ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল


এবার সংসদীয় কমিটি থেকে বাদ সেই গাজী নজরুল

সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠনের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে।

আব্দুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ শূন্য হয়। সেই পদেই জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

আরও পড়ুন: ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী আফিয়া আক্তার ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার

এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ ছেড়েছেন। তার জায়গায় কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।

অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর সংসদীয় কমিটি থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। জামায়াতের অনুরোধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বিশেষ কমিটি দুই জায়গা থেকেই তার সদস্যপদ বাতিল করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গাজী নজরুল ইসলামের পরিবর্তে যুক্ত করা হয়েছে আবদুল ওয়ারেছকে। আর বিশেষ কমিটিতে তার জায়গায় নেওয়া হয়েছে নাজিবুর রহমানকে।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে খামারীদের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

কার্যউপদেষ্টা কমিটিতেও আনা হয়েছে পরিবর্তন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে কমিটিতে যুক্ত করা হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে।

অন্যদিকে, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি থেকেও পরিবর্তন আনা হয়েছে। বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে কমিটিতে যুক্ত হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অভিনন্দন জানিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যলয়ের এক চিঠির মাধ্যমে এই অভিনন্দন বার্তা জানানো হয়।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান ও বাংলাদেশ দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। নির্ভরযোগ্য বন্ধু হিসেবে জাপান বাংলাদেশের রাষ্ট্র গঠন ও উন্নয়ন প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।

এতে বাংলাদেশের অধিকতর সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্যও কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এখন আইনি সমস্যায় পড়তে চলেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


এখন আইনি সমস্যায় পড়তে চলেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

এখন আইনি সমস্যায় পড়তে চলেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

বিতর্ক যেন ইনফান্তিনোর পিছু ছাড়ছে না। বৈশ্বিক ক্রীড়া সংস্থাটির প্রধান হিসেবে তিনি নতুন একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পরেও আইনি জটিলতা এড়ানো সম্ভব হয়নি। আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে উয়েফা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইউরোপীয় ফুটবলের সংস্থাটি যুক্তরাষ্ট্রের আদালতে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উয়েফা জানায়, ইনফান্তিনো ফিফার বাণিজ্যিক অধিকার বিক্রির জন্য একটি গোপন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, যা অস্বচ্ছ এবং অপর্যাপ্ত মূল্যায়নের ভিত্তিতে ছিল।

 

এটি করার মাধ্যমে তারা নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ তহবিল ‘থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র (যার প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার) কাছে থাকা সম্ভাব্য প্রমাণাদি প্রকাশের অনুরোধ করেছে।

থ্রাইভ এবং কুশনার ফিফার প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছিল। তারা ফিফার একটি সহযোগী প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা কেনার জন্য ৪.২ বিলিয়ন ডলার প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছিল, যা বিশ্বকাপসহ ফুটবলের সব বাণিজ্যিক ইভেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছে।

উয়েফার আইনজীবীরা ৫৬ পৃষ্ঠার একটি নথিতে উল্লেখ করেছেন, উয়েফা এবং তাদের আইনি প্রতিনিধিরা ইনফান্তিনো এবং সম্ভবত ফিফার অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে সুইস দণ্ডবিধির ১৫৮ নম্বর ধারার আওতায় ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগে সুইস আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

 

নথিতে উল্লেখ করা হয়েছে যে, ৪.২ বিলিয়ন ডলারের এই অঙ্কটি সম্ভবত ‘ইনফান্তিনো নিজের স্বার্থে প্রচারিত একটি প্রতারণামূলক ও বাজার-বহির্ভূত মূল্য। উয়েফাসহ বিশ্ব ফুটবলের শীর্ষ নেতাদের তীব্র প্রতিবাদের মুখে ১ আগস্ট ইনফান্তিনো সেই বিক্রয় পরিকল্পনাটি বাতিল করেছিলেন। এরপর থেকে তিনি চরম বিরোধীতার সম্মুখীন হচ্ছেন। এদিকে, চাপের মধ্যে ২০৩৪ সালে পুরুষ বিশ্বকাপ আয়োজক দেশ সৌদি আরব ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ভালোবাসায় বিদায় নিলেন কালকিনির ইউএনও সাইফ উল আরেফীন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


সাংবাদিকদের ভালোবাসায় বিদায় নিলেন কালকিনির ইউএনও সাইফ উল আরেফীন

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় উপলক্ষে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ মন্তব্য করেন, কালকিনিতে দায়িত্ব পালনকালে ইউএনও সাইফ উল আরেফীন উপজেলা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁরা উপজেলা উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন।

এ সময় সাংবাদিকরা ইউএনও সাইফ উল আরেফীনের সঙ্গে কালকিনির সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের কথা স্মরণ করেন। দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের পেশাগত কাজে তিনি যে সহযোগিতা করেছেন, সেটি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের হাতে যৌথ শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীন বলেন,

"কালকিনির সাধারণ মানুষের জন্য কাজ করতে পেরে আমি আনন্দিত। বিশেষ করে এখানকার সাংবাদিকসমাজ সবসময় বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। সাংবাদিকদের এই ভালোবাসা ও সহযোগিতা আমার পেশাগত জীবনে স্মরণীয় হয়ে থাকবে।"

তিনি আরও বলেন, কালকিনিতে দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে তিনি সবসময় সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতেও কালকিনির মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে কালকিনি মডেল প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক এবং তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের নতুন কর্মস্থলে সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিধ্বংসী ইনিংসে সিংহাসনে ফিরলেন পোলার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


বিধ্বংসী ইনিংসে সিংহাসনে ফিরলেন পোলার্ড

 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় কাইরন পোলার্ড ও জশ বাটলার অংশগ্রহণ করছেন।

একদিন পোলার্ডের রান বাড়ছে, অন্যদিন বাটলারের।

এবার পোলার্ড আবার সিংহাসন ফিরে পেলেন। গতকাল তিনি ২৬ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার হিসেবে তার মোট রান এখন ১৪ হাজার ৯২১।

 

অন্যদিকে, বাটলারের রান ১৪ হাজার ৮৯০। সিংহাসন ফিরে পাওয়ার আগে পোলার্ড ৩৫ রান পিছিয়ে ছিলেন, কিন্তু এখন তিনি ৩১ রান এগিয়ে আছেন। এই সংখ্যা আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না

গতকাল ব্রায়ান লারা স্টেডিয়ামে কীর্তি গড়ার রাতটি পোলার্ড জয়ে রাঙাতে পারেননি।

 

সেন্ট লুসিয়া কিংসের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রান করতে সক্ষম হয়। ফলে সেন্ট লুসিয়া ৩৬ রানের জয় পায়। পোলার্ড ২৫০.০০ স্ট্রাইকরেটে ৬ চার ও ৫ ছক্কার ইনিংসে কেবল ব্যবধান কমিয়েছেন। প্রতিপক্ষের ওপেনার টিম সেইফার্ট ৬১ বলে ১০৫ রান করে ম্যাচসেরা হন।

অন্যদিকে, পোলার্ডের সতীর্থ সুনিল নারাইনও একটি মাইলফলক অর্জন করেছেন।

 

গতকাল জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করে তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তার উপরে আছেন আরেক স্পিনার রশিদ খান, যিনি ৭৩৬ উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%