০৭:৩৩ পি.এম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিলো। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু আপাতত তার শারীরিক অবস্থার উন্নতির খবর এসেছে অভিনেত্রীর-এর বক্তব্যে। পুনম জানিয়েছেন, তিনি আগের তুলনায় এখন অনেকটা সুস্থ বোধ করছেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। পুনমের অসুস্থতার খবর প্রকাশ হয়েছে এমন একটি পরিস্থিতিতে, যখন ‘সিন অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-কে ঘিরে চলছে প্রবল অস্থিরতা। বর্তমানে এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন পুনম। সিআইএনটিএএ, হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এটি শিল্পীদের অধিকার ও কল্যাণ, কর্মক্ষেত্রের পরিবেশ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে কাজ করছে তাদের স্বার্থ রক্ষায়। সম্প্রতি সংগঠনটির আটজন নির্বাচিত সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ হলো, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের মতো সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। দাবি করা হয়েছে, সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুনম ও সহসভাপতি পদ্মিনী কোল্হাপুরের হাতে কেন্দ্রীভূত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিং জানিয়েছেন, বর্তমানে মোট ১১ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি পুনম ও পদ্মিনীর বিরুদ্ধে পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উত্থাপন করা হয়েছে। এমনকি সংগঠনের সরকারি যোগাযোগ ব্যক্তিগত ই-মেইল ঠিকানা থেকে পরিচালনার বিষয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু পুনম সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তাকে এবং পদ্মিনী কোল্হাপুরকে নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো অত্যন্ত কুরুচিকর এবং অপমানজনক। প্রয়োজনে তিনি মানহানির অভিযোগ করে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও বিবেচনা করেছেন। সংগঠনকে কেন্দ্র করে চলমান এই বিরোধ পুনমকে ব্যক্তিগতভাবে যথেষ্ট আঘাত করেছে বলেও জানিয়েছেন। পুনম তার কথায় বলেছেন, গত দেড় বছরে একাধিকবার কার্যনির্বাহী কমিটি থেকে সরে যাওয়ার কথা তার মাথায় আসে। তবে কয়েক দশকের চলচ্চিত্রজীবনে তার নিজস্ব সম্মান, সততা ও আত্মমর্যাদাকেই বরাবর তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন