ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু

চালকের আসনে থাকা কিশোর মেহেদী হাসানকে চাপা দেওয়ার অভিযোগে গ্রেফতার


চালকের আসনে থাকা কিশোর মেহেদী হাসানকে চাপা দেওয়ার অভিযোগে গ্রেফতার

রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪)। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার ফুটপাতে উঠে এসে মেহেদীকে চাপা দেয়। ঘটনাস্থলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান মেহেদী। তার বাবার নাম এরশাদুল হক এবং বাড়ি নীলফামারীর ডোমার থানার সোনারায় হাজীপাড়ায়।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির চালকের আসনে ছিল এক কিশোর। তবে মামলায় ওই কিশোরের নাম উল্লেখ করা হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়ির চালকের আসনে থাকা কিশোরটিকে আটক করে পুলিশে হস্তান্তর করে। পুলিশ তাকে হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।

পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই কিশোরকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

গুলশান থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার কিশোর গাড়ির মালিকের ছেলে। তার নাম আজান আলী শরীফ (১৭)। নাম প্রকাশ না করে পুলিশের গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, সাধারণত এ ধরনের দুর্ঘটনা ঘটলে পুলিশ গাড়ির চালককে আটক করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায়, আমরা ধরে নিয়েছি যে চালকই অভিযুক্ত। মামলায়ও শুধু ওই চালকের নাম রয়েছে। এর ভিত্তিতে ধারণা করা হয়েছে অপরাধী গাড়ির চালক, এজন্য সে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পরে যখন আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, তখন বুঝতে পেরেছি ওই কিশোরই গাড়ি চালাচ্ছিল। এরপর তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র বলছে, এ ঘটনায় করা মামলায় ওই কিশোরের নাম উল্লেখ না করে গাড়ির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা আনুমানিক ৫টার দিকে গুলশান থানাধীন বারিধারা ১ নম্বর সড়কের ১৪ নম্বর হোল্ডিংয়ের নির্মাণাধীন সাইটের বিপরীত পাশে ১৩ নম্বর বাসার সামনে ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন ভুক্তভোগী মেহেদী হাসান। এ সময় তার ডান দিক থেকে বেপরোয়া গতির একটি ডার্ক ব্লু রঙের প্রোটন প্রাইভেট কার (রেজি: নম্বর ঢাকা মেট্রো-গ-১৮-৬৬৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে মেহেদীকে চাপা দেয়। এতে সে মাথায়, বুক-পিঠের ডান পাশে, অণ্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

সংবাদ পেয়ে বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঘোষণা করেন তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনে। এ ঘটনায় মেহেদীর বড় ভাই মোক্তাদীর ইসলাম (২৮) বাদী হয়ে সড়ক পরিবহন আইনে গুলশান থানায় মামলা করেন। মামলার এজাহারে ওই কিশোরের নাম উল্লেখ না করার বিষয়ে মোক্তাদীর ইসলামের বক্তব্য জানা যায়নি। পুলিশও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেনি।

পুলিশ জানিয়েছে, ক্ষুব্ধ জনতার হাতে যাতে ওই কিশোর ‘মবের শিকার’ না হয়, সে জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে তার চাচার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

গুলশান থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোর ঢাকার গুলশান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন। আর দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি তার মায়ের নামে নিবন্ধিত।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটির চালকের আসনে কিশোরটি থাকার বিষয়টি উঠে এসেছে দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজেও। সিসিটিভির ক্যামেরার ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতে বসে থাকা মেহেদীকে চাপা দেওয়ার পর প্রাইভেট কারটি একটি সড়কবাতির পোস্টে লেগে থেমে যায়। এরপর গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে আসেন।

গাড়ির ডান পাশ অর্থাৎ চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা কিশোরকে নামতে দেখা যায়। গাড়ির অপর পাশ থেকে নামেন শার্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তি।

আশপাশের লোকজন ছুটে এলে দুজনই গাড়ির পাশে অবস্থান নেন। পরে কিশোরটিকে সেখান থেকে এক পাশে সরে যেতে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশে দেন ক্ষুব্ধ লোকজন। কিন্তু এ ঘটনায় করা মামলায় ওই কিশোরের নাম নেই।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

চালক কিশোর হলেও আসামি আরেকজন

মামলার এজাহারে বলা হয়েছে, গাড়িটির চালক আকাশ মারক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দেন। এতে তার মাথা, বুক ও পিঠে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, আকাশ মারক ঘটনার পর থেকে পলাতক। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

রাজশাহী মহানগরীর শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তাঁর দাবি, দেশ এগিয়ে যাওয়ার এ সময়ে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজশাহী শিক্ষানগরী ও শান্তির নগরী উল্লেখ করে তিনি বলেন, নগরীর শান্তি বিনষ্টের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
ছাত্রশিবিরের এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি ছাত্রদল নিয়ে কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদল বিএনপির আবেগের জায়গা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি নজরুল হুদা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, ইরানি বিমান চীনে অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নিষেধাজ্ঞার থোড়াই কেয়ার, ইরানি বিমান চীনে অবতরণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষাপটে চীনে অবতরণ করেছে ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যের ভিত্তিতে এএফপি এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে উড্ডয়ন করা মাহান এয়ারের একটি ফ্লাইট চীনের গুয়াংজুতে অবতরণ করেছে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ফ্লাইটের অবতরণের তথ্য পাওয়া যায়নি।

এই সময় বিমানটি চীনে অবতরণ করার খবর প্রকাশিত হলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিমান পরিবহন খাতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানি বিমানকে ‘ল্যান্ডিং সার্ভিস’ বা অবতরণ-সংক্রান্ত সুবিধা প্রদান করবে, তাদের ‘ডলার ব্যবস্থার বাইরে ছুড়ে দেওয়া হবে’। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে তেহরান থেকে বাগদাদ, মাসকাট ও আঙ্কারাগামী ফ্লাইট বাতিল করা হবে।

মাহান এয়ার এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারির মধ্যে চীনে ইরানি বিমানটির অবতরণ দুই দেশের মধ্যে বিমান চলাচল ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

কাযক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। আজ নিউজে দেখেছি, তাদের বিরুদ্ধে ঢাকা থেকে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদনের কাগজপত্র এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।

দুদক সূত্র জানায়, আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনের ২৭(১) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে। তার স্ত্রী আকতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে দুদক আইনের ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে বাবার সহায়তায় ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে একই ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ আরও বলেন, মামলার অনুমোদনের কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছালে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমোদনহীনভাবে সার বিক্রি, পূর্বধলায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


অনুমোদনহীনভাবে সার বিক্রি, পূর্বধলায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনুমোদনহীনভাবে সার বিক্রির অভিযোগে একটি দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটি থেকে বিভিন্ন ধরনের ৫৩ বস্তা সার জব্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা বাজারে মেসার্স মন্ডল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনহীনভাবে সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় দোকানটির প্রোপ্রাইটর আরিফুল ইসলামকে (৪৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জব্দ করা সারের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্টদের অনুমোদন নিয়ে এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। অনুমোদন ছাড়া সার বিক্রি বা মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থে সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%