০১:২৮ এম
ঢাকার হাসনাবাদ ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রবিবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিকেল নাগাদ বিকল্প গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও, সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রবিবার (৭ জুন) রাতে ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: সিলেটে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ৭ নেতাকর্মী আটক
ডিপিডিসি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের একটি তার ছিঁড়ে গেলে নারায়ণগঞ্জের পূর্ব ও পশ্চিম জোনে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে শহর ও আশপাশের এলাকায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।
বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দেয়।
ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, হাসনাবাদে তার ছিঁড়ে যাওয়ার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই জোনেই বিদ্যুৎ ছিল না। বিকেলের দিকে চাহিদা কমে আসায় এবং বিকল্প পাঁচটি গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, হাসনাবাদ গ্রিডে ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত সোমবার প্রায় ১০ ঘণ্টা লোডশেডিং হতে পারে।
আরও পড়ুন: রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
তবে রোববার রাতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে ডিপিডিসি নারায়ণগঞ্জের প্রকৌশলী কামাল হোসেন বলেন, হাসনাবাদ উপকেন্দ্রটি ডিপিডিসির আওতাধীন নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতকাজ শেষ না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। সে কারণে সাময়িকভাবে লোডশেডিং অব্যাহত থাকতে পারে।
দিনভর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নগরবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য ত্রুটিতেই পুরো জেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া উদ্বেগজনক এবং এতে শিল্প প্রতিষ্ঠানসহ আবাসিক এলাকা গুলোতেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন