মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫১ এম
কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।
প্রশাসনের এই সাঁড়াশি অভিযানে এলাকার অবৈধ মাটি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। এর ফলে আশপাশের ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছিল। সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধ মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজার ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বিজয়-২৪ হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর করেছেন। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি, যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের অফিস রুমে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার দুই কর্মচারী হলেন হলের এমএলএসএস মো. ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান।
সূত্রে জানা গেছে, রাফির একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার হল প্রভোস্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছিল। তবে রোববার পর্যন্ত ওই কার্ডটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। এই বিষয়টি নিয়ে কর্মচারীদের সঙ্গে তার বিরোধের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। আহত কর্মচারী মো. ময়নুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান বলেন, "ঘটনার দিন আমি ও ময়নুল দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় ছাত্রদল নেতা রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হন এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। আমি তাকে বাঁচাতে গেলে রাফি আমাকেও আঘাত করেন।"
অন্যদিকে, ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি অভিযোগ অস্বীকার করে বলেন, "হলের কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান ও ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে গেলেও যথাসময়ে সমাধান পান না। এর ধারাবাহিকতায় আমার একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার প্রভোস্ট স্বাক্ষর করার পরও রোববার পর্যন্ত বিভাগে পাঠানো হয়নি। পরে এ বিষয়ে জানতে চাইলে সঙ্গে সঙ্গেই কার্ডটি দিয়ে দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "হলের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জবাবদিহি চাইতে আমি ও অন্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এ সময় এক শিক্ষার্থী সার্টিফিকেটে স্বাক্ষরের জন্য প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছিলেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়ায় এখন আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"
রাফি দাবি করেন, "সেখানে হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারবেন, সেখানে কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেনি।"
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার জানান, "আমরা আহত কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং কিছু ওষুধ সরবরাহ করেছি। পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। হল প্রভোস্টকে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। হল প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশিদ বলেন, "ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে অবহিত করা হয়েছে। প্রক্টরও ঘটনাস্থলে এসেছিলেন। হলের পক্ষ থেকে আগামীকাল একটি সভা ডাকা হয়েছে। সভায় তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "এখানে দুটি বিষয় রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। প্রকৃত ঘটনা কী, তা আমরা এখনই বলতে পারছি না। কারণ, ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। যাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তিনি লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।"
আহত কর্মচারীর শারীরিক অবস্থার বিষয়ে প্রভোস্ট বলেন, "আমি তার খোঁজখবর নিয়েছি। তিনি হাসপাতালে রয়েছেন। বর্তমানে তার ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসক আসার পর তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের উত্তরাখণ্ডে একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে যাত্রীবাহী একটি বাসের আটজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগগামী বাসটি সেতু থেকে গভীর খাদে পড়ে যায়। পরে বাসটি নিচে বয়ে চলা খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ সদস্যরাও উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।
দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত দল পাঠানো হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে যে নদীখাতের পাথরের মধ্যে এখনও কেউ আটকে থাকতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের রাউজানে সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর চট্টগ্রাম-রাঙমাটি সড়কের রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সর্তারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন লাগায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও উঠে আসে। পরে একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে রাউজান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে হাজির হন। পুলিশ এবং স্থানীয় নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
এদিকে, স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে।
স্থানীয় যুবদল নেতা শাহাজান সাহিল ও শাহাদাত মিজা জানান, দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে গাড়িতে করে পালিয়ে যায়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় যুবদলের নেতাকর্মীরাও এগিয়ে আসেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন। তিনি মন্তব্য করেন, "যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ঘটনা ঘটিয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তরের শীতপ্রধান জেলা পঞ্চগড় হিমালয়ের হিমেল বাতাসে কাঁপছে। জনপদটি হালকা কুয়াশা ও মেঘের চাদরে ঢাকা পড়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল ১০টা বাজলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সূর্যের দেখা নেই।
আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন সাধারণ মানুষের চলাচলে প্রভাব ফেলেছে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সূর্যের অভাবে দিনের বেলাতেও স্বাভাবিক উষ্ণতা অনুভূত হচ্ছে না।
তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী রবিউল সময় সংবাদকে জানান, "গতকালের তুলনায় আজকে হঠাৎ তাপমাত্রা পরিবর্তন হয়ে গেছে। সকাল থেকে ঠান্ডা বাতাসের অনুভূতি অনেকটাই বেড়ে গেছে। দেখা নেই সূর্যের।"
জুয়েল নামে আরেকজন সময় সংবাদকে বলেন, "আজকের আবহাওয়ায় মনে হচ্ছে শীত জেঁকে বসেছে। আজকের সকাল থেকে গরম কাপড় ছাড়া থাকা যাচ্ছে না।"
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেন্দ্র নাথ রায় সময় সংবাদকে জানান, "আজ মঙ্গলবার সকাল ছয়টায় ১৮ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও, সকাল ৯টায় ১ ডিগ্রি কমে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ