সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:২৬ এম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে সৌদি আরবের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন, এমন দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই হামলার খবর এসেছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন যে, সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়ে তাইজ শহরের উপকণ্ঠের একটি বাজারে আঘাত করেছে। তিনি দাবি করেন, এতে প্রায় ৫০ জন নিহত বা আহত হয়েছেন। তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা তিনি উল্লেখ করেননি।
একটি অনলাইন বিবৃতিতে সারি বলেন, হামলায় ‘অন্যায় ও আগ্রাসীভাবে’ মানুষের রক্ত ঝরানো হয়েছে। তিনি এ হামলার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন।
আগে, হুথিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, তাইজের একটি বাজারে বিমান হামলায় ৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। সৌদি যুদ্ধবিমান ওই এলাকায় হামলা চালানোর কিছু মিনিট পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
পরবর্তী এক বিবৃতিতে হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
পরে হুথিদের একাধিক সূত্র এএফপিকে জানায়, ধারাবাহিক ওই হামলায় হুথিদের প্রায় ৩০ জন যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে ৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে তারা দাবি করে।
বর্তমানে তাইজ শহরটি ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শহরটি হুথি যোদ্ধাদের অবরোধের মধ্যে রয়েছে এবং ইয়েমেনের গৃহযুদ্ধের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ এলাকা হিসেবে এটি পরিচিত।
আল-মাসিরাহ প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, জানালার কাচ ভেঙে যাওয়া কয়েকটি যানবাহন এবং ক্ষতিগ্রস্ত গুদাম। গুদামগুলোর পণ্য ধুলার পুরু স্তরে ঢাকা ছিল।
কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে জুলাই মাসে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন এখনো ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে।
সেপ্টেম্বরে সংঘাত আরও তীব্র হয়। ওই সময় হুথিরা দ্রুতগতির অভিযান চালিয়ে বাব আল-মান্দাব প্রণালীসহ ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ।
এছাড়া, হুথিরা সৌদি আরবের জ্বালানি রপ্তানির ওপরও অবরোধ আরোপ করেছে বলে জানা গেছে। এর আগে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় সৌদি জ্বালানি রপ্তানি ইতোমধ্যেই ব্যাহত হচ্ছিল।
শনিবার সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে এগিয়ে আসা হুথিদের দুটি ড্রোন তারা প্রতিহত করেছে।
রোববার রিয়াদের স্কুলগুলো এক সপ্তাহের জন্য অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতিতে ক্লাস নেওয়ার ঘোষণা দেয়। তবে এর কারণ জানানো হয়নি। এএফপি অভিভাবকদের কাছে পাঠানো বার্তা দেখে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের যুদ্ধ শুরু হয় ২০১৪ সালে, যখন হুথিরা সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে রাজধানী সানা দখল করে নেয়। পরে তারা দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এর পরের বছর সৌদি আরবের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ করে।
তবে সৌদি আরবের সমর্থন থাকা সত্ত্বেও ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের সর্বশেষ অভিযান ঠেকাতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বিদেশি পর্যটক আগমনে গত আগস্টে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ও চীনের নাগরিকরা এই সংখ্যায় শীর্ষ অবস্থানে ছিল। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় বিদেশি পর্যটক আগমন ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি গত দুই বছরের মধ্যে কোনো একক মাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি হিসেবে চিহ্নিত হয়েছে।
রবিবার দ্য হিন্দু বিজনেসলাইন-এর প্রতিবেদনে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৬ লাখ ২৫ হাজারের কিছু বেশি। চলতি বছরের আগস্টে এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ এই বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগস্টে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশি পর্যটকের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় ৮০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতের পর্যটন খাতে একটি গুরুত্বপূর্ণ উৎসবাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২৩ সাল পর্যন্ত বিদেশি পর্যটক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ছিল অন্যতম প্রধান দেশ। বাংলাদেশ ছাড়াও, চীন থেকেও ভারতে পর্যটক আগমনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে দেখা যায়, আগস্টে চীন থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা বার্ষিক হিসাবে দ্বিগুণেরও বেশি হয়েছে, যা ৯ হাজারের বেশি।
এছাড়া, আগস্টে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ভারতে পর্যটক আগমন প্রায় ৩ শতাংশ বেড়েছে। কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকেও পর্যটক আগমনের হার বেড়েছে। এসব দেশের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে ছিল। বাংলাদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে ফেব্রুয়ারি ২০২৪-এর পর প্রথমবারের মতো আগস্টে ভারতে বিদেশি পর্যটক আগমনে দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় বিএমপির চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৯টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় দুইজন, নিয়মিত মামলায় তিনজন এবং অন্যান্য আইনে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া বরিশাল মহানগর অধ্যাদেশে চারজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করেছে বিএমপি।
বিএমপি জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে বিএমপির নির্ধারিত নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
তথ্য দেওয়ার জন্য:
☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক কর্মকাণ্ড ও মিছিলের প্রতিবাদে গাজীপুর মহানগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সাথী। বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত গাজীপুরের রাজপথে বরদাশত করা হবে না। দেশ ও জনগণের স্বার্থে স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্রের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
সমাবেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। মিছিলকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অডিও রেকর্ডের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না হলেও তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।কমিটির দাবি মামলা ছাড়া ফরেনসিক পরিক্ষা করার কোনো নিয়ম নেই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সাবেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষককের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি এবং নম্বর টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ আনা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও এক ছাত্রীর কথোপকথনের কণ্ঠসদৃশ তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে রাখা হয়।তদন্ত কমিটি অডিওগুলো পর্যালোচনা করে।
পর্যালোচনায় অডিওতে অন্য একজন শিক্ষার্থীর সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে উল্লেখ করে অডিওগুলোর সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষার জন্য পৃথকভাবে তদন্তের সুপারিশ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অডিওগুলোর ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে আরেকটি কমিটি গঠন করে। তবে শেষ পর্যন্ত অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি।
এ বিষয়ে ২০২৫ সালের বিভিন্ন প্রতিবেদনে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়ার তথ্যও প্রকাশিত হয়েছিল।
ফরেনসিক পরীক্ষা না হওয়ার বিষয়ে কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ফরেনসিক রিপোর্ট করতে হলে আগে মামলা থাকা লাগে। জীবন স্যারের নামে কোনো মামলা নেই। বিষয়টি সিন্ডিকেটকে জানানো হয়েছে—এখন কী করা দরকার, সেটি সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে মামলা ছাড়া ফরেনসিক পরীক্ষা করানোর সুযোগ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নেই।শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের লেখা রয়েছে।
পরবর্তীতে সিন্ডিকেট সভায় অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না হলেও ড. তানজিউল ইসলাম জীবনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাহলে মামলা ছাড়া কোনো ফরেনসিক করতে বলা হলো এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন কলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তিনি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ