয়েবসাইটে গাড়ির মডেল, বৈশিষ্ট্য এবং নির্ধারিত দাম দেখতে পারবেন। তারা পছন্দের গাড়ি বেছে নিয়ে সেটি সংরক্ষণ করতে পারবেন এবং নিজের পুরনো গাড়ির সম্ভাব্য মূল্যও জানতে পারবেন। গাড়ি কেনার জন্য অর্থায়নের সুযোগও তারা খতিয়ে দেখতে পারবেন।
তবে পুরো কেনাকাটার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে না। অ্যামাজনের ওয়েবসাইটে গাড়ি পছন্দ ও সংরক্ষণের পর চূড়ান্ত কেনাকাটা সংশ্লিষ্ট ডিলারশিপে সম্পন্ন করতে হবে। গাড়ির দাম নির্ধারণের দায়িত্বও বিক্রেতাদের হাতে থাকবে।
২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ‘অ্যামাজন অটোস’ সেবা চালু করে প্রতিষ্ঠানটি। পরে দেশটির ১৫০টির বেশি শহরে এই সেবা ছড়িয়ে পড়ে। এবার যুক্তরাজ্যে কার্যক্রম শুরুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে অ্যামাজনের অনলাইন গাড়ি বিক্রির উদ্যোগ।
আরও পড়ুন: লিবারম্যানের অভিযোগ, ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন