০৪:৩৫ পি.এম
বিশ্বকাপ তো বটেই, সম্ভবত নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে এবারের আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্ডে। আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিশ্বের অন্যতম ফুটবল শক্তিদের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার কথা বললেন কেপ ভার্ডে কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল বিশ্বে ‘বুবিস্তা’ হিসেবে পরিচিত।
প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা কেপ ভার্ডেকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখতে শুরু করেছে। তবে এটি একমাত্র ‘ভদ্রতা’ নয়। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে গ্রুপপর্বে কোনো ম্যাচ হারেনি মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি। কেপ ভার্ডে কোচ মন্তব্য করেন, এখন আর অন্য দলগুলো আমাদের দুর্বল দল হিসেবে দেখে না। তার মতে, দলটি নিজেদের পারফরম্যান্স দিয়ে এই সম্মান অর্জন করেছে।
বেশ আত্মবিশ্বাসের সাথে কেপ ভার্ডে কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা এই সম্মানটা (বড় দলগুলোর কাছ থেকে) অর্জন করে নিয়েছি।’ গ্রুপ পর্বে স্পেনের পরে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে কেপ ভার্ডে। সৌদি আরব এবং উরুগুয়েকে পেছনে ফেলে তারা অপরাজিত থেকেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে। সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি কঠিন পরীক্ষা তাদের অপেক্ষা করছে, বিষয়টি অনুভব করছেন বুবিস্তা। পাশাপাশি তিনি আত্মবিশ্বাসীও।
আরও পড়ুন: মুখ্যসচিব: ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ
তিনি বলেন, ‘আমরা জানি, এটা খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। তবে আমাদের অবশ্যই সেরাটা খেলতে হবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ খুঁজতে হবে।’ কেপ ভার্ডের কোচের মতে, শক্ত রক্ষণই দলের অন্যতম ভরসা। যদিও শুধু রক্ষণের উপর আটকে থাকলে চলবে না, সুযোগ মিললে আক্রমণেও যেতে হবে। ‘পুরো ম্যাচজুড়ে আমরা চাই খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখুক। এটা সব সময় সহজ নয়, তবে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা দেখিয়েছি যে কঠিন পরিস্থিতিতেও ভালো খেলতে পারি।’
আফ্রিকার কিছু দল শেষ সময়ে গোল হজম করে বিদায় নেওয়ার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। তাই শেষ বাঁশি পর্যন্ত একই মানসিকতা ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করি। অনেকেই মনে করেন যে যখন এক দল স্পষ্ট ফেভারিট, তখন অন্য দল হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা সেটা করতে মাঠে নামছি না।’
আর্জেন্টিনা-কেপ ভার্ডে ম্যাচের বিজয়ী দলের সামনে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া এবং মিশরের মধ্যকার ম্যাচের জয়ী দলের সাথে মোকাবিলা করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন