০৩:০৮ পি.এম
পশ্চিমা নিষেধাজ্ঞা ও একঘরে করার কৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর সাথে বাণিজ্য ও পর্যটন সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে রাশিয়া। এই প্রেক্ষাপটে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক দেশ মালয়েশিয়ার সাথে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে জোরালো আলোচনা শুরু করেছে মস্কো। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কূটনৈতিক ও বাণিজ্যিক অগ্রগতির খবর নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রুশ বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মস্কো এবং কুয়ালালামপুরের মধ্যে সরাসরি আকাশপথ চালু করার লক্ষ্যে দুই দেশের পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় যোগাযোগ ও সমঝোতা আলোচনা চলছে। চলতি বছরের মে মাসে পর্যটক প্রবাহ কম থাকার কারণে একটি চার্টার ফ্লাইট কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশই নতুন উদ্যমে এই বিমান রুট চালুর বিষয়ে অত্যন্ত আগ্রহী।
রাশিয়ার অন্যতম বিমান সংস্থা ‘রেড উইংস’ ২০২৭ সালের গ্রীষ্মকাল নাগাদ মস্কো থেকে মালয়েশিয়ার বিশ্বখ্যাত পর্যটন দ্বীপ ল্যাংকাউইতে সরাসরি চার্টার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ট্যুর অপারেটরদের অংশীদারিত্বে এই ফ্লাইট চালুর অনুমোদন ইতোমধ্যে সংস্থাটির হাতে রয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার দাবি, গত রাতে ইউক্রেনের ১ সহস্রাধিক ড্রোন ভূপাতিত
গত অক্টোবর মাসে মালয়েশিয়ার পর্যটনমন্ত্রী দাতো শ্রী তিয়ং কিং সিং রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘অ্যারোফ্লট’-এর সাথে বৈঠক করে মস্কো ও সেন্ট পিটার্সবার্গ থেকে কুয়ালালামপুরের পাশাপাশি পূর্ব মালয়েশিয়ার সাবাহ প্রদেশের কোটা কিনাবালু এবং তাওয়াউ রুটেও সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন।
রাশিয়ার তীব্র শীতের মৌসুমে রুশ পর্যটকদের কাছে মালয়েশিয়া একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হয়। সরাসরি ফ্লাইট চালু হলে, দুই দেশের মধ্যে কেবল পর্যটকের সংখ্যা বাড়বে না, বরং দ্বিপাক্ষিক বাণিজ্য, শিক্ষা ও জ্বালানি খাতেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলোতেও দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ ও সরাসরি বিমান যোগাযোগ দ্রুত চালুর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। সব ঠিকঠাক থাকলে এবং বাণিজ্যিক চুক্তিগুলো চূড়ান্ত হলে, অচিরেই মস্কো ও কুয়ালালামপুরের আকাশপথে সরাসরি সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে। সূত্র: তাস।
আরও পড়ুন: সানায় সৌদী বাহিনীর বিমান হামলা, রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন