মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৭ পি.এম
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। নবীন বরণ উপলক্ষে সেমিনার, ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএইউএসটি একাউন্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারমিন আক্তার মিতু, এসিএ, ম্যানেজার, ইন্টার্নাল অডিট ডিপার্টমেন্ট, ব্র্যাক, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।
সেমিনারে “ফ্রম একাউন্টিং এডুকেশন টু প্রফেশনাল এক্সেলেন্সঃ অপরচুনিটিজ, স্কিলস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ” শীর্ষক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে একাউন্টিং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনার শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামীম রেজা, পিএইচডি (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিওএম, পিএসসি (অবঃ), ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহ্ আলম সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
নবীন বরণকে আরও অর্থবহ ও পরিবেশবান্ধব করতে গত ৬ সেপ্টেম্বর বিএইউএসটি ক্যাম্পাসে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এআইএস বিভাগের ৫৫ জন নবীন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বৃক্ষ রোপণ করেন।
শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাস সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বার্তা তুলে ধরা হয়। নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে স্মরণীয় করে রাখার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বৃক্ষরোপণ কর্মসূচিটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর স্পন্সরে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নবীন শিক্ষার্থীদের শুধু আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়াই নয়; বরং তাদের মধ্যে পেশাগত দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সেমিনার, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণের সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে আনন্দময়, শিক্ষণীয় ও স্মরণীয় করে তোলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : প্রথমবারের মতো দেশের ৮টি বিভাগে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। এবারই প্রথম আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশালেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
আজ মঙ্গলবার সকালে রাবি’র উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব আনা হয়েছে।
রাবি’র জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক কামরুজ্জামান বাসসকে বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট এ সাত শহরে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ বিভাগেও ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টা বিবেচনা করেছে ভর্তি উপকমিটি। আজ ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি (২০২৭) ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানগুলোতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ মোট ২৩০৬টি মামলা দায়ের করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় এবং এসব মামলা রুজু করে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১১৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ১৯টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস ও ৪টি ট্রাকসহ মোট ৩২২টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮টি বাস, ২৭টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি সহ মোট ৪১৫টি মামলা রুজু হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা রুজু হয়েছে। অভিযান চলাকালীন মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৩৬ জন হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫৭ জন। ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৬ হাজার ৬৪১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৯ জন এবং ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৯ হাজার ৮৩৫ জন।
১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৮৫০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৯৯ জন শিশুর মৃত্যু ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’র সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সদস্য অ্যাডভোকেট মাইনুউল আহসান পান্নাসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ