প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে সৌদি আরবের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন, এমন দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই হামলার খবর এসেছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন যে, সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়ে তাইজ শহরের উপকণ্ঠের একটি বাজারে আঘাত করেছে। তিনি দাবি করেন, এতে প্রায় ৫০ জন নিহত বা আহত হয়েছেন। তবে নিহত ও আহতের সঠিক সংখ্যা তিনি উল্লেখ করেননি।
একটি অনলাইন বিবৃতিতে সারি বলেন, হামলায় ‘অন্যায় ও আগ্রাসীভাবে’ মানুষের রক্ত ঝরানো হয়েছে। তিনি এ হামলার পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন।
আগে, হুথিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, তাইজের একটি বাজারে বিমান হামলায় ৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। সৌদি যুদ্ধবিমান ওই এলাকায় হামলা চালানোর কিছু মিনিট পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
পরবর্তী এক বিবৃতিতে হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
পরে হুথিদের একাধিক সূত্র এএফপিকে জানায়, ধারাবাহিক ওই হামলায় হুথিদের প্রায় ৩০ জন যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে ৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে তারা দাবি করে।
বর্তমানে তাইজ শহরটি ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শহরটি হুথি যোদ্ধাদের অবরোধের মধ্যে রয়েছে এবং ইয়েমেনের গৃহযুদ্ধের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ এলাকা হিসেবে এটি পরিচিত।
আল-মাসিরাহ প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, জানালার কাচ ভেঙে যাওয়া কয়েকটি যানবাহন এবং ক্ষতিগ্রস্ত গুদাম। গুদামগুলোর পণ্য ধুলার পুরু স্তরে ঢাকা ছিল।
কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে জুলাই মাসে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেন এখনো ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে।
সেপ্টেম্বরে সংঘাত আরও তীব্র হয়। ওই সময় হুথিরা দ্রুতগতির অভিযান চালিয়ে বাব আল-মান্দাব প্রণালীসহ ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ।
এছাড়া, হুথিরা সৌদি আরবের জ্বালানি রপ্তানির ওপরও অবরোধ আরোপ করেছে বলে জানা গেছে। এর আগে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় সৌদি জ্বালানি রপ্তানি ইতোমধ্যেই ব্যাহত হচ্ছিল।
শনিবার সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে এগিয়ে আসা হুথিদের দুটি ড্রোন তারা প্রতিহত করেছে।
রোববার রিয়াদের স্কুলগুলো এক সপ্তাহের জন্য অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতিতে ক্লাস নেওয়ার ঘোষণা দেয়। তবে এর কারণ জানানো হয়নি। এএফপি অভিভাবকদের কাছে পাঠানো বার্তা দেখে এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের যুদ্ধ শুরু হয় ২০১৪ সালে, যখন হুথিরা সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে রাজধানী সানা দখল করে নেয়। পরে তারা দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
এর পরের বছর সৌদি আরবের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ করে।
তবে সৌদি আরবের সমর্থন থাকা সত্ত্বেও ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের সর্বশেষ অভিযান ঠেকাতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন