০৪:১৯ পি.এম
সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর মন্তব্য করেছেন যে, ইমামরা সমাজের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের বক্তব্য ও পরামর্শ মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। তাই ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সততা, ন্যায়বিচার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য ইমামদের এগিয়ে আসতে হবে। মসজিদে ইসলামী আলোচনা হবে, তবে মসজিদে রাজনীতি আলোচনা করা উচিত নয়।
আজ বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হল রুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আরও উল্লেখ করেন যে, সম্প্রতি বিশ্বনাথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েকটি মারামারির ঘটনা ঘটেছে। তিনি বলেন, "মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়া যাবে না।" তিনি আরও বলেন, যদি মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দেয়ার চেষ্টা করা হয়, তাহলে তাদের প্রতিহত করার চেষ্টা করতে হবে। এতে ইমাম-মুয়াজ্জিনদের সতর্ক অবস্থানে থাকতে হবে। এমপি ইমাম-মুয়াজ্জিনদের আহবান জানান যে, যদি কেউ জোরপূর্বক মসজিদের মাইকে মারামারির ঘোষণা দিতে চায়, তাহলে স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।
আরও পড়ুন: বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলায় বাঁশি-দোতারার সুরে শত বছরের ঐতিহ্য উদযাপন
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ প্রসঙ্গে এমপি জানান, দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ও বার্ধক্যজনিত অক্ষমতার কারণে আর্থিক সংকটে পড়া ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সহযোগিতার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, "এ ধরনের উদ্যোগ ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" এমপি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে পাইলট কর্মসূচি হিসেবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, বিশ^নাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জিয়াউল হক আনছারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।
আরও পড়ুন: যমুনা ফিউচার পার্কে ব্যারিয়ার ভেঙে জেমসের গান উপভোগ করলেন হাজারো মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন