প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বিজয়-২৪ হলের দরজা বন্ধ করে দুই কর্মচারীকে মারধর করেছেন। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি, যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের অফিস রুমে এই মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার দুই কর্মচারী হলেন হলের এমএলএসএস মো. ময়নুল ইসলাম এবং সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান।
সূত্রে জানা গেছে, রাফির একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার হল প্রভোস্টের স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছিল। তবে রোববার পর্যন্ত ওই কার্ডটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়নি। এই বিষয়টি নিয়ে কর্মচারীদের সঙ্গে তার বিরোধের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। আহত কর্মচারী মো. ময়নুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সিনিয়র অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান বলেন, "ঘটনার দিন আমি ও ময়নুল দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় ছাত্রদল নেতা রাফি হঠাৎ ময়নুলের ওপর চড়াও হন এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ঘুষি মারেন। আমি তাকে বাঁচাতে গেলে রাফি আমাকেও আঘাত করেন।"
অন্যদিকে, ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি অভিযোগ অস্বীকার করে বলেন, "হলের কম্পিউটার অপারেটর মো. মারুফুর রহমান ও ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে গেলেও যথাসময়ে সমাধান পান না। এর ধারাবাহিকতায় আমার একটি অফলাইন অ্যাডমিট কার্ড বৃহস্পতিবার প্রভোস্ট স্বাক্ষর করার পরও রোববার পর্যন্ত বিভাগে পাঠানো হয়নি। পরে এ বিষয়ে জানতে চাইলে সঙ্গে সঙ্গেই কার্ডটি দিয়ে দেওয়া হয়।"
তিনি আরও বলেন, "হলের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জবাবদিহি চাইতে আমি ও অন্য শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়েছিলাম। এ সময় এক শিক্ষার্থী সার্টিফিকেটে স্বাক্ষরের জন্য প্রায় চার ঘণ্টা অপেক্ষা করছিলেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়ায় এখন আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"
রাফি দাবি করেন, "সেখানে হল প্রভোস্ট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারবেন, সেখানে কোনো মারামারি বা হাতাহাতির ঘটনা ঘটেনি।"
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার জানান, "আমরা আহত কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং কিছু ওষুধ সরবরাহ করেছি। পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। হল প্রভোস্টকে তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। হল প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশিদ বলেন, "ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যকে অবহিত করা হয়েছে। প্রক্টরও ঘটনাস্থলে এসেছিলেন। হলের পক্ষ থেকে আগামীকাল একটি সভা ডাকা হয়েছে। সভায় তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "এখানে দুটি বিষয় রয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। প্রকৃত ঘটনা কী, তা আমরা এখনই বলতে পারছি না। কারণ, ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। যাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তিনি লিখিত অভিযোগ দিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।"
আহত কর্মচারীর শারীরিক অবস্থার বিষয়ে প্রভোস্ট বলেন, "আমি তার খোঁজখবর নিয়েছি। তিনি হাসপাতালে রয়েছেন। বর্তমানে তার ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসক আসার পর তার পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন