০৫:২৪ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ইভা (৬) নামের এক শিশু প্রাণ হারিয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের মো. সোহেল মিয়ার কন্যা।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ইভা রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মুশফিকুর রহমান রাজিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে। তার মুখ ও নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক
পাকুন্দিয়া থানার ওসি মো. হেলাল উদ্দিন (পিপিএম) দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন